
প্রকাশ: ২৩ নভেম্বর ২০২৬, ০৩:৩৪ পিএম। বাসায় বিপুল টাকা রাখা নিয়ে স্বামী-স্ত্রীর বিরোধের সূত্র ধরে বেরিয়ে আসে কাস্টমস কর্মকর্তা জিলাইকা তামান্না লিপি ও তার ভাই এনামুল হকের সম্পদের চাঞ্চল্যকর তথ্য। অভিযোগ রয়েছে, চাকরিতে যোগ দেওয়ার পর দুই ভাই-বোন ও তাদের স্বজনদের নামে জমি, প্লট, ফ্ল্যাটসহ বিপুল সম্পদ গড়ে উঠেছে। সম্পদের উৎস নিয়ে দুদকে অভিযোগ জমা পড়লেও তদন্তের নামে তা ধামাচাপা দেওয়ার অভিযোগ উঠেছে। এমনকি সম্পদের উৎস আড়াল করতে বাবার নামে মাছের খামারের আয়ের দাবিও সামনে এসেছে।
ঘটনাটি ২০১৫ সালের দিকে। ওই বাসায় থাকতেন কাস্টমস ক্যাডার কর্মকর্তা জিলাইকা তামান্না লিপি এবং স্বামী জেলা নির্বাচন অফিসার আসলাম রহমান। তাদের বাসায় কাজ করতেন একই নামের আরেক কিশোরী গৃহকর্মী। তার বর্ণনায়, বাসায় বিপুল টাকা রাখা নিয়ে স্বামী-স্ত্রীর মধ্যে প্রায়ই বিরোধ হতো। খাটের নিচে রাখা কার্টন পরিষ্কার করতে গিয়ে পড়ে যেতেই ভেতর থেকে বেরিয়ে আসে টাকার বান্ডিল। এত টাকা দেখে ভয় পেয়ে যান গৃহকর্মী। ডাকেন গৃহকর্তাকে। তিনি একজন সরকারি কর্মকর্তা। কার্টনভর্তি টাকা দেখে তিনিও হতবাক। ঘটনার পর কিছুদিনের মধ্যেই ভয় পেয়ে ওই বাসা ছেড়ে গ্রামের বাড়িতে চলে যান কিশোরী গৃহকর্মী। একপর্যায়ে স্বামীকে বশে আনতে পানি পড়া খাওয়ানোর চেষ্টার কথাও জানান তিনি।
এনামুল হক ২৯তম বিসিএস কাস্টমস ক্যাডারের কর্মকর্তা। নথি অনুযায়ী, ২০১১ সালে চাকরিতে যোগ দেন তিনি। বর্তমানে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) শুল্ক মূল্যায়ন ও অভ্যন্তরীণ নিরীক্ষা কমিশনারেটে যুগ্ম কমিশনার হিসাবে কর্মরত। তার বোন জিলাইকা তামান্না লিপি ৩১তম বিসিএস কাস্টমস ক্যাডারের কর্মকর্তা। ২০১৩ সালে চাকরিতে যোগ দেন তিনি। বর্তমানে আগারগাঁও এনবিআর ভবনের মূসক বিচার ও আপিল বিভাগে দ্বিতীয় সচিব হিসাবে কর্মরত।
তথ্যানুসন্ধানে জানা যায়, চাকরিতে যোগদানের পর দুই ভাই-বোন ও তাদের স্বজনদের নামে একের পর এক সম্পত্তি কেনা হয়েছে। পূর্বাচল, ঝিলমিল, বরগুনা, লালমাটিয়া, পশ্চিম আগারগাঁও ও মিরপুরে সম্পত্তি থাকার তথ্য পাওয়া গেছে। নথি অনুযায়ী, ২০১১-১২ সালের আগে পরিবারটির কৃষিজমি ছাড়া অন্য জমি ছিল না। অথচ ২০১৪ ও ২০১৫ সালে পরিবারের সদস্যদের নামে একাধিক জমি কেনা হয়। ২০১৫ সালে পূর্বাচল নতুন শহর আবাসিক প্রকল্পে জিলাইকা তামান্না লিপি এবং তার ছোট বোন জিনাত জাহান তানজিলার নামে একটি প্লটের দলিল করা হয়, যার দলিল নম্বর ৭৫৬৫/২০১৫। অভিযোগ অনুযায়ী, প্লটটির প্রকৃত ক্রয়মূল্য ছিল প্রায় ৩ কোটি টাকা, কিন্তু দলিলে মূল্য দেখানো হয় ২৫ লাখ টাকা। বর্তমানে এর বাজারমূল্য প্রায় ৬ কোটি টাকা।
