Facebook Twitter Instagram YouTube

রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র থেকে জাতীয় গ্রিডে ৩৫০ মেগাওয়াট বিদ্যুৎ


প্রকাশের সময় : নভেম্বর ২৩, ২০২৬, ৫:৪৫ অপরাহ্ণ / ০
রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র থেকে জাতীয় গ্রিডে ৩৫০ মেগাওয়াট বিদ্যুৎ

পাবনার ঈশ্বরদীতে অবস্থিত রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র থেকে দীর্ঘ পরীক্ষা-নিরীক্ষার পর দ্বিতীয় দিনের মতো জাতীয় গ্রিডে ৩৫০ মেগাওয়াট বিদ্যুৎ সরবরাহ করা হয়েছে। সোমবার (২৩ নভেম্বর) সকাল ১০টা ২০ মিনিটের দিকে কেন্দ্রটির প্রথম ইউনিট থেকে উৎপাদিত এই বিদ্যুৎ জাতীয় গ্রিডে যুক্ত হয়। পরীক্ষামূলকভাবে এই বিদ্যুৎ সরবরাহ ১০ থেকে ২৪ ঘণ্টা পর্যন্ত চলার কথা রয়েছে।

প্রকল্পের পরিচালক ড. কবীর হোসেন জানান, পরীক্ষামূলক বিদ্যুৎ সরবরাহের পর প্রয়োজনীয় কারিগরি পরীক্ষা চালাতে কেন্দ্রটিকে আবার জাতীয় গ্রিড থেকে বিচ্ছিন্ন করা হবে। শুরুতে কেন্দ্রটির প্রথম ইউনিট ৩ শতাংশ সক্ষমতায় চালানো হচ্ছে। পর্যায়ক্রমে উৎপাদন বাড়িয়ে ২৫ থেকে ৩০ শতাংশে উন্নীত করা হলে প্রতিদিন প্রায় ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ পাওয়া যেতে পারে। পূর্ণ সক্ষমতায় চালু হলে প্রথম ইউনিট থেকে জাতীয় গ্রিডে অন্তত ১ হাজার ২০০ মেগাওয়াট বিদ্যুৎ সরবরাহের পরিকল্পনা রয়েছে।

এদিকে দ্বিতীয় ইউনিটের প্রস্তুতিমূলক কাজও এগিয়ে চলছে। আগামী বছর এ ইউনিটে পারমাণবিক জ্বালানি লোড করার পরিকল্পনা রয়েছে। দুটি ইউনিট পূর্ণ সক্ষমতায় চালু হলে জাতীয় গ্রিডে মোট ২ হাজার ৪০০ মেগাওয়াট বিদ্যুৎ যুক্ত হবে। তবে দুটি ইউনিট পরিচালনায় কেন্দ্রের নিজস্ব ব্যবহারের জন্য মোট ৩৪০ মেগাওয়াট বিদ্যুৎ প্রয়োজন হবে, অর্থাৎ প্রতিটি ইউনিট চালাতে প্রায় ১৭০ মেগাওয়াট বিদ্যুৎ খরচ হবে।

প্রকল্পসংশ্লিষ্ট সূত্র জানায়, প্রথম গ্রিড সংযোগ কার্যক্রমের আওতায় প্রাথমিক পর্যায়ে উৎপাদিত বিদ্যুৎ প্রায় ৮ থেকে ২৪ ঘণ্টা জাতীয় গ্রিডে সরবরাহের পরিকল্পনা রয়েছে। এ সময় বিদ্যুৎকেন্দ্রের টারবাইন, জেনারেটর এবং জাতীয় গ্রিডের সঙ্গে সমন্বিত পরিচালনব্যবস্থার কার্যকারিতা ও স্থিতিশীলতা নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হবে। এরপর প্রয়োজনীয় কারিগরি পরীক্ষা-নিরীক্ষার জন্য কেন্দ্রটিকে গ্রিড থেকে বিচ্ছিন্ন করা হবে। বিরতির পর আবার ১০ থেকে ১৬ ঘণ্টার জন্য গ্রিডে যুক্ত করে পরবর্তী পরীক্ষা চালানোর পরিকল্পনা রয়েছে।

পরীক্ষার প্রতিটি ধাপে বিদ্যুৎকেন্দ্রের বিভিন্ন ব্যবস্থার কার্যকারিতা, টারবাইন ও জেনারেটরের কর্মক্ষমতা এবং জাতীয় গ্রিডে বিদ্যুৎ সরবরাহের সামঞ্জস্য যাচাই করা হবে। পরীক্ষার ফল সন্তোষজনক হলে পরবর্তী পরীক্ষামূলক কার্যক্রম পরিচালনার জন্য বাংলাদেশ পরমাণু শক্তি নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের অনুমোদন নিতে হবে। নিয়ন্ত্রক সংস্থার অনুমোদন পাওয়ার পর পরবর্তী ধাপে আবার পরীক্ষামূলকভাবে বিদ্যুৎ সরবরাহ করা হবে।

রাশিয়ার ঠিকাদারি প্রতিষ্ঠানের সঙ্গে চুক্তি অনুযায়ী, প্রথম ইউনিটের ১০ মাসের পরীক্ষামূলক পরিচালনা বা পরীক্ষামূলক কার্যক্রম শেষ হওয়ার পর স্থায়ীভাবে পূর্ণ সক্ষমতায় বাণিজ্যিক বিদ্যুৎ সরবরাহ শুরু হবে। তবে পূর্ণ উৎপাদন সক্ষমতায় পৌঁছাতে আরও কয়েক মাস সময় লাগতে পারে।

নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট কোম্পানি বাংলাদেশ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ড. জাহেদুল হাসান বলেন, গ্রিডের সঙ্গে বিদ্যুৎকেন্দ্রের সমন্বয় পরীক্ষা শুরু হয়েছে। পরীক্ষার অংশ হিসেবে দ্বিতীয় দিনের মতো জাতীয় গ্রিডে বিদ্যুৎ সরবরাহ করা হয়েছে। তিনি আরও বলেন, জাতীয় সঞ্চালন লাইনে বিদ্যুৎ যুক্ত করলেই বাণিজ্যিকভাবে বিদ্যুৎ সরবরাহ শুরু হয়ে যায় না। এটি মূলত বিদ্যুৎকেন্দ্রে উৎপাদিত বিদ্যুৎ জাতীয় গ্রিডের সঙ্গে কতটা সামঞ্জস্যপূর্ণ এবং গ্রিড সেই বিদ্যুৎ গ্রহণে কতটা সক্ষম, তা যাচাইয়ের একটি গুরুত্বপূর্ণ কারিগরি পরীক্ষা।

আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার নির্দেশিকা ও আন্তর্জাতিক নিরাপত্তা মানদণ্ড অনুসরণ করে ধাপে ধাপে উৎপাদন বাড়ানো হবে। প্রথম ইউনিটের উৎপাদিত বিদ্যুৎ পরীক্ষামূলকভাবে জাতীয় গ্রিডে যুক্ত হওয়ার মধ্য দিয়ে দেশের জ্বালানি খাতে পারমাণবিক শক্তির ব্যবহার শুরুর পথে বাংলাদেশ আরও এক ধাপ এগিয়ে গেল।

আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার নির্দেশিকা ও আন্তর্জাতিক নিরাপত্তা মানদণ্ড অনুসরণ করে ধাপে ধাপে উৎপাদন বাড়ানো হবে। পরবর্তী সময়ে প্রয়োজনীয় পরীক্ষা, লাইসেন্স ও নিয়ন্ত্রক সংস্থার অনুমোদন নিয়ে প্রথম ইউনিটের উৎপাদনক্ষমতা পর্যায়ক্রমে ১০০ শতাংশে উন্নীত করার লক্ষ্য রয়েছে।

কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Dainik Ei Din