Facebook Twitter Instagram YouTube

২০৩৫ সালের মধ্যে বিশ্বের বৃহত্তম ধর্ম হতে পারে ইসলাম


প্রকাশের সময় : নভেম্বর ২২, ২০২৬, ৮:০৬ পূর্বাহ্ণ / ০
২০৩৫ সালের মধ্যে বিশ্বের বৃহত্তম ধর্ম হতে পারে ইসলাম

পিউ রিসার্চ সেন্টারের সাম্প্রতিক এক গবেষণার পূর্বাভাস অনুযায়ী, ২০৩৫ সালের মধ্যে বিশ্বে মুসলিমদের সংখ্যা খ্রিষ্টানদের ছাড়িয়ে যাবে। সেই সময় অনুসারীর সংখ্যার দিক থেকে ইসলাম বিশ্বের সবচেয়ে বড় ধর্ম হিসেবে আত্মপ্রকাশ করবে। যদিও ইসলাম ও খ্রিষ্টান—উভয় ধর্মের অনুসারীর সংখ্যাই ভবিষ্যতে বৃদ্ধি পাবে, তবে মুসলিম জনসংখ্যা বৃদ্ধির হার হবে সবচেয়ে দ্রুত। ২০২০ থেকে ২০৭০ সাল পর্যন্ত ৫০ বছরের ব্যবধানে মুসলিমদের সংখ্যা ৮০ শতাংশ বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা রয়েছে। এই সময়ে তাদের সংখ্যা ২০২ কোটি থেকে বেড়ে ৩৬৪ কোটিতে পৌঁছাতে পারে।

একই সময়ে খ্রিষ্টানদের সংখ্যা ৩০ শতাংশ বেড়ে ২২৭ কোটি থেকে ২৯৬ কোটিতে পৌঁছাবে বলে ধারণা করা হচ্ছে, যা বিশ্ব জনসংখ্যা বৃদ্ধির হারের সঙ্গে মোটামুটি সামঞ্জস্যপূর্ণ। অন্যদিকে, হিন্দু ও ইহুদিদের সংখ্যা বাড়লেও তা বিশ্বের মোট জনসংখ্যা বৃদ্ধির হারের চেয়ে ধীরগতিতে হবে। এছাড়া বৌদ্ধ ধর্মাবলম্বী এবং কোনো ধর্মের অনুসারী নন—এমন মানুষের সংখ্যা হ্রাস পাওয়ার ইঙ্গিত দিয়েছে গবেষণাটি।

গবেষকেরা জানিয়েছেন, ধর্মীয় গোষ্ঠীর আকার পরিবর্তনের পেছনে জনসংখ্যাতাত্ত্বিক কারণগুলোই সবচেয়ে প্রভাবশালী। পিউ রিসার্চ সেন্টারের এই গবেষণায় জনগোষ্ঠীর বয়স কাঠামো, জন্মহার, মৃত্যুহার, অভিবাসন এবং ধর্ম পরিবর্তনের প্রবণতা—এই পাঁচটি বিষয় বিবেচনা করা হয়েছে। গবেষণার তথ্যমতে, ২০২০ থেকে ২০২৫ সালের মধ্যে মুসলিম নারীদের সন্তান জন্মদানের গড় হার ছিল ৩ দশমিক ১, যেখানে খ্রিষ্টান নারীদের ক্ষেত্রে এই হার ২ দশমিক ৫ এবং অন্যান্য ধর্মাবলম্বী ও ধর্মীয় পরিচয়হীন নারীদের ক্ষেত্রে ১ দশমিক ৬। কোনো জনগোষ্ঠীর সংখ্যা স্থিতিশীল রাখতে নারীপ্রতি ২ দশমিক ১টি সন্তান প্রয়োজন। জন্ম ও মৃত্যুর হিসাব অনুযায়ী, ২০৭০ সালের মধ্যে বিশ্বে মুসলিমদের সংখ্যা ১৬০ কোটি ও খ্রিষ্টানদের ৭৯ কোটি ২০ লাখ বাড়তে পারে।

২০৭০ সালের মধ্যে বিশ্বের মুসলিম জনসংখ্যার ৭৪ শতাংশ বৃদ্ধিই ঘটবে বর্তমানের ৫৩টি মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশে। ২০৭০ সালে বিশ্বের সবচেয়ে বেশি মুসলিম বসবাসের শীর্ষ ১০টি দেশের মধ্যে চারটিই থাকবে আফ্রিকায়। দেশগুলো হলো নাইজেরিয়া, মিসর, ইথিওপিয়া ও সুদান। এই তালিকায় নতুন করে যুক্ত হবে ইথিওপিয়া ও আফগানিস্তান, আর ইরান ও আলজেরিয়া তালিকা থেকে বাদ পড়তে পারে। এ সময় সুদানে মুসলিমের সংখ্যা দ্বিগুণের বেশি বেড়ে ১১ কোটি ৬০ লাখে পৌঁছাতে পারে, যা তুরস্ককেও ছাড়িয়ে যাবে।

দেশভিত্তিক পর্যালোচনায় দেখা যায়, বর্তমানে ইন্দোনেশিয়া মুসলিম জনসংখ্যার দিক থেকে শীর্ষে থাকলেও ভবিষ্যতে পাকিস্তান এই স্থান দখল করতে পারে। পাকিস্তানে মুসলিমদের সংখ্যা দ্বিগুণ বেড়ে ৪৬ কোটি ১০ লাখে পৌঁছানোর সম্ভাবনা রয়েছে। অন্যদিকে, ভারতের মুসলিম জনসংখ্যা ২১ কোটি ৩০ লাখ থেকে বেড়ে ৩৩ কোটি ৪০ লাখে উন্নীত হয়ে বিশ্বের দ্বিতীয় বৃহত্তম মুসলিম জনসংখ্যার দেশে পরিণত হতে পারে। নাইজেরিয়া পঞ্চম স্থান থেকে তৃতীয় স্থানে উঠে আসবে এবং ইন্দোনেশিয়া চতুর্থ স্থানে নেমে যাবে। পিউ রিসার্চ সেন্টারের এই গবেষণায় বিশ্বের ২০১টি দেশ ও অঞ্চলের তথ্য অন্তর্ভুক্ত করা হয়েছে, যা বিশ্বের মোট জনসংখ্যার ৯৯ দশমিক ৯৮ শতাংশের প্রতিনিধিত্ব করে। তবে গবেষকরা সতর্ক করেছেন যে, যুদ্ধ, প্রাকৃতিক দুর্যোগ বা অর্থনৈতিক পরিস্থিতির পরিবর্তনের ফলে এই পূর্বাভাসে পরিবর্তন আসতে পারে।

২০৭০ সালের মধ্যে বিশ্বের ৫৩টি মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশে তাঁদের সংখ্যা ১২০ কোটি বাড়তে পারে।

কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Prothom Alo