
সাফ চ্যাম্পিয়নশিপের ফাইনালে ফেরার দীর্ঘ ২১ বছরের অপেক্ষা আরও দীর্ঘায়িত হলো বাংলাদেশের। শনিবার (১৪ নভেম্বর) ঢাকার জাতীয় স্টেডিয়ামে অনুষ্ঠিত দ্বিতীয় সেমিফাইনালে পাকিস্তানের কাছে ১-০ গোলে হেরেছে স্বাগতিকরা। ম্যাচের নির্ধারিত সময়ের শেষ দিকে গোল হজম করে ফাইনালের স্বপ্নভঙ্গ হয় হামজা চৌধুরী ও তার সতীর্থদের।
ম্যাচের শুরু থেকেই বাংলাদেশ বলের নিয়ন্ত্রণে এগিয়ে থাকলেও কাঙ্ক্ষিত গোলের দেখা পায়নি। প্রথমার্ধে রাকিব হোসেন গোলের সবচেয়ে বড় সুযোগটি তৈরি করেছিলেন। শমিত সোমের হেড থেকে বল পেয়ে রাকিবের জোরালো শট পাকিস্তানের গোলরক্ষক রুখে দেন। ফিরতি বলটিও পোস্টে লেগে ফিরে আসলে গোলবঞ্চিত হয় বাংলাদেশ। অন্যদিকে পাকিস্তানের আব্দুস সামাদের একটি শটও পোস্টে লেগে ফিরে এসেছিল।
দ্বিতীয়ার্ধের চিত্রও ছিল প্রায় একই। ৫৬ মিনিটে বাংলাদেশের বলের দখল ছিল ৬৯ শতাংশ, বিপরীতে পাকিস্তানের ছিল ৩১ শতাংশ। এত আধিপত্য সত্ত্বেও পাকিস্তানের জমাট রক্ষণভাগ ভাঙতে ব্যর্থ হয় বাংলাদেশ। ৭৬ মিনিটে পাকিস্তান একটি বিপজ্জনক ফ্রি কিক পায়, যা থেকে আদিল নবীর নেওয়া শট বাংলাদেশের গোলরক্ষক মেহেদী হাসান শ্রাবণ প্রতিহত করেন।
ম্যাচ যখন অতিরিক্ত সময়ের দিকে গড়াচ্ছিল, ঠিক তখনই ৮৫ মিনিটে আব্দুল সামাদ গোল করে পাকিস্তানকে এগিয়ে দেন। শ্রাবণ তার শক্তিশালী নিচু শটটি আটকাতে ব্যর্থ হন। ম্যাচের বাকি সময় বাংলাদেশ সমতায় ফেরার মরিয়া চেষ্টা চালালেও আর কোনো গোল করতে পারেনি। এই জয়ের ফলে পাকিস্তান ফাইনালে ভারতের মুখোমুখি হবে, যারা প্রথম সেমিফাইনালে ভুটানকে ২-১ গোলে হারিয়ে আগেই ফাইনাল নিশ্চিত করেছিল।
আপনার মতামত লিখুন :