
সিকিমের ভারত-চীন সীমান্তে একটি রহস্যময় বিমানের গতিবিধি নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে। গত ১২ নভেম্বর চীনের দিক থেকে উড়ে আসা বিমানটি ভারতীয় আকাশসীমায় দীর্ঘ সময় ধরে চক্কর কাটে। সূত্রের বরাত দিয়ে জানা যায়, বিমানটি অন্তত ২০ থেকে ২৫ মিনিট ধরে ভারতের আকাশসীমায় অবস্থান করে।
ঘটনার দিন সকাল ৮টার দিকে ২৫ হাজার ফুট উচ্চতায় বিমানটির উপস্থিতি ভারতীয় বিমানবাহিনীর রাডারে ধরা পড়ে। বিমানবাহিনীর পক্ষ থেকে বারবার রেডিয়ো বার্তার মাধ্যমে সতর্ক করা হলেও এবং অবিলম্বে আকাশসীমা ত্যাগ করার নির্দেশ দেওয়া হলেও বিমানটি তা মানেনি। ভারতীয় বিমানবাহিনী এই ঘটনার বিষয়ে আনুষ্ঠানিকভাবে কোনো মন্তব্য করেনি।
নিরাপত্তা বিশ্লেষকদের মতে, এই বিষয়টি কেবল আকাশসীমা লঙ্ঘনের মধ্যেই সীমাবদ্ধ নয়। যে এলাকায় বিমানটিকে দেখা গেছে, সেখান থেকে শিলিগুড়ি করিডোরের ওপর নজরদারির সুযোগ রয়েছে। উত্তর-পূর্ব ভারতের রাজ্যগুলোর সঙ্গে মূল ভূখণ্ডের সংযোগ রক্ষাকারী এই করিডোরটি কৌশলগত দিক থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ। ফলে এই বিমান-রহস্য ভারতের পূর্বাঞ্চলীয় প্রতিরক্ষা ব্যবস্থার জন্য বড় উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে। বর্তমানে এই ঘটনা নিয়ে আরও তথ্য সংগ্রহের চেষ্টা চলছে।
আপনার মতামত লিখুন :