Facebook Twitter Instagram YouTube

নারায়ণগঞ্জের সাত খুন: ৫-৬ কোটি টাকার লেনদেনে নেপথ্যে জিয়াউল আহসান


প্রকাশের সময় : নভেম্বর ২৫, ২০২৬, ৩:১৭ অপরাহ্ণ / ০ Views
নারায়ণগঞ্জের সাত খুন: ৫-৬ কোটি টাকার লেনদেনে নেপথ্যে জিয়াউল আহসান

নারায়ণগঞ্জের আলোচিত সাত খুন মামলার আপিল শুনানিতে আসামিদের দেয়া দোষ স্বীকারোক্তিমূলক জবানবন্দির ভয়াবহ সব বিবরণ প্রকাশ করা হয়েছে। সুপ্রিম কোর্টের আপিল বিভাগে বুধবার শুনানি শেষে অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার মোহাম্মদ অনীক রুশদ হক (অনীক আর হক) সাংবাদিকদের জানান যে, আসামিদের জবানবন্দি ও সুরতহাল প্রতিবেদনের তথ্য হুবহু মিলে যাওয়ায় হাইকোর্টের দেয়া সাজা বহাল থাকবে বলে তারা আশাবাদী।

শুনানিতে হাইকোর্টের রায়ের অংশ বিশেষ পড়ে শোনানো হয়, যেখানে ১৫ জনের ফাঁসি, ১১ জনের যাবজ্জীবন এবং আরও ৯ জনের বিভিন্ন মেয়াদে কারাদণ্ডের বিস্তারিত উল্লেখ রয়েছে। ব্যারিস্টার অনীক আর হক জানান, এই মামলায় কোনো প্রত্যক্ষদর্শী না থাকায় পুরো বিচার প্রক্রিয়াটি মূলত আসামিদের জবানবন্দির ওপর ভিত্তি করেই দাঁড়িয়ে আছে। শুনানিতে সাবেক র‍্যাব কর্মকর্তা লেফটেন্যান্ট কর্নেল (অব.) তারেক সাঈদ মোহাম্মদ, মেজর (অব.) আরিফ হোসেন, লেফটেন্যান্ট কমান্ডার এম এম রানা, হাবিলদার এমদাদুল হক এবং সিপাহী আবু তৈয়বের জবানবন্দির অংশবিশেষ উপস্থাপন করা হয়েছে। সময়ের অভাবে সিপাহী আবু তৈয়বের জবানবন্দি পুরোপুরি শেষ করা সম্ভব হয়নি।

আসামিরা জবানবন্দিতে অত্যন্ত সাবলীলভাবে হত্যাকাণ্ডের বর্ণনা দিয়েছেন। ব্যারিস্টার অনীক আর হক বলেন, আসামিরা স্বীকার করেছেন যে তারা পাঁচজনকে ধরার পর আরও দুইজনকে চিৎকার করতে দেখে তাদেরও ধরে নিয়ে যান। তৎকালীন অধিনায়ক তারেক সাঈদ তাদের সাতজনকেই গুম করার নির্দেশ দেন। হত্যাকাণ্ডের পর তারা স্বাভাবিকভাবে খাওয়া-দাওয়াও করেন। তিনি আরও জানান, ভুক্তভোগীদের মৃত্যু নিশ্চিত করতে প্রথমে পলিথিন ব্যবহার করা হয় এবং লাশ নদীতে ফেলার সময় যাতে ভেসে না ওঠে, সেজন্য প্রত্যেকের পেটে ছুরি দিয়ে আঘাত করা হয়েছিল। এই বর্ণনার সাথে সুরতহাল প্রতিবেদনের সাক্ষীদের বক্তব্যের শতভাগ মিল পাওয়া গেছে।

এই হত্যাকাণ্ডের পেছনে ৫ থেকে ৬ কোটি টাকার লেনদেন, ফ্ল্যাট উপহার ও কয়লা ব্যবসার সংশ্লিষ্টতার তথ্যও উঠে এসেছে বলে জানান অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল। তিনি বলেন, সবকিছুর নেপথ্যে ছিলেন মেজর জেনারেল (অব.) জিয়াউল আহসান, যার বিচার বর্তমানে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে চলছে। তারেক সