Facebook Twitter Instagram YouTube

মণিপুরে বিষাক্ত মদপানে ১১ জনের মৃত্যু, অসুস্থ ১৮১ জন


প্রকাশের সময় : নভেম্বর ২২, ২০২৬, ৯:৪৬ পূর্বাহ্ণ / ০
মণিপুরে বিষাক্ত মদপানে ১১ জনের মৃত্যু, অসুস্থ ১৮১ জন

ভারতের উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্য মণিপুরে স্থানীয়ভাবে তৈরি ভেজাল মদপানে মর্মান্তিক প্রাণহানির ঘটনা ঘটেছে। এই ঘটনায় এখন পর্যন্ত অন্তত ১১ জনের মৃত্যু হয়েছে। এছাড়া আরও ১৮১ জন অসুস্থ হয়ে পড়েছেন, যাদের দ্রুত হাসপাতালে ভর্তি করে চিকিৎসা দেওয়া হচ্ছে।

শনিবার (২১ নভেম্বর) রাতে সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে মণিপুরের মুখ্যমন্ত্রী খেমচাঁদ ইউমনাম হতাহতের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, অসুস্থ ব্যক্তিদের দুটি আলাদা হাসপাতালে ভর্তি করা হয়েছে এবং তিনি নিজে সেখানে গিয়ে রোগীদের শারীরিক অবস্থার খোঁজখবর নিয়েছেন।

হাসপাতাল কর্তৃপক্ষকে রোগীদের সর্বোচ্চ চিকিৎসাসেবা এবং প্রয়োজনীয় সহায়তা নিশ্চিত করার নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী। পাশাপাশি, রাজ্য সরকার এই ঘটনার পূর্ণাঙ্গ তদন্তের উদ্যোগ নিয়েছে। স্থানীয় গণমাধ্যমের তথ্য অনুযায়ী, হাসপাতালে ভর্তি হওয়া রোগীদের শরীরে মিথানল বিষক্রিয়ার লক্ষণ দেখা গেছে, যদিও আনুষ্ঠানিকভাবে বিষক্রিয়ার বিষয়টি এখনো নিশ্চিত হওয়া যায়নি।

পরিস্থিতি মোকাবিলায় রাজ্য সরকার ঘটনাস্থলের সংশ্লিষ্ট জেলায় একজন বিশেষজ্ঞ চিকিৎসকসহ একটি বিশেষ চিকিৎসক দল পাঠিয়েছে। এছাড়া ঘটনার প্রকৃত কারণ, ভেজাল মদ তৈরির উৎস এবং এর সঙ্গে জড়িত ব্যক্তিদের শনাক্ত করতে তদন্তের প্রক্রিয়া শুরু হয়েছে।

কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Daily Adin