
প্রশাসনিক কার্যাবলিতে গতিশীলতা আনতে দেশে নতুন দুটি থানা ও দুটি পৌরসভা গঠনের চূড়ান্ত অনুমোদন দিয়েছে জাতীয় প্রশাসনিক পুনর্বিন্যাস সংক্রান্ত বাস্তবায়ন কমিটি (নিকার)। একই বৈঠকে একটি থানার নাম পরিবর্তনসহ দুটি উপজেলার প্রশাসনিক সদর দপ্তর স্থানান্তরের সিদ্ধান্তও নেওয়া হয়েছে। সোমবার (১৬ নভেম্বর) অনুষ্ঠিত নিকারের বৈঠকে এসব প্রস্তাবের অনুমোদন দেওয়া হয় বলে জানান প্রধানমন্ত্রীর ডেপুটি প্রেস সেক্রেটারি মোস্তফা জুলফিকার হাসান।
অনুমোদিত সিদ্ধান্ত অনুযায়ী, কক্সবাজার জেলার চকরিয়া থানাকে বিভক্ত করে মাতামুহূরী উপজেলার কোনাখালী ইউনিয়নের বটতলী এলাকায় ‘মাতামুহূরী থানা’ স্থাপন করা হচ্ছে। এছাড়া বগুড়া জেলার শিবগঞ্জ থানাকে বিভক্ত করে নতুন সৃষ্ট মোকামতলা উপজেলায় ‘মোকামতলা থানা’ গঠনের অনুমোদন দেওয়া হয়েছে। একইসঙ্গে বগুড়ার এই মোকামতলা উপজেলায় ‘মোকামতলা’ পৌরসভা এবং সিলেটের জৈন্তাপুর উপজেলায় ‘জৈন্তাপুর’ পৌরসভা গঠনের প্রস্তাবও অনুমোদন লাভ করেছে।
অন্যদিকে, ময়মনসিংহের নবগঠিত দক্ষিণ গফরগাঁও উপজেলার নামের সঙ্গে সঙ্গতি রেখে সেখানকার ‘পাগলা’ থানার নাম পরিবর্তন করে ‘দক্ষিণ গফরগাঁও থানা’ রাখা হয়েছে। প্রশাসনিক কার্যালয় স্থানান্তরের অংশ হিসেবে লক্ষ্মীপুর সদর উপজেলা ভেঙে গঠিত নতুন ‘চন্দ্রগঞ্জ’ উপজেলার সদর দপ্তর মটবী ও চরচামিতা মৌজার বদলে হাজিরপাড়া ইউনিয়নের ১৬৩ নম্বর উত্তর চন্দ্রপুর ও ১৬৬ নম্বর হাজিরপাড়া মৌজায় স্থাপনের অনুমোদন মিলেছে। পাশাপাশি কুমিল্লার মুরাদনগর উপজেলা থেকে আলাদা হওয়া ‘বাঙ্গরা’ উপজেলার প্রশাসনিক সদর দপ্তর খামারগ্রাম মৌজা থেকে সরিয়ে বাঙ্গরা পূর্ব ইউনিয়নের ৪০ নম্বর দক্ষিণ বাঙ্গরা মৌজায় নেওয়ার সিদ্ধান্ত হয়েছে।
নিকারের এই সিদ্ধান্তের মধ্যে নতুন থানা প্রতিষ্ঠা ও বিদ্যমান থানার নাম রূপান্তরের উদ্যোগ নিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। অপরদিকে পৌরসভা গঠন ও উপজেলার নতুন প্রশাসনিক কার্যালয় স্থানান্তরের প্রক্রিয়া পরিচালনা করছে স্থানীয় সরকার বিভাগ।
আপনার মতামত লিখুন :