Facebook Twitter Instagram YouTube

খেলাপি ঋণ কমাতে রাজনৈতিক ও পরিচালকদের প্রভাবমুক্ত ব্যাংক জরুরি


প্রকাশের সময় : নভেম্বর ২২, ২০২৬, ১২:৩৬ পূর্বাহ্ণ / ০
খেলাপি ঋণ কমাতে রাজনৈতিক ও পরিচালকদের প্রভাবমুক্ত ব্যাংক জরুরি

দেশের ব্যাংক খাতে খেলাপি ঋণ ও দুর্দশাগ্রস্ত সম্পদের সংকট মোকাবিলায় কেবল দুর্দশাগ্রস্ত সম্পদ ব্যবস্থাপনা কোম্পানি (এএমসি) গঠন করাই যথেষ্ট নয় বলে জানিয়েছেন বিশেষজ্ঞরা। শনিবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় শিক্ষা অনুষদের আবদুল্লাহ ফারুক কনফারেন্স হলে ‘ড্রাফট ডিস্ট্রেসড অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানিজ ল’ শীর্ষক খসড়া আইন নিয়ে আয়োজিত এক গোলটেবিল আলোচনায় এ মত উঠে আসে। পলিসি থিংক অ্যান্ড রিসার্চ (পিটিআর) এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্যাংকিং অ্যান্ড ইনস্যুরেন্স বিভাগের যৌথ উদ্যোগে আয়োজিত এই আলোচনায় মূল প্রবন্ধ উপস্থাপন করেন আইন ও অর্থনীতিবিদ এস এম সিদ্দিকী।

আলোচনায় বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর ড. আহসান এইচ মনসুর বলেন, প্রস্তাবিত আইনটিকে শুধু দুর্দশাগ্রস্ত সম্পদ ব্যবস্থাপনার মধ্যে সীমাবদ্ধ না রেখে একে বাংলাদেশের অর্থনীতি ও ব্যাংকিং খাত পুনর্গঠনের একটি রূপরেখা হিসেবে বিবেচনা করা উচিত। তিনি ব্যাংক খাতে সুশাসন প্রতিষ্ঠা ও কেন্দ্রীয় ব্যাংকের স্বায়ত্তশাসন নিশ্চিত করার ওপর জোর দেন। এ ছাড়া তিনি ব্যাংকের সংখ্যা কমিয়ে আনা, সরকারি ব্যাংকগুলোকে বেসরকারি খাতের মানসিকতায় পরিচালনা করা এবং বেসরকারি উদ্যোক্তাদের অংশগ্রহণ উৎসাহিত করার পরামর্শ দেন। তিনি আরও বলেন, খসড়া আইনে বেসরকারি তহবিলের কথা থাকলেও সরকারি তহবিলের বিষয়টি অনুপস্থিত।

অগ্রণী ব্যাংক পিএলসির চেয়ারম্যান সৈয়দ আবু নাসের বখতিয়ার আহমেদ খেলাপি ঋণ বৃদ্ধির পেছনে রাজনৈতিক চাপ এবং ব্যাংকের শীর্ষ ব্যবস্থাপনা ও পরিচালকদের ভূমিকার কথা স্পষ্টভাবে তুলে ধরেন। তিনি বলেন, অনেক ক্ষেত্রে এসব ঋণের দায় শাখা ব্যবস্থাপনার ওপর চাপানো হয়। ঋণ বিতরণের আগে যথাযথ যাচাই-বাছাই ও গ্রাহকের পরিচিতি যাচাই (কেওয়াইসি) প্রক্রিয়া অনুসরণ এবং বিতরণের পর নিয়মিত তদারকি নিশ্চিত করা প্রয়োজন। তিনি আরও বলেন, এএমসি গঠনের ক্ষেত্রে এর মালিকানা, মূলধন কাঠামো, দক্ষ জনবল ও পরিচালন পদ্ধতি আগে থেকেই নির্ধারণ করা জরুরি। এছাড়া সম্পদ মূল্যায়নে আইনজীবী ও চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট ফার্মের দায়বদ্ধতা এবং বাট্টার হার নিয়েও তিনি প্রশ্ন তোলেন।

বাংলাদেশ ইনস্টিটিউট অব ম্যানেজমেন্টের (বিআইবিএম) সাবেক মহাপরিচালক ড. তৌফিক আহমদ চৌধুরী বলেন, বাংলাদেশের আর্থিক ব্যবস্থা মূলত ব্যাংকনির্ভর, তাই ব্যাংকিং বাজারের সঙ্গে সামগ্রিক আর্থিক বাজারের সংযোগ বাড়ানো জরুরি। তিনি স্বেচ্ছায় ব্যাংক একীভূতকরণের ওপর গুরুত্ব দিয়ে বলেন, ঋণগ্রহীতার শ্রেণি যথাযথভাবে নির্ধারণ না করে নতুন করে ঋণ পুনঃতফসিলের সুযোগ দেওয়া উচিত নয়।

বিআইবিএমের অধ্যাপক ড. প্রশান্ত কুমার ব্যানার্জী এএমসি গঠনের প্রয়োজনীয়তা নিয়ে প্রশ্ন তুলে বলেন, এএমসি গঠনের আগে বিদ্যমান আর্থিক উপকরণগুলো যথাযথভাবে কাজে লাগানোর বিষয়টি বিবেচনা করা প্রয়োজন। তিনি এ ধরনের উদ্যোগ কার্যকর করতে সক্রিয় পুঁজিবাজার গড়ে তোলার ওপর গুরুত্ব দেন।

পিটিআরের চেয়ারম্যান মো. মাজেদুল হক জাতীয় বাজেট প্রণয়নে জনমত ও আমানতকারীদের স্বার্থ উপেক্ষিত হওয়ার বিষয়টি তুলে ধরেন। তিনি নীতিগত দ্বন্দ্ব, তথ্যের অপ্রাসঙ্গিকতা এবং ঋণগ্রহীতা নির্বাচনে পক্ষপাতের বিষয়ে উদ্বেগ প্রকাশ করেন।

কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Dainik Amader Shomoy