
ভারতের কলকাতা ও শিলিগুড়িতে অবস্থিত বাংলাদেশ ভিসা আবেদন কেন্দ্রের ঠিকানা পরিবর্তনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আগামী ১ ডিসেম্বর থেকে এই দুটি কেন্দ্রে ভিসার আবেদন জমা ও ভিসা সংগ্রহের কার্যক্রম নতুন ঠিকানায় স্থানান্তরিত হবে। মঙ্গলবার (২৪ নভেম্বর) কলকাতার বাংলাদেশ উপদূতাবাস এক বিজ্ঞপ্তির মাধ্যমে এই তথ্য নিশ্চিত করেছে। কলকাতাভিত্তিক সংবাদমাধ্যম সংবাদ প্রতিদিন এ খবর প্রকাশ করেছে।
নতুন সিদ্ধান্ত অনুযায়ী, কলকাতার সল্টলেকের সেক্টর ফাইভের সিমসিস টাওয়ারের প্লট নম্বর ওয়াই-১৩, ব্লক ইপি ও জিপিতে নতুন ভিসা কেন্দ্রটি চালু হবে। একইসঙ্গে শিলিগুড়িতে সেবক রোডের সিটি মলের দ্বিতীয় তলায় বাংলাদেশের নতুন ভিসা কেন্দ্রটি কার্যক্রম শুরু করবে।
বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ১ ডিসেম্বর থেকে এই দুটি কেন্দ্রের ভিসা-সংক্রান্ত যাবতীয় কার্যক্রম পরিচালনা করবে সুইফট গ্লোবাল গেটওয়ে সার্ভিস। এর আগে ডিইউ ডিজিটাল গ্লোবাল লিমিটেড এই কেন্দ্রগুলো পরিচালনার দায়িত্বে ছিল। তবে বাংলাদেশ সরকারের সঙ্গে প্রতিষ্ঠানটির ভিসা আউটসোর্সিং-সংক্রান্ত চুক্তির মেয়াদ আগামী ৩০ নভেম্বর শেষ হচ্ছে এবং সরকার তা নবায়ন না করার সিদ্ধান্ত নিয়েছে।
চুক্তি শেষ হওয়ার ফলে পুরোনো ভিসা কেন্দ্রগুলো বন্ধ হয়ে যাওয়ার খবরে অনেক আবেদনকারীর মধ্যে উদ্বেগ ও আতঙ্ক তৈরি হয়েছিল। তবে উপদূতাবাস জানিয়েছে, পুরাতন কেন্দ্র বন্ধ হলেও নতুন ঠিকানায় ভিসা কার্যক্রম নিরবচ্ছিন্নভাবে চালু থাকবে। ফলে আবেদনকারীরা ১ ডিসেম্বর থেকে নির্ধারিত নতুন ঠিকানাগুলোতে তাদের কার্যক্রম চালিয়ে যেতে পারবেন।
আপনার মতামত লিখুন :