২০২২ সালে কেরানীগঞ্জের ঝিলমিল আবাসিক প্রকল্পে ৪ নম্বর সেক্টরের ৮ নম্বর সড়কের ৮ নম্বর প্লট কেনেন জিলাইকা তামান্না লিপি, যার দলিল নম্বর ১২৩০৯/২০২২। অভিযোগ অনুযায়ী, প্লটটির ক্রয়মূল্য ছিল ১ কোটি ৪০ লাখ টাকা, অথচ দলিলে দেখানো হয়েছে ২১ লাখ টাকা। বড় ভাই এনামুল হক বরগুনা শহরে ২৬ শতাংশ জমি নিয়েছেন, যার দলিল নম্বর ৩৭৫৬/২০১৫ (তারিখ ১১ আগস্ট ২০১৫)। সেখানে দলিল মূল্য ১ কোটি ৩০ লাখ টাকা হলেও বর্তমান দাম প্রায় ৫ কোটি টাকা। একই বছর পূর্বাচল নতুন শহর আবাসিক প্রকল্পে এনামুল হক ও স্ত্রী নাহিদা পারভীনের নামে ৭ কাঠা ৮ ছটাক জমি কিনেন, যার দলিল নম্বর ১০৮২৮/২০১৫। অভিযোগ অনুযায়ী, জমিটির ক্রয়মূল্য ছিল আড়াই কোটি টাকা, কিন্তু দলিলে মূল্য দেখানো হয়েছে ৫০ লাখ টাকা।
২০১৪ সালে এনামুল হকের মা খাদিজা বেগমের নামে বরগুনা পৌর এলাকায় টিনশেড বাড়িসহ ১৪ দশমিক ৩১ শতাংশ জমি কেনা হয়। দলিল নম্বর ২৯১৭/২০১৪ ও ৩০৫৭/২০১৪। নথি অনুযায়ী, দলিল দুটিতে মোট মূল্য দেখানো হয়েছে ৬৫ লাখ ৭ হাজার টাকা, অথচ ওই সময় জমিটির জন্য ৩ কোটি ২২ লাখ টাকা পরিশোধ করা হয়েছিল। এছাড়া এনামুল হক ও জিলাইকা তামান্না লিপির পরিবারের অন্য সদস্যদের নামে ঢাকার লালমাটিয়ার এনএইচ টাওয়ার, পশ্চিম আগারগাঁও ও মিরপুরের ডিওএইচএস এলাকায় সম্পত্তির অভিযোগ রয়েছে। ২০২০ সালে জিলাইকা তামান্না লিপির বড় ছেলের জন্মনিবন্ধনে স্থায়ী ঠিকানা হিসাবে বসুন্ধরা আবাসিক এলাকার ফ্ল্যাট নম্বর ৪/এ, প্লট ১৫১, রোড ৮, ব্লক-ডি উল্লেখ করা হয়েছে।
এনামুল হক ও জিলাইকা তামান্না লিপির সম্পদের উৎস নিয়ে দুদকে অভিযোগের পর তাদের বাবা আবদুস সোবহানের নামে মাছের খামার থেকে আয়ের দাবি সামনে আসে। এনামুল হক দুদকের কর্মকর্তার কাছে দাবি করেন, তার বাবার প্রায় ১২ একর জমিতে মাছের খামার রয়েছে। এ তথ্য যাচাই করতে ২০২৪ সালের ৬ মে দুর্নীতি দমন কমিশনের (দুদক) মাদারীপুর সমন্বিত জেলা কার্যালয় থেকে বরগুনার জেলা মৎস্য কর্মকর্তা মো. মহসীনের কাছে চিঠি পাঠানো হয়। কিন্তু প্রয়োজনীয় নথির পরিবর্তে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের প্রত্যয়নের ভিত্তিতে প্রতিবেদন পাঠান মৎস্য কর্মকর্তা। সেখানে এনামুলের বাবাকে মৎস্যচাষি হিসাবে উল্লেখ করা হয়। এমনকি মৎস্য কর্মকর্তার প্রতিবেদনে ১৪ একর জমিতে খামার থাকার কথা উল্লেখ করা হয়। সরেজমিন অনুসন্ধানে খামারটির অস্তিত্ব পাওয়া যায়নি।
জিলাইকা তামান্না লিপির স্বামী আসলাম রহমান নওগাঁ জেলা নির্বাচন কর্মকর্তা হিসাবে দায়িত্ব পালনের সময় চাকরি থেকে বরখাস্ত হয়েছেন। স্ত্রীর করা মিথ্যা যৌতুকের মামলায় তিনি সাড়ে ১৪ মাস জেলে ছিলেন। আসলাম রহমান যুগান্তরকে বলেন, স্ত্রীর করা মামলায় তিনি নিঃস্ব হয়ে পড়েছেন। তার দাবি, তিনি কখনো ঘুস নেননি। কিন্তু স্ত্রী কাস্টমস ক্যাডারে যোগ দেওয়ার পর সংসারে অশান্তি শুরু হয়। বড় ভাই এনামুল হকের ইশারায় তার বিরুদ্ধে যৌতুকের জন্য নির্যাতনের মামলা করা হয়েছে। এনামুল হক রোববার যুগান্তরকে বলেন, ‘আমার যেখানে যে সম্পদ আছে, তার সবই আয়কর নথিতে আছে।’ আয়ের উৎস জায়েজ করতে পিতাকে ভুয়া মৎস্যচাষি সাজানোর বিষয়ে প্রশ্ন করা হলে তিনি মোবাইল ফোনের সংযোগ বিচ্ছিন্ন করে দেন। জিলাইকা তামান্না লিপি হোয়াটসঅ্যাপে পাঠানো খুদে বার্তার কোনো জবাব দেননি।
আপনার মতামত লিখুন :