
বাংলাদেশের তৈরি পোশাক, বস্ত্র এবং পোশাকশিল্পের আনুষঙ্গিক পণ্য উৎপাদনকারী আরও ১২টি কারখানা যুক্তরাষ্ট্রের গ্রিন বিল্ডিং কাউন্সিল (ইউএসজিবিসি) থেকে লিড সনদ অর্জন করেছে। এই নতুন স্বীকৃতির মাধ্যমে দেশে লিড সনদপ্রাপ্ত পরিবেশবান্ধব বা সবুজ কারখানার মোট সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩০২টিতে। বিশ্বের অন্য যেকোনো দেশের তুলনায় বর্তমানে বাংলাদেশে সবুজ কারখানার সংখ্যা সবচেয়ে বেশি।
বাংলাদেশ অ্যাপারেল ভয়েসের দেওয়া তথ্য অনুযায়ী, নতুন সনদ পাওয়া ১২টি কারখানার মধ্যে ৯টি প্লাটিনাম এবং ৩টি গোল্ড সনদ পেয়েছে। প্লাটিনাম সনদ অর্জনকারী কারখানাগুলোর মধ্যে অ্যাডজি ট্রিমস লিমিটেড সর্বোচ্চ ৯৭ পয়েন্ট অর্জন করেছে। এছাড়াও গাজীপুরের ডি অ্যান্ড এস প্রিটি ফ্যাশনস লিমিটেড ৯১ পয়েন্ট, প্রবৃদ্ধি অ্যাপারেলস লিমিটেড ৮৮, নারায়ণগঞ্জের এফকেএল প্রিন্টিং বিল্ডিং ৮৬, গাজীপুরের এল ইউসিন ফ্যাশন লিমিটেড ৮৫ এবং চট্টগ্রামের ভিজ্যুয়াল ইকো স্টাইলওয়্যার লিমিটেড ৮৪ পয়েন্ট পেয়েছে।
প্লাটিনাম সনদ পাওয়া অপর তিনটি কারখানা হলো চট্টগ্রামের কেডিএস অ্যাপারেলস লিমিটেডের টেক্সটাইল অ্যান্ড ওয়াশিং ইউনিট, সাভারের ঢাকা রপ্তানি প্রক্রিয়াকরণ এলাকার (ডিইপিজেড) প্যাক্সার বাংলাদেশ লিমিটেড এবং গাজীপুরের বিপ্রবর্তার এক্সপো অ্যাকসেসরিজ লিমিটেড; এই তিনটি প্রতিষ্ঠানই ৮২ পয়েন্ট করে অর্জন করেছে। অন্যদিকে, নতুন গোল্ড সনদ পাওয়া তিনটি কারখানা হলো নারায়ণগঞ্জের বার্নালি কালেকশনস লিমিটেডের নিটিং ইউনিট, চট্টগ্রামের বেস্টেক বিডি লিমিটেড এবং টাঙ্গাইলের মির্জাপুরের এক্সপোর্ট বিল্ডিং-২।
আপনার মতামত লিখুন :