
বিশ্বজুড়ে ক্যানসারজনিত মৃত্যুর অন্যতম শীর্ষ কারণ ফুসফুস ক্যানসার, যা বাংলাদেশেও একটি মারাত্মক জনস্বাস্থ্য সমস্যা হিসেবে বিস্তৃত। প্রতিবছর নভেম্বর মাসকে ফুসফুস ক্যানসার সচেতনতার মাস হিসেবে পালন করা হয়। এই ব্যাধি প্রাথমিক পর্যায়ে শনাক্ত করা গেলে চিকিৎসায় সাফল্য পাওয়ার সম্ভাবনা অনেক বেড়ে যায়। প্রধানত ফুসফুসের স্বাভাবিক কোষের অস্বাভাবিক ও অনিয়ন্ত্রিত বৃদ্ধির মাধ্যমেই এই রোগের সৃষ্টি হয়। সঠিক সচেতনতা, ঝুঁকিপূর্ণ উপাদান এড়িয়ে চলা এবং সময়মতো চিকিৎসকের পরামর্শ গ্রহণের মাধ্যমে এর ঝুঁকি ও জটিলতা বহুলাংশে কমানো সম্ভব।
ফুসফুস ক্যানসারের সবচেয়ে বড় কারণ হিসেবে ধূমপানকে চিহ্নিত করা হলেও অধূমপায়ীরাও এর ঝুঁকিমুক্ত নন। এই রোগের বিভিন্ন ঝুঁকিপূর্ণ কারণের মধ্যে রয়েছে:
সিগারেট, বিড়ি ও অন্যান্য তামাকজাত দ্রব্যের দীর্ঘদিনের ব্যবহার এবং প্রতিদিন বেশি পরিমাণে ধূমপান করা।পরোক্ষ ধূমপান অর্থাৎ ধূমপায়ীদের ব্যবহৃত সিগারেটের ধোঁয়া শ্বাসের সঙ্গে গ্রহণ করা।দীর্ঘদিন ধরে বায়ুদূষণের সংস্পর্শে থাকা।কর্মক্ষেত্রে ক্ষতিকর পদার্থ যেমন- অ্যাসবেস্টস (Asbestos), সিলিকা (Silica), আর্সেনিক (Arsenic) এবং ডিজেল এক্সজস্টের (Diesel exhaust) সংস্পর্শে আসা।পরিবারের নিকটাত্মীয়ের ফুসফুস ক্যানসার থাকার পারিবারিক ইতিহাস, যা ঝুঁকি কিছুটা বাড়িয়ে দেয়।দীর্ঘস্থায়ী ফুসফুসের ব্যাধি, রেডন (radon) গ্যাসের সংস্পর্শে আসা এবং কিছু ক্ষেত্রে বংশগত জিনগত বৈশিষ্ট্য।প্রাথমিক পর্যায়ে ফুসফুস ক্যানসারের তেমন কোনো স্পষ্ট লক্ষণ নাও প্রকাশ পেতে পারে।
তবে রোগের অগ্রগতির সঙ্গে সঙ্গে মানবদেহে বিভিন্ন উপসর্গ দেখা দেয়। এর মধ্যে রয়েছে দীর্ঘস্থায়ী কাশি কিংবা কাশির ধরনে পরিবর্তন আসা, ক্ষুধামন্দা, দীর্ঘদিনের ক্লান্তি এবং বারবার নিউমোনিয়া বা ফুসফুসে সংক্রমণ হওয়া। এ ছাড়া দীর্ঘদিনের কাশির সঙ্গে রক্ত আসা অথবা অকারণে ওজন কমে যাওয়ার মতো লক্ষণগুলো একেবারেই অবহেলা করা উচিত নয়। যদিও এসব উপসর্গ ফুসফুস ক্যানসার ছাড়াও অন্য রোগের কারণে হতে পারে, তাই সঠিক রোগ নির্ণয়ের জন্য দ্রুত অভিজ্ঞ চিকিৎসকের পরামর্শ নেওয়া আবশ্যক।
যদিও ফুসফুস ক্যানসারের সব ক্ষেত্র প্রতিরোধ করা সম্ভব নয়, তবে কিছু সচেতন পদক্ষেপে ঝুঁকি অনেকটাই কমিয়ে আনা যায়। ধূমপায়ীদের জন্য ধূমপান ত্যাগ করাই সবচেয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত, কারণ ধূমপান ছাড়ার পর সময়ের সঙ্গে ক্যানসারের ঝুঁকি হ্রাস পায়। একই সঙ্গে বাড়ি, কর্মক্ষেত্র ও যানবাহনকে ধূমপানমুক্ত রাখা প্রয়োজন। ধূলিকণা ও দূষিত বায়ুর সংস্পর্শ এড়াতে উপযুক্ত সুরক্ষাব্যবস্থা নেওয়া এবং কর্মক্ষেত্রে অ্যাসবেস্টস ও সিলিকার মতো ক্ষতিকারক উপাদানের সান্নিধ্যে কাজ করার সময় সঠিক সুরক্ষা নিশ্চিত করা জরুরি।
বর্তমানে বা অতীতে দীর্ঘদিন ধূমপান করেছেন এমন উচ্চঝুঁকিপূর্ণ ব্যক্তিদের চিকিৎসকের পরামর্শ অনুযায়ী লো-ডোজ সিটি (LDCT) স্ক্রিনিংয়ের উপযুক্ততা যাচাই করা উচিত। তবে সাধারণ সবার জন্য নিয়মিত সিটি স্ক্যানের প্রয়োজন হয় না, এটি কেবল নির্দিষ্ট ঝুঁকিপূর্ণ ব্যক্তিদের জন্যই প্রযোজ্য। ফুসফুস ক্যানসারের কোনো লক্ষণ বা সন্দেহ দেখা দিলে দেরি না করে প্রয়োজনীয় ডাক্তারি পরীক্ষা করা প্রয়োজন।
আপনার মতামত লিখুন :