Facebook Twitter Instagram YouTube

শেখ হাসিনার পুনর্বিচারের সুযোগ নেই, ভারতের পরামর্শ প্রত্যাখ্যান চিফ প্রসিকিউটরের


প্রকাশের সময় : নভেম্বর ১৫, ২০২৬, ৩:৩৯ অপরাহ্ণ / ০
শেখ হাসিনার পুনর্বিচারের সুযোগ নেই, ভারতের পরামর্শ প্রত্যাখ্যান চিফ প্রসিকিউটরের

ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পুনর্বিচার বা ‘ডি নভো ট্রায়াল’ পরিচালনা সংক্রান্ত ভারতের পরামর্শ আনুষ্ঠানিকভাবে প্রত্যাখ্যান করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর অ্যাডভোকেট মো. আমিনুল ইসলাম। রোববার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল প্রাঙ্গণে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে তিনি ট্রাইব্যুনালের আইনি অবস্থান ও বিভিন্ন মামলার সাম্প্রতিক অগ্রগতি তুলে ধরেন। আন্তর্জাতিক গণমাধ্যম ‘টেলিগ্রাফ’-এ প্রকাশিত শেখ হাসিনার পুনর্বিচার নিয়ে ভারতের অবস্থানের কঠোর সমালোচনা করে চিফ প্রসিকিউটর প্রশ্ন তোলেন, একসময় ভারত, পাকিস্তান ও বাংলাদেশে পুনর্বিচারের আইনি বিধান থাকলেও ভারত নিজেই তাদের আইন থেকে এটি বাতিল বা রিপিল করেছে। বাংলাদেশেও এ আইন বাতিল করা হয়েছে এবং পাকিস্তানেও তা নেই। নিজেরা যে আইনের চর্চা করে না, অন্য একটি দেশকে সেই ‘ডি নভো ট্রায়াল’-এর পরামর্শ তারা কীভাবে দেয়?

ভারতে শেখ হাসিনার অবস্থানের প্রসঙ্গ টেনে চিফ প্রসিকিউটর বলেন, আসামি বর্তমানে ভারতের আশ্রয়-প্রশ্রয়ে রয়েছেন। বিচার চলাকালে বা নির্দিষ্ট সময়ের মধ্যে তাকে বাংলাদেশে এসে বিচার মোকাবিলা কিংবা আপিল করার পরামর্শ না দিয়ে, নির্ধারিত সময় অতিক্রান্ত হওয়ার পর পুনর্বিচারের এই উদ্ভট বক্তব্য দেওয়া হচ্ছে, যা পুরোপুরি প্রত্যাখ্যান করা হয়েছে। তিনি উল্লেখ করেন, ১৯৭৩ সালের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইন এবং ২০১০ সালের রুলস অব প্রসিডিউর তৎকালীন আওয়ামী লীগ সরকারেরই প্রণীত। বর্তমান ট্রাইব্যুনাল কোনো আইন পরিবর্তন করেনি। দেশের প্রচলিত আইনে আপিলের স্পষ্ট বিধান থাকলেও পুনর্বিচারের কোনো সুযোগ রাখা হয়নি। আইনের বাইরে গিয়ে কাজ করার এখতিয়ার সরকার, ট্রাইব্যুনাল কিংবা চিফ প্রসিকিউটর—কারোরই নেই।

একই ব্রিফিংয়ে চিফ প্রসিকিউটর জুলাই গণ-অভ্যুত্থানকালে চট্টগ্রামে শহীদ ওয়াসিমসহ ছয়জনকে নির্বিচারে হত্যার ঘটনায় দায়ের করা মানবতাবিরোধী অপরাধ মামলার আনুষ্ঠানিক বিচার শুরুর ঘোষণা দেন। রোববার আসামিপক্ষের সময়ক্ষেপণমূলক সব আবেদন খারিজ করে সূচনা বক্তব্য প্রদান ও সাক্ষ্যগ্রহণের মাধ্যমে ট্রাইব্যুনালে এই মামলার বিচার কাজ শুরু হয়েছে। তিনি জানান, গত বছরের ১৬ জুলাই চট্টগ্রামের ঘটনায় সাবেক মন্ত্রী হাছান মাহমুদ চৌধুরী, সাবেক এমপি এ বি এম ফজলে করিম চৌধুরী, ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেল, আ জ ম নাছির উদ্দীন ও রনিসহ ২২ জন আসামির বিরুদ্ধে তদন্ত সংস্থা প্রতিবেদন দাখিল করেছিল। প্রতিবেদন পর্যালোচনার পর ফরমাল চার্জ দাখিল করা হলে গত ৭ এপ্রিল ট্রাইব্যুনাল তা আমলে নিয়ে চার্জ গঠন করেন।

তবে চার্জ গঠনের সাড়ে চার মাস পার হয়ে গেলেও আসামিপক্ষের নানা বাহানা ও অপতৎপরতার কারণে সাক্ষ্যগ্রহণ শুরু করা সম্ভব হয়নি বলে অভিযোগ করেন চিফ প্রসিকিউটর। তিনি প্রকাশ করেন, এ মামলাকে কেন্দ্র করে কোটি টাকা দাবি করা থেকে শুরু করে আসামি বাদ দেওয়ার মতো নানা বাধাবিঘ্ন সৃষ্টি করা হয়েছে। প্রতিটি ধার্য তারিখে আসামিপক্ষ কাগজপত্র না পাওয়া, আইনজীবীর অসুস্থতা, প্রিভিলেজ কমিউনিকেশন না পাওয়া কিংবা আসামি স্ট্রেচারে থাকা সংক্রান্ত নানা অজুহাতে মুলতবির আবেদন নিয়ে হাজির হয়েছে। এমনকি ফজলে করিম চৌধুরীর আইনজীবী ও স্বজনেরা জাতিসংঘসহ আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাগুলোতে ট্রাইব্যুনালের বিরুদ্ধে ভিত্তিহীন ও মিথ্যা অভিযোগ পাঠিয়েছেন।

রোববারও বিচারপ্রক্রিয়ায় আসামিপক্ষ চারটি পৃথক আবেদন জমা দিলে একটি নিষ্পত্তি করে বাকিগুলো ট্রাইব্যুনাল খারিজ করে দেন। বিদেশি আইনজীবী নিয়োগের চেষ্টার বিষয়ে চিফ প্রসিকিউটর স্পষ্ট করেন, বার কাউন্সিল অনেক আগেই বিদেশি আইনজীবী নিয়োগের আবেদন বাতিল করেছে। দেশে মনসুরুল হক চৌধুরী ও এহসানুল হক সমাজীর মতো প্রথিতযশা ফৌজদারি আইনজীবী থাকা সত্ত্বেও বিদেশি আইনজীবীর অহেতুক বাহানায় বিচার প্রক্রিয়া বিলম্বিত করার কৌশল নেওয়া হচ্ছে। এছাড়া সাক্ষীদের বিরুদ্ধে গালিগালাজের যে অভিযোগ আসামিপক্ষ এনেছে, তার বিপরীতে সাক্ষীরাও আসামিপক্ষের থেকে সরাসরি হুমকির পাল্টা অভিযোগ তুলেছেন।

এদিকে রোববার ফজলে করিম চৌধুরীর মামলার কার্যক্রম সরজমিনে পর্যবেক্ষণ করতে ট্রাইব্যুনালে উপস্থিত ছিলেন ফ্রান্সের আদালতের প্র্যাকটিসিং আইনজীবী ও মানবাধিকার কর্মী মিস হেলেন। চিফ প্রসিকিউটর তাকে ট্রাইব্যুনালের সার্বিক বিচারিক পরিবেশ এবং হাজতখানার পাশে আসামিদের সুবিধার্থে প্রস্তুত রাখা গোপন পরামর্শকক্ষ (প্রিভিলেজ কমিউনিকেশন রুম) ঘুরিয়ে দেখান। তিনি জানান, ট্রাইব্যুনালের স্ট্যান্ডিং অর্ডার অনুযায়ী আসামিরা আদালতের পূর্বানুমতি ছাড়াই দরজা বন্ধ করে আইনজীবীদের সঙ্গে যতক্ষণ ইচ্ছা আলোচনা করতে পারেন। এছাড়া নথি সরবরাহের পরও ঘাটতি থাকলে সরাসরি চিফ প্রসিকিউটরের কার্যালয় থেকে নকল নেওয়ার সুযোগ রয়েছে। এসব ব্যবস্থা দেখে মিস হেলেন আশ্বস্ত হন যে আসামিপক্ষ উদ্দেশ্যপ্রণোদিতভাবে মুলতবির আবেদন করে বিচার বিলম্বিত করছে।

সংবাদ সম্মেলনে চিফ প্রসিকিউটর আরও জানান, জুলাই গণ-অভ্যুত্থানে ঘটে যাওয়া মানবতাবিরোধী অপরাধের তদন্ত কার্যক্রম এখন জেলা পর্যায়ে বিস্তৃত করা হচ্ছে। এই প্রক্রিয়ার অংশ হিসেবে আগামী বুধবার যশোর জেলা থেকে মাঠপর্যায়ের আনুষ্ঠানিক তদন্ত কার্যক্রম শুরু হবে। জেলা পর্যায়ে এই তদন্ত ছড়িয়ে পড়ায় সারা দেশে জুলাই হত্যাকাণ্ডে যুক্ত ব্যক্তিদের সনাক্ত ও বিচারের মুখোমুখি করা আরও সহজতর হবে।

কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Manab Zamin