Facebook Twitter Instagram YouTube

প্রান্তিক জনগোষ্ঠীর কাছে স্বাস্থ্যসেবা পৌঁছানোর আহ্বান রাষ্ট্রপতির


প্রকাশের সময় : নভেম্বর ২৩, ২০২৬, ৭:০৬ অপরাহ্ণ / ০
প্রান্তিক জনগোষ্ঠীর কাছে স্বাস্থ্যসেবা পৌঁছানোর আহ্বান রাষ্ট্রপতির

দেশের স্বাস্থ্য খাতের মানোন্নয়ন এবং তা প্রান্তিক পর্যায়ের মানুষের কাছে পৌঁছে দেওয়ার ওপর বিশেষ গুরুত্বারোপ করেছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সোমবার সকালে বঙ্গভবনে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন রাষ্ট্রপতির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করতে এলে তিনি এই আহ্বান জানান। রাষ্ট্রপতির প্রেস সচিব মো. সরওয়ার আলম বিষয়টি নিশ্চিত করেছেন।

সাক্ষাৎকালে স্বাস্থ্যমন্ত্রী রাষ্ট্রপতিকে সরকার কর্তৃক গৃহীত বছরব্যাপী বিভিন্ন কর্মসূচির বিষয়ে অবহিত করেন। এর মধ্যে রয়েছে পরিবার পরিকল্পনা সেবা জোরদার করা এবং জন্মনিয়ন্ত্রণ বিষয়ে জনসচেতনতা বৃদ্ধির উদ্যোগ। স্বাস্থ্যমন্ত্রী জানান, এই কর্মসূচির মাধ্যমে পরিবার পরিকল্পনা পদ্ধতি সম্পর্কে মানুষকে সচেতন করার পাশাপাশি মা ও শিশুর স্বাস্থ্য সুরক্ষায় প্রয়োজনীয় তথ্য ও সেবা পৌঁছে দেওয়ার কাজ করা হবে।

এ সময় মন্ত্রী আরও উল্লেখ করেন যে, প্রান্তিক জনগোষ্ঠীর দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে সরকার হেলথ কার্ডসহ বিভিন্ন উদ্যোগ গ্রহণ করেছে। এছাড়া, আগামী ডিসেম্বর ২০২৬ থেকে শুরু হতে যাওয়া পরিবার পরিকল্পনা সেবা বিষয়ক বছরব্যাপী বৃহৎ জনসচেতনতামূলক ক্যাম্পেইনের উদ্বোধন করার জন্য রাষ্ট্রপতিকে আনুষ্ঠানিকভাবে আমন্ত্রণ জানানো হয়। রাষ্ট্রপতি এই আমন্ত্রণ গ্রহণ করেছেন এবং উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত থাকার বিষয়ে সম্মতি প্রকাশ করেছেন।

সৌজন্য সাক্ষাতের সময় রাষ্ট্রপতির সামরিক সচিব, সচিব, প্রেস সচিব ছাড়াও স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের সচিব এ কে এম বেঞ্জামিন রিয়াজী এবং পরিবার পরিকল্পনা অধিদপ্তরের মহাপরিচালক জিন্নাত রেহানা উপস্থিত ছিলেন।

কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Daily Adin