
ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ উপজেলায় টাঙ্গন নদীর ওপর একটি সেতুর অভাবে স্বাধীনতার পর থেকে বছরের পর বছর ধরে চরম দুর্ভোগ পোহাচ্ছেন প্রায় আটটি গ্রামের ৩৫ হাজার মানুষ। উপজেলার কোষারানীগঞ্জ, খনগাঁও এবং সৈয়দপুর ইউনিয়নকে দুই ভাগে বিভক্ত করেছে এই নদ। নদীর পূর্ব পাড়ের ঘিডোব, হাবীবপুর ও অতরগাঁওসহ আট গ্রামের বাসিন্দাদের প্রতিনিয়ত জীবন ঝুঁকি নিয়ে বাঁশের সাঁকো কিংবা কলার ভেলায় নদী পার হতে হচ্ছে।
স্থানীয় সূত্রে জানা যায়, টাঙ্গন নদীর পূর্ব পারের যোগাযোগ ব্যবস্থার উন্নয়নের জন্য ইতোমধ্যে দুটি সেতু নির্মাণ করা হয়েছে, যার সুফল পাচ্ছেন সৈয়দপুর ও কোষারানীগঞ্জ ইউনিয়নের মানুষ। তবে ঘিডোব ঘাটে কোনো সেতু না থাকায় মারাত্মক বিপাকে পড়েছেন পার্শ্ববর্তী আটটি গ্রামের বাসিন্দারা। বর্ষা মৌসুমে নদীতে পানি বৃদ্ধি পেলে তাদের একমাত্র ভরসা হয়ে ওঠে কলাগাছের ভেলা। আর শুকনো মৌসুমে স্থানীয়রা নিজস্ব উদ্যোগে চাঁদা ও বাঁশ সংগ্রহ করে সাঁকো তৈরি করেন। তবে বছর ঘুরতেই সেটি নড়বড়ে হয়ে পড়ে, যা অতিক্রম করতে গিয়ে শিশু, শিক্ষার্থী, নারী, বৃদ্ধ ও কৃষকেরা প্রতিনিয়ত দুর্ঘটনার ঝুঁকিতে থাকেন।
সেতু না থাকায় নদী পারাপারের এই অবর্ণনীয় কষ্টে এলাকার কৃষি ও ব্যবসা-বাণিজ্য মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। স্থানীয় কৃষকেরা তাদের উৎপাদিত ধান, চাল, পাট, ভুট্টা, গম, আদা, মরিচ, পেঁয়াজ ও রসুনসহ নানা ধরনের কৃষিপণ্য সরাসরি পীরগঞ্জ বাজারে নিতে পারেন না। ভারী মালামাল নিয়ে সাঁকো পার হওয়া অত্যন্ত বিপজ্জনক হওয়ায় তাদের বিকল্প পথে প্রায় ৯ কিলোমিটার ঘুরে বাজারে যেতে হয়। এতে পণ্য বাজারজাতকরণে পরিবহন খরচ ও সময় দুটোই অনেক বেড়ে যাচ্ছে, যার খেসারত দিতে হচ্ছে উৎপাদকদের।
এ বিষয়ে ঘিডোব গ্রামের বাসিন্দা অনিল চন্দ্র আক্ষেপ করে জানান, দীর্ঘদিন ধরে জনপ্রতিনিধিদের দ্বারে দ্বারে ঘুরেও স্থায়ী সেতুর ব্যবস্থা হয়নি; মিলেছে কেবল আশ্বাস। একটি স্থায়ী সেতু নির্মিত হলে পীরগঞ্জ উপজেলা শহরের সঙ্গে যোগাযোগ সহজ হওয়ার পাশাপাশি শিক্ষা, চিকিৎসা, কৃষি ও স্থানীয় অর্থনীতিতে ইতিবাচক পরিবর্তন আসত। একই দাবি জানিয়ে স্থানীয় বিএনপি নেতা নুরুজ্জামান বলেন, ঘিডোব ঘাটে একটি সেতু নির্মাণ এখন অত্যন্ত জরুরি হয়ে পড়েছে, কারণ আটটি গ্রামের মানুষ দীর্ঘদিন ধরে চরম দুর্ভোগ পোহাচ্ছে।
জনদুর্ভোগ ও সেতুর দাবির বিষয়ে দৃষ্টি আকর্ষণ করা হলে পীরগঞ্জ উপজেলা প্রকৌশলী মাইদুল ইসলাম জানান, বিষয়টি গুরুত্ব সহকারে দেখা হচ্ছে। সেখানে সম্ভাব্যতা যাচাই করে সেতু নির্মাণের প্রয়োজনীয় উদ্যোগ নেওয়া হবে।
প্রকাশ : ১৬ নভেম্বর ২০২৬, ১৩: ২৬আপডেট : ১৬ নভেম্বর ২০২৬, ১৩: ৩১
আপনার মতামত লিখুন :