Facebook Twitter Instagram YouTube

বাংলাদেশে ফুটবল একাডেমি গড়ার সম্ভাবনা যাচাইয়ে আর্জেন্টিনার প্রতিনিধিদল


প্রকাশের সময় : নভেম্বর ২২, ২০২৬, ৭:১৬ পূর্বাহ্ণ / ০
বাংলাদেশে ফুটবল একাডেমি গড়ার সম্ভাবনা যাচাইয়ে আর্জেন্টিনার প্রতিনিধিদল

বাংলাদেশে ফুটবল একাডেমি প্রতিষ্ঠার উদ্যোগ নেওয়ার পরিকল্পনা করছে আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন (এএফএ)। এশিয়ায় নিজেদের ফুটবল প্রশিক্ষণপদ্ধতি ছড়িয়ে দেওয়ার বৃহত্তর পরিকল্পনার অংশ হিসেবে সংস্থাটির তিন সদস্যের একটি প্রতিনিধিদল বর্তমানে বাংলাদেশে অবস্থান করছে। আজ প্রতিনিধিদলের সদস্যরা জাতীয় স্টেডিয়াম পরিদর্শন করেন।

এএফএ ইন্টারন্যাশনালের কমার্শিয়াল ডিরেক্টর মারিও মার্টিন তুলা, মেথডোলজি কো-অর্ডিনেটর নিকোলাস এবং ভারতে এএফএ একাডেমির কোচ ও স্পোর্টস ম্যানেজার অ্যালেক্স এই প্রতিনিধিদলে রয়েছেন। এর আগে তারা ভারতে এএফএর একটি একাডেমি চালুর প্রক্রিয়ায় কাজ করেছেন। বাংলাদেশে একাডেমি প্রতিষ্ঠার বিষয়ে এখনো কোনো চূড়ান্ত চুক্তি হয়নি। তবে একাডেমি কোথায় হবে, কবে কার্যক্রম শুরু হবে বা কী পরিমাণ বিনিয়োগ প্রয়োজন, তা নিয়ে তারা স্থানীয় ব্যবসায়ী, ফুটবল ফেডারেশন ও বিশ্ববিদ্যালয়গুলোর সঙ্গে কাজ করার আগ্রহ প্রকাশ করেছেন।

প্রতিনিধিদলের অন্যতম সদস্য মারিও মার্টিন তুলা জানান, তাদের মূল লক্ষ্য হলো এখানে একটি এএফএ ইন্টারন্যাশনাল একাডেমি চালু করা। এই প্রস্তাব নিয়েই তারা এসেছেন এবং স্থানীয় ব্যবসায়ীদের সঙ্গে আলোচনা করছেন। তিনি আরও জানান, বাংলাদেশে আসার পেছনে কৃতজ্ঞতাবোধও কাজ করেছে। আর্জেন্টিনা জাতীয় ফুটবল দলের প্রতি বাংলাদেশের সমর্থকদের ভালোবাসার প্রতি সম্মান জানাতেই তারা এসেছেন। এশিয়া সফরের অংশ হিসেবে ভারত ভ্রমণের সময় দলের সদস্যদের সঙ্গে আলোচনার পরই তারা বাংলাদেশে আসার সিদ্ধান্ত নেন। তুলা বলেন, বাংলাদেশে জাতীয় দলের সাত কোটির বেশি ভক্ত থাকার বিষয়টি তারা জানেন এবং তাদের ধন্যবাদ জানানোর পাশাপাশি ফুটবল ফেডারেশন ও বিশ্ববিদ্যালয়গুলোর সঙ্গে যৌথভাবে কাজ করতে আগ্রহী তারা। তবে বাংলাদেশের ফুটবলের সামগ্রিক অবস্থা সম্পর্কে বিস্তারিত না জেনে একাডেমি নিয়ে চূড়ান্ত কোনো পরিকল্পনায় যেতে চায় না এএফএ প্রতিনিধিদল।

কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Daily Bangladesh