
ইরানকে কেন্দ্র করে যুক্তরাষ্ট্র ও ইসরাইলের মধ্যকার চলমান উত্তেজনার জেরে আন্তর্জাতিক অর্থনীতিতে তৈরি হয়েছে গভীর সংকট। এ পরিস্থিতি থেকে ঘুরে দাঁড়াতে অবিলম্বে যুদ্ধবিরতি কার্যকরের পাশাপাশি স্থায়ী শান্তিচুক্তি প্রয়োজন বলে মন্তব্য করেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান। সংঘাত দীর্ঘায়িত হলে বৈশ্বিক অর্থনীতির ক্ষতি প্রতিনিয়ত আরও ভয়াবহ রূপ নেবে বলে সতর্কবার্তা দিয়েছেন তিনি।
তুরস্কের সম্প্রচারমাধ্যম টিজিআরটি হাবারকে দেওয়া এক বিশেষ সাক্ষাৎকারে হাকান ফিদান মধ্যপ্রাচ্য সংকটের সার্বিক চিত্র তুলে ধরেন। তিনি উল্লেখ করেন, সমাধানহীন এই যুদ্ধের ফলে যে অর্থনৈতিক চাপ তৈরি হয়েছে, তা বহুজাতিক অর্থনীতির জন্য দিন দিন সহ্যের বাইরে চলে যাচ্ছে। সময়মতো পদক্ষেপ না নিলে এর চরম ধ্বংসাত্মক প্রভাব গোটা বিশ্বে আছড়ে পড়বে বলে তিনি মনে করেন। তবে কূটনৈতিক আলোচনার মাধ্যমে একটি ইতিবাচক সমঝোতায় পৌঁছানো সম্ভব হবে বলে আশাবাদ ব্যক্ত করে তিনি জানান, এ লক্ষ্যে তুরস্ক নিরবচ্ছিন্ন প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে।
আঞ্চলিক সংঘাতের প্রভাব আন্তর্জাতিক বাজার ও জ্বালানি পরিবহনেও পড়ছে বলে ইঙ্গিত দেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী। কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালি দিয়ে পণ্য ও জ্বালানিবাহী জাহাজ চলাচল স্বাভাবিক করতে কূটনৈতিক পদক্ষেপ অব্যাহত থাকলেও বর্তমানে তা একধরনের অচলাবস্থায় আটকে রয়েছে। বিদ্যমান জটিলতা নিরসনে মধ্যস্থতার আলোচনা সচল রয়েছে জানিয়ে ফিদান বলেন, সম্প্রতি কাতারের প্রধানমন্ত্রী শেখ মোহাম্মদ বিন আবদুর রহমান বিন জাসিম আল থানির সঙ্গে এই সংকট নিয়ে তার গুরুত্বপূর্ণ আলোচনা হয়েছে।
ইরান সম্পর্কিত বিরোধগুলো সমাধানের লক্ষ্যে দুটি পৃথক কূটনৈতিক কাঠামোর কথা উল্লেখ করেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী। তার মতে, ইরানের পারমাণবিক কর্মসূচি সংক্রান্ত আন্তর্জাতিক দ্বন্দ্বর নিষ্পত্তি যুক্তরাষ্ট্র ও জাতিসংঘের মধ্যস্থতা ও কাঠামোর অধীনে হতে পারে। তবে মধ্যপ্রাচ্যের অন্যান্য আঞ্চলিক বিরোধের নিষ্পত্তি বাইরের কোনো শক্তির হস্তক্ষেপ ছাড়াই কেবল সংশ্লিষ্ট অঞ্চলের দেশগুলোর সরাসরি আলোচনার মাধ্যমে হওয়া উচিত।
আপনার মতামত লিখুন :