Facebook Twitter Instagram YouTube

ব্যাংকে না গিয়েই মিলবে ৫০ হাজার টাকা পর্যন্ত জামানতবিহীন ই-ঋণ


প্রকাশের সময় : নভেম্বর ১৫, ২০২৬, ২:০২ অপরাহ্ণ / ০
ব্যাংকে না গিয়েই মিলবে ৫০ হাজার টাকা পর্যন্ত জামানতবিহীন ই-ঋণ

গ্রাহকদের জন্য ব্যাংকে না গিয়েই সর্বোচ্চ ৫০ হাজার টাকা পর্যন্ত জামানতবিহীন ঋণ নেওয়ার সুবিধা জোরদার করছে বাংলাদেশ ব্যাংক। সম্পূর্ণ ডিজিটাল উপায়ে স্বল্প সুদে এই ঋণ গ্রহণ করতে পারবেন সুবিধাভোগীরা। বিশেষ করে ব্যাংকিং সুবিধার বাইরে থাকা প্রান্তিক জনগোষ্ঠী, নারী উদ্যোক্তা, শিক্ষার্থী ও প্রতিবন্ধী ব্যক্তিদের এই ঋণ দেওয়ার ক্ষেত্রে অগ্রাধিকার রাখা হয়েছে।

কেন্দ্রীয় ব্যাংকের হালনাগাদকৃত ‘ই-ঋণ’ পুনঃঅর্থায়ন স্কিমের আওতায় এ সুবিধা দেওয়া হচ্ছে। গত ৯ নভেম্বর এই বিষয়ে একটি সার্কুলার জারি করে দেশের সব তফসিলি ব্যাংককে প্রয়োজনীয় নির্দেশনা পাঠিয়েছে বাংলাদেশ ব্যাংক। নতুন এই নির্দেশনার ফলে স্কিমটির মেয়াদ বাড়িয়ে ২০২৮ সালের ৩০ জুন পর্যন্ত নির্ধারণ করা হয়েছে।

বাংলাদেশ ব্যাংকের প্রকাশিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, ইন্টারনেট ব্যাংকিং, মোবাইল ব্যাংকিং অ্যাপ, মোবাইল আর্থিক সেবা (এমএফএস) এবং ই-ওয়ালেটের মতো বিভিন্ন ডিজিটাল মাধ্যমে গ্রাহকরা ঋণের আবেদন ও টাকা গ্রহণ করতে পারবেন। পুরো ঋণ প্রক্রিয়াটিই সম্পন্ন করা হবে ডিজিটাল প্রযুক্তি ব্যবহার করে।

প্রস্তাবিত এই স্কিমের শর্ত অনুযায়ী, একজন গ্রাহক সর্বোচ্চ ১২ মাস মেয়াদের জন্য সর্বোচ্চ ৫০ হাজার টাকা জামানতবিহীন ঋণ নিতে পারবেন। গ্রাহক পর্যায়ে এই ঋণের বার্ষিক সর্বোচ্চ সুদ বা মুনাফার হার নির্ধারণ করা হয়েছে ৯ শতাংশ। অন্যদিকে, যেসব ব্যাংক এই কার্যক্রমে অংশ নেবে, বাংলাদেশ ব্যাংক তাদের বার্ষিক ১ শতাংশ সুদে পুনঃঅর্থায়ন সুবিধা দেবে।

ই-ঋণ বিতরণে ব্যাংকিং সেবার বাইরে থাকা প্রান্তিক ও দূরবর্তী প্রত্যন্ত অঞ্চলের বাসিন্দাদের প্রাধান্য দেওয়া হবে। এর পাশাপাশি প্রান্তিক নারী, অতিক্ষুদ্র ও ক্ষুদ্র নারী উদ্যোক্তা, ১৮ থেকে ২৫ বছর বয়সী স্টুডেন্ট ব্যাংকিং হিসাবধারী শিক্ষার্থী, বিশেষ চাহিদাসম্পন্ন ব্যক্তি, প্রতিবন্ধী জনগোষ্ঠী এবং তৃতীয় লিঙ্গের গ্রাহকরা এই অগ্রাধিকার তালিকার আওতায় আসবেন।

প্রচলিত ব্যাংকিং ব্যবস্থার বাইরে থাকা মানুষদের সহজে আর্থিক সহায়তার আওতায় আনাই কেন্দ্রীয় ব্যাংকের মূল উদ্দেশ্য। বিশেষ করে জামানতের বাধ্যবাধকতার কারণে যারা সাধারণ ব্যাংক থেকে ঋণ নিতে পারেন না, এই উদ্যোগ তাদের জন্য বড় ভূমিকা রাখবে বলে মনে করছে বাংলাদেশ ব্যাংক।

বিজ্ঞপ্তিতে আশা প্রকাশ করা হয়, এই ডিজিটাল ঋণব্যবস্থা চালুর ফলে ক্ষুদ্র ঋণের সহজলভ্যতা নিশ্চিত হওয়ার পাশাপাশি প্রান্তিক জনগোষ্ঠীর আয়বর্ধক কর্মকাণ্ড ত্বরান্বিত হবে। একই সঙ্গে মোবাইল অ্যাপ ও ডিজিটাল মাধ্যমে ব্যাংকিং লেনদেনে সাধারণ মানুষের আগ্রহ এবং অভ্যাস তৈরি হবে। এতে দেশে আর্থিক অন্তর্ভুক্তি বাড়ার পাশাপাশি নগদ অর্থের ব্যবহার কমিয়ে একটি নগদবিহীন (ক্যাশলেস) সমাজ গঠনের প্রক্রিয়া গতি পাবে। মূলত অর্থনৈতিক বৈষম্য দূর করা এবং একটি অন্তর্ভুক্তিমূলক ও টেকসই আর্থিক খাত তৈরির লক্ষ্যে এই স্কিমটি হালনাগাদ করা হয়েছে।

কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Dainik Ei Din