Facebook Twitter Instagram YouTube

মস্কো থেকে কলকাতা: কামরুল হাসানের স্মৃতিকথায় শহর ও জীবনের কথা


প্রকাশের সময় : নভেম্বর ১৬, ২০২৬, ১:১১ অপরাহ্ণ / ০
মস্কো থেকে কলকাতা: কামরুল হাসানের স্মৃতিকথায় শহর ও জীবনের কথা

মস্কোর পাবেলস্কি রেলওয়ে স্টেশনে ট্রেন আসার অপেক্ষায় বিপরীত পাশের রাস্তায় হাঁটতে হাঁটতে এক জুতা ঠিক করার ছোট দোকানে ঢুকে পড়েছিলেন আইটি প্রকৌশলী ও লেখক মোহাম্মদ কামরুল হাসান। সেখানে উইন্টার বুট মেরামত করতে দিয়ে কথা হয় প্রবীণ এক রাশিয়ান কারিগরের সঙ্গে, যিনি কমিউনিজম আমল থেকেই সেই দোকানে কাজ করে আসছেন। বাইরে বরফ পড়া আর কনকনে শীতল হাওয়ার মধ্যে বসে আনমনে পথচারীদের যাতায়াত দেখার সেই মুহূর্তটি লেখককে ফিরিয়ে নিয়ে যায় অতীত স্মৃতির ভিড়ে। রাশিয়ার পাবেলস্কি স্টেশন ছাড়াও পুরাতন দিল্লির পাহাড়গঞ্জ, চীনের শেনঝেন কিংবা পশ্চিমবঙ্গের শিয়ালদহ রেলওয়ে স্টেশনের সঙ্গে জড়িয়ে রয়েছে তাঁর জীবনের নানা গল্প।

স্মৃতিকথায় লেখক জানান, প্রায় ত্রিশ বছর আগে বনগাঁ থেকে একটি ট্রেনে শিয়ালদহ স্টেশনে যখন তিনি নামেন, তখন বিকেল গড়িয়ে গেছে। পকেটে টাকা না থাকায় হোটেলে ওঠার সুযোগ ছিল না, জানা ছিল না নির্দিষ্ট কোনো গন্তব্যও। বাড়ি ছাড়ার পর বিভিন্ন জায়গায় থাকা ও কাজ করার অভিজ্ঞতা থেকে তাঁর জানা ছিল, আশ্রয় না মিললে অন্তত মসজিদের বারান্দায় রাত কাটানো যায়। সেই খোঁজে হাঁটতে হাঁটতে তিনি পৌঁছে যান কলকাতার রাজাবাজার এলাকায়। সেখানে সরু গলির ভেতরে একটি পুরোনো দালান ও মসজিদ দেখতে পান, যেখানে এশার নামাজের পর ঠাঁই পেয়েছিলেন তিনি। মূলত বিহারি অধ্যুষিত সেই এলাকায় ঘরের রুম ছোট এবং সদস্য বেশি হওয়ায় অনেকেই রাতে বাইরে খাটিয়া পেতে ঘুমাতেন।

ফজরের আজানে ঘুম ভাঙার পর রাস্তার ধারের কলে তৃপ্তির সঙ্গে গোসল সেরে ফ্রেশ হয়ে রাস্তায় বেরিয়ে পড়েন তিনি। এভাবেই কলকাতার রাস্তায় ঘুরে, পাশের দোকান থেকে সামান্য খেয়ে আর মসজিদের বারান্দায় রাত কাটিয়ে কেটে যায় তাঁর কয়েকটি দিন। পরবর্তীতে কলকাতায় বিশেষ সুবিধা করতে না পেরে বনগাঁ-বেনাপোল সীমান্তবর্তী একটি গ্রামে জায়গীর মাস্টার হিসেবে শুরু করেন জীবনের নতুন অধ্যায়। সেখানে সারা দিন স্কুলের শিশুদের পড়াতেন আর অবসরে সংগৃহীত গল্পের বই পড়ে দিন কাটাতেন। তবে সেখানেও বেশিদিন থেমে থাকেননি, মনে হয়েছিল নিজের শেকড় না গেড়ে জীবনের পথে সামনে এগিয়ে যেতে হবে।

দেশ-বিদেশের বিভিন্ন প্রান্তে ঘুরে দীর্ঘ ও কষ্টকর অথচ আনন্দময় যাত্রার পর একসময় তিনি রাশিয়ার এক শহরে পৌঁছে যান। লেখকের মতে, প্রাচীন শহরগুলোর দেশ আলাদা হলেও আত্মায় অদ্ভুত এক মিল রয়েছে। কলকাতা, দিল্লি, আগ্রা, মস্কো, ভোরোনেজ, বেইজিং, কুয়ালালামপুর, সিঙ্গাপুর কিংবা মক্কা-মদিনা—প্রতিটি স্থান থেকেই তিনি জীবনের নানা শিক্ষা পেয়েছেন। তিনি মনে করেন, এসব প্রাচীন শহর প্রবীণ দার্শনিক বা অভিজ্ঞ শিক্ষকের মতো নীরবে থেকে জীবনের নানা প্রশ্নের উত্তর দিয়ে দেয়, যা পথচলার পাথেয় হয়ে থাকে।

পেশায় আইটি প্রকৌশলী মোহাম্মদ কামরুল হাসান ভ্রমণ, তথ্যপ্রযুক্তি ও বিশ্ব রাজনীতি বিষয়ক লেখার সঙ্গে যুক্ত। ‘মস্কো থেকে বিশ্বপথে’ শিরোনামের এই রচনাটি তাঁর আন্তর্জাতিক ই-বুক স্মৃতিকথা ‘মস্কো থেকে বিশ্বপথে: রাশিয়ার পতিত লাল স্বপ্ন, নয়া উত্থান ও এক শিক্ষার্থীর বৈশ্বিক স্মৃতি’ গ্রন্থ থেকে সংকলন করা হয়েছে।

কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Daily Bangladesh