Facebook Twitter Instagram YouTube

কয়রার উপকূলবাসীর দাবি: জলবায়ু পরিবর্তনের ক্ষতিপূরণ ও ন্যায্য অধিকার


প্রকাশের সময় : নভেম্বর ১৫, ২০২৬, ২:২৩ অপরাহ্ণ / ০
কয়রার উপকূলবাসীর দাবি: জলবায়ু পরিবর্তনের ক্ষতিপূরণ ও ন্যায্য অধিকার

বিশ্বনেতারা যখন তুরস্কের আনতালিয়াতে আয়োজিত জাতিসংঘের ৩১তম জলবায়ু সম্মেলনে (কপ-৩১) জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলা নিয়ে আলোচনা করছেন, ঠিক সেই সময়ে খুলনার কয়রা উপজেলার উপকূলীয় বাসিন্দারা তাদের ন্যায্য অধিকার আদায়ের দাবিতে সোচ্চার হয়েছেন। রোববার (১৫ নভেম্বর) সকালে কয়রা উপজেলার উত্তর বেদকাশী ইউনিয়নের শাকবাড়িয়া নদীর তীরবর্তী কাটকাটায় স্থানীয় বাসিন্দারা এক র‌্যালি ও মানববন্ধন কর্মসূচি পালন করেন।

বেসরকারি উন্নয়ন সংস্থা লিডার্সের সহযোগিতায় উপজেলা ক্লাইমেট অ্যাকশন ফোরামের আয়োজনে এই কর্মসূচিতে অংশ নেন জলবায়ুকর্মী, শিক্ষক, সাংবাদিক, সুশীল সমাজের প্রতিনিধি এবং জলবায়ু পরিবর্তনের প্রভাবে ক্ষতিগ্রস্ত শতাধিক নারী-পুরুষ। উপজেলা ক্লাইমেট অ্যাকশন ফোরামের সভাপতি রাসেল আহম্মেদের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক ফরহাদ হোসেনের সঞ্চালনায় মানববন্ধনে বক্তব্য দেন ফোরামের সহসভাপতি খাদিজা সুলতানা সাথী, সদস্য সৌমেন মুন্ডা, সুব্রত মুন্ডা, আমিনুর ইসলাম, জাকি মুজাহিদ, রমেশ চন্দ্র কয়াল, আব্দুল মান্নান, আহকামূল হক, আশা এবং রাইজ প্রকল্পের প্রজেক্ট অফিসার মো. মিজানুর রহমান।

মানববন্ধনে বক্তারা বলেন, জলবায়ু পরিবর্তনের জন্য উপকূলের দরিদ্র মানুষের দায় সবচেয়ে কম থাকলেও ভয়াবহ প্রভাব তারাই বহন করছেন। নদীভাঙনে বসতভিটা ও ফসলি জমি হারানোর পাশাপাশি লবণাক্ততার কারণে কৃষি উৎপাদন ব্যাহত হচ্ছে এবং সুপেয় পানির সংকট তীব্র আকার ধারণ করেছে। জীবিকা হারিয়ে অনেকে এলাকা ছাড়তে বাধ্য হচ্ছেন। বক্তারা প্রশ্ন তোলেন, আন্তর্জাতিক জলবায়ু সম্মেলনে দেওয়া প্রতিশ্রুতির সুফল প্রান্তিক মানুষের কাছে কতটা পৌঁছাচ্ছে?

ফোরামের সভাপতি রাসেল আহম্মেদ বলেন, জলবায়ু পরিবর্তন কোনো তাত্ত্বিক আলোচনা নয়, এটি উপকূলের প্রতিদিনের বাস্তবতা। তিনি আরও বলেন, আমরা করুণা চাই না, বরং আমাদের ন্যায্য অধিকার চাই। বক্তারা কপ-৩১ সম্মেলনে জলবায়ু অর্থায়ন, অভিযোজন এবং ক্ষয়ক্ষতি মোকাবিলার আলোচনায় উপকূলীয় জনগোষ্ঠীর সংকটকে গুরুত্ব দেওয়ার আহ্বান জানান। তাদের দাবি, শুধু প্রতিশ্রুতি নয়, ক্ষতিগ্রস্ত এলাকার জন্য সহজ শর্তে অর্থায়ন, টেকসই বেড়িবাঁধ নির্মাণ ও সংস্কার, নিরাপদ সুপেয় পানির ব্যবস্থা, জলবায়ুসহিষ্ণু কৃষি এবং বিকল্প কর্মসংস্থান নিশ্চিত করতে হবে। এছাড়া জলবায়ু ন্যায্যতা নিশ্চিত করতে উন্নত দেশগুলোর দায়িত্বশীল ভূমিকার পাশাপাশি ক্ষতিগ্রস্ত জনগোষ্ঠীর সরাসরি অংশগ্রহণ নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন তারা। কয়রার মতো ঝুঁকিপূর্ণ এলাকার মানুষের দাবি আন্তর্জাতিক জলবায়ু আলোচনায় তুলে ধরার প্রয়োজনীয়তার কথাও তুলে ধরেন বক্তারা।

কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Daily Bangladesh