Facebook Twitter Instagram YouTube

মাইজভান্ডার ওরশ ঘিরে হালদার চরে ভান্ডারি মুলা চাষে ব্যস্ত কৃষকেরা


প্রকাশের সময় : নভেম্বর ১৬, ২০২৬, ২:০৭ অপরাহ্ণ / ০
মাইজভান্ডার ওরশ ঘিরে হালদার চরে ভান্ডারি মুলা চাষে ব্যস্ত কৃষকেরা

চট্টগ্রামের ফটিকছড়িতে হালদা নদীর চরাঞ্চল জুড়ে এখন শীতকালীন সবজি আবাদের কর্মমুখর পরিবেশ। কোথাও চলছে জমি তৈরি ও বীজ বপন, আবার কোথাও সবে মাথা তুলছে কচি চারা। চরাঞ্চলের এই হরেক ফসলের মধ্যে কৃষকদের আগ্রহের কেন্দ্রে রয়েছে বিশালাকৃতির ‘ভান্ডারি মুলা’। আকারে বড় এবং ওজনে ২ থেকে ৮ কেজি পর্যন্ত হওয়ায় স্থানীয়ভাবে আলাদা পরিচিতি পাওয়া এ মুলার প্রধান বাজার মূলত মাইজভান্ডার দরবার শরিফের বার্ষিক ওরশ। আগামী ২৪ জানুয়ারি (১০ মাঘ) অনুষ্ঠিতব্য এই ওরশকে লক্ষ করেই হালদার দুই পাড়ের কৃষকেরা উপযুক্ত সময় হিসাব করে খেতে ভান্ডারি মুলার আবাদ করেছেন।

উপজেলা কৃষি অফিসের তথ্যমতে, চলতি শীত মৌসুমে ফটিকছড়িতে মোট ৫৫২ হেক্টর জমিতে বিভিন্ন জাতের মুলা চাষের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে। এর মধ্যে শুধু হালদা নদীর দুই তীরের চরাঞ্চলেই ২০৭ হেক্টর জমিতে ভান্ডারি মুলা চাষের লক্ষ্য নির্ধারিত রয়েছে। বিশেষ করে নাজিরহাট পৌরসভা, সুয়াবিল ও সুন্দরপুরের হাদলা অঞ্চলের চরাঞ্চলে এর ব্যাপক আবাদ হচ্ছে। এ ছাড়া চলতি মৌসুমে পূর্ব ফরহাদাবাদ এলাকাতেও নতুন করে এই মুলার চাষ সম্প্রসারিত হয়েছে। কেবল নাজিরহাট পৌরসভা ও তার আশপাশের এলাকাতেই প্রায় ২০ হেক্টর জমিতে এবার ভান্ডারি মুলা রোপণ করা হয়েছে।

স্থানীয়ভাবে এটি ‘ভান্ডারি মুলা’ নামে পরিচিত হলেও কৃষি গবেষকদের মতে এটি মূলত জাপানি হাইব্রিড জাত ‘ট্রপিক্যাল বস’। বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট (বারি) থেকে জাতটি ‘বারি মুলা’ হিসেবে অবমুক্ত করা হয়েছে। দেশের অন্যান্য অঞ্চলে এই জাতটি চাষ হলেও হালদার চরাঞ্চলের মতো এত বড় আকার ধারণ করে না। ফটিকছড়ি উপজেলা কৃষি কর্মকর্তা আবু সালেক জানান, হালদা তীরের পলিযুক্ত মাটিতে প্রচুর পরিমাণে অণুপুষ্টি উপাদান ও অণুজীব রয়েছে। এ ছাড়া গাছের জন্য প্রয়োজনীয় পুষ্টির সহজলভ্যতার কারণেই এখানকার মাটি ও বিশেষ পরিবেশগত বৈশিষ্ট্যে মুলাগুলো অস্বাভাবিক বড় আকারের হয়ে ওঠে। ভালো ফলন নিশ্চিত করতে মাঠপর্যায়ের কৃষি কর্মকর্তারা কৃষকদের প্রয়োজনীয় পরামর্শ ও সহায়তা দিয়ে যাচ্ছেন।

ফটিকছড়ির ফুকছোয়াবিল এলাকার কৃষক সিধাম দাশ এক দশকেরও বেশি সময় ধরে হালদার চরে শীতকালীন সবজি ফলিয়ে আসছেন। এবার তিনি তিন কানি জমিতে ভান্ডারি মুলার আবাদ করেছেন। পাশাপাশি খেতে মিষ্টি আলু, বেগুন, মরিচ, টমেটো ও ধনেপাতাও রোপণ করেছেন। সিধাম দাশ জানান, এখানকার মাটিতে উৎপন্ন একেকটি মুলার ওজন ২ থেকে ৮ কেজি পর্যন্ত হয়। গত কয়েক মৌসুমে এই মুলা বিক্রি করে তিনি দেড় থেকে দুই লাখ টাকা পর্যন্ত পেয়েছিলেন। বীজ বপনের আড়াই থেকে তিন মাসের মধ্যে ফসল পরিপক্ব হয় জানিয়ে তিনি বলেন, আর প্রায় আড়াই মাস পর খেতের মুলা তোলার উপযোগী হবে। তবে একই সময়ে বাজারে অতিরিক্ত মুলা উঠে সরবরাহ বেড়ে গেলে দাম কমে গিয়ে লোকসানের আশঙ্কা থাকে। এ ছাড়া বর্ষার পানি ও প্রাকৃতিক দুর্যোগ চরাঞ্চলের ফসলে বড় ঝুঁকি তৈরি করে বলে তিনি জানান।

আরেক স্থানীয় কৃষক সুমন দাশের জন্য এই মুলা চাষের অতীত অভিজ্ঞতা বেশ আশাব্যঞ্জক। গত মৌসুমে তিনি এক কানি জমিতে ভান্ডারি মুলা চাষ করে ১ লাখ ৬০ হাজার টাকার মুলা বিক্রি করেছিলেন। উৎপাদন ও অন্যান্য খরচ বাদ দিয়ে তাঁর নিট লাভ হয়েছিল প্রায় ৮০ হাজার টাকা। তিনি জানান, ওরশের চড়া বাজার ধরতে নির্দিষ্ট সময় হিসাব করেই কৃষকদের বীজ রোপণ করতে হয়, যেন ওরশ শুরু হওয়ার আগেই মুলা খেত থেকে তুলে বাজারে নেওয়া সম্ভব হয়।

নাজিরহাট পৌরসভা ব্লকের দায়িত্বে থাকা উপজেলা সহকারী কৃষি কর্মকর্তা শরীফুল আলম জানান, প্রতিবছরের মতো এবারও মাইজভান্ডার দরবার শরিফের ২৪ জানুয়ারির ওরশ সামনে রেখেই চরাঞ্চলের কৃষকেরা চাষাবাদ করছেন। দরবার শরিফে আসা দেশের বিভিন্ন প্রান্তের হাজার হাজার ভক্ত ও দর্শনার্থী ওরশ শেষে ফেরার পথে পরিবারের জন্য এই বিশালাকৃতির মুলা কিনে নিয়ে যান। ওই সময়ে দরবারের আশপাশের সড়কগুলোতে অস্থায়ী দোকান বসিয়ে ছোট-বড় নানা আকারের মুলা সাজিয়ে বিক্রি করা হয়। তবে ১০ মাঘের ওরশ শেষ হতেই এ মুলার চাহিদা দ্রুত কমে যায়। উপজেলা কৃষি কর্মকর্তা আবু সালেক এ প্রসঙ্গে বলেন, ওরশকে কেন্দ্র করেই ভান্ডারি মুলার বিশেষ বাজারটি তৈরি হয়েছে। কিন্তু ওরশ শেষে চাহিদা কমে যাওয়ায় কৃষকদের কিছুটা বিপাকে পড়তে হয়। ফটিকছড়ির কৃষকদের অর্থনৈতিকভাবে সমৃদ্ধ করা এই মুলার ন্যায্য দাম যাতে ওরশের নির্ধারিত সময়ের পর স্বাভাবিক বাজারেও বজায় থাকে, সে বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ।

কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Daily Bangladesh