Facebook Twitter Instagram YouTube

ট্রাইব্যুনালে হাজির জিয়াউল-ইনুসহ ১১ আসামি, গঠন করা হলো নিরাপত্তা বলয়


প্রকাশের সময় : নভেম্বর ১৬, ২০২৬, ১:৩৭ অপরাহ্ণ / ০
ট্রাইব্যুনালে হাজির জিয়াউল-ইনুসহ ১১ আসামি, গঠন করা হলো নিরাপত্তা বলয়

রাজধানীর মতিঝিলের শাপলা চত্বরে হেফাজতে ইসলামের মহাসমাবেশকে কেন্দ্র করে সংঘটিত গণহত্যার মামলায় গ্রেফতার ১১ জন আসামিকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে। সোমবার (১৬ নভেম্বর) সকালে কড়া নিরাপত্তার মধ্য দিয়ে তাদের আদালতে নিয়ে আসা হয়। মামলার অপর আসামি মেজর জেনারেল (অব.) জিয়াউল আহসানকে দুপুর ১২টা ১ মিনিটে ট্রাইব্যুনালে আনা হয়।

ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেলে এদিন আসামিপক্ষের শুনানির দিন ধার্য রয়েছে। এই মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ মোট আসামির সংখ্যা ৪১ জন। গত ১২ নভেম্বর চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম ৪১ আসামির বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ গঠন করে বিচার শুরুর আবেদন জানানোর পর ট্রাইব্যুনাল শুনানির জন্য আজকের দিনটি নির্ধারণ করেছিলেন।

প্রিজনভ্যান থেকে নামানোর পর ট্রাইব্যুনালের হাজতখানায় নেওয়ার সময় দীপু মনি, ফারজানা রুপা ও শাহরিয়ার কবির ছাড়া বাকি আসামিদের হাত পেছনে নিয়ে হাতকড়া পরানো ছিল। এ সময় তাদের সবাইকে বুলেটপ্রুফ জ্যাকেট ও মাথায় হেলমেট পরিয়ে রাখা হয়েছিল। হাজতখানায় নেওয়ার সময় ইনু ও লতিফ সিদ্দিকীসহ অধিকাংশ আসামির মুখমণ্ডলে গাম্ভীর্য লক্ষ্য করা গেলেও সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী শামসুল হক টুকুকে স্বাভাবিক হাসিখুশি দেখা গেছে।

ট্রাইব্যুনালে হাজির করা অপর আসামিদের মধ্যে রয়েছেন জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) সভাপতি ও সাবেক তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু, সাবেক মন্ত্রী ডা. দীপু মনি, তৎকালীন স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী শামসুল হক টুকু, তৎকালীন খাদ্যমন্ত্রী ড. আবদুর রাজ্জাক, সাবেক মন্ত্রী আবদুল লতিফ সিদ্দিকী, সাবেক আইজিপি একেএম শহীদুল হক, সাবেক ডিআইজি আবদুল জলিল মণ্ডল, ঘাতক দালাল নির্মূল কমিটির সভাপতি শাহরিয়ার কবির, ৭১ টিভির সাবেক ব্যবস্থাপনা পরিচালক মোজাম্মেল হক বাবু এবং একই প্রতিষ্ঠানের সাবেক প্রধান প্রতিবেদক ফারজানা রুপা।

প্রসিকিউশনের পক্ষ থেকে এই মামলায় দুটি অভিযোগ আনা হয়েছে। এর মধ্যে প্রথম অভিযোগে ২০১৩ সালের ৫ মে শাপলা চত্বরে ৩২ জনকে হত্যার বিষয়টি এবং দ্বিতীয় অভিযোগে ৬ মে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে ২০ জনকে হত্যাযজ্ঞের ঘটনার উল্লেখ রয়েছে।

কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Jugantor