
খুলনার সরকারি ব্রজলাল (বিএল) কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের দুই শিক্ষককে ক্যাম্পাস থেকে সরিয়ে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরে (মাউশি) বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) হিসেবে পদায়ন করেছে শিক্ষা মন্ত্রণালয়। ডিসেম্বর মাসকে কেন্দ্র করে কলেজ ক্যাম্পাসে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি এবং কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের সঙ্গে সম্পৃক্ততার অভিযোগে তাদের বিরুদ্ধে এই প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হয়েছে।
শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সরকারি কলেজ-২ শাখার উপসচিব এ এস এম শাহরিয়ার জাহান স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে সোমবার (২৩ নভেম্বর) এই আদেশ জারি করা হয়। ওএসডি হওয়া দুই শিক্ষক হলেন রাষ্ট্রবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. মো. শামীম (পরিচিতি নম্বর ১২৯৮২) এবং সহযোগী অধ্যাপক মো. হারুন-অর-রশীদ (পরিচিতি নম্বর ১৬০৩৫)।
ক্যাম্পাস ও সংশ্লিষ্ট সূত্র থেকে জানা গেছে, ওএসডি হওয়া শিক্ষকদের মধ্যে অধ্যাপক ড. মো. শামীমের বাড়ি গোপালগঞ্জে। এ ছাড়া দুজন শিক্ষকই মুক্তিযোদ্ধা কোটায় শিক্ষা ক্যাডারের চাকরিতে যোগদান করেছিলেন। গত ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকে তারা ক্যাম্পাসে নিজেদের রাজনৈতিক মতাদর্শ প্রতিষ্ঠিত রাখতে গোপনে তৎপর ছিলেন বলে অভিযোগ রয়েছে।
অভিযোগে আরও বলা হয়, ওএসডি হওয়া দুই শিক্ষক আগামী ডিসেম্বরকে সামনে রেখে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের উচ্চপর্যায়ের নেতাদের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখছিলেন। বিএল কলেজ ক্যাম্পাসে বড় ধরনের বিশৃঙ্খলা ও নৈরাজ্য সৃষ্টি করে পরিস্থিতি অস্থিতিশীল করতেই তারা সংগঠিত হওয়ার চেষ্টা করছিলেন।
শিক্ষা মন্ত্রণালয়ের জারি করা আদেশে উল্লেখ করা হয়েছে, তাদের পূর্বের কর্মস্থল ‘ওএসডি, মাউশি অধিদপ্তর, ঢাকা (ইনসিটু: সরকারি ব্রজলাল কলেজ, খুলনা)’ সংশোধন করে পুনরায় মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর, ঢাকায় বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা হিসেবে পদায়ন করা হলো। একই সঙ্গে দুই শিক্ষককে ২৩ নভেম্বর ২০২৬ তারিখের মধ্যে বর্তমান কর্মস্থল থেকে অবমুক্ত হওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। নির্ধারিত সময়ে অবমুক্ত না হলে ওই দিন অপরাহ্ণে তারা তাৎক্ষণিকভাবে অবমুক্ত হয়েছেন বলে গণ্য হবেন। জনস্বার্থে জারি করা এ নির্দেশ অবিলম্বে কার্যকর করার কথা বলা হয়েছে।
আপনার মতামত লিখুন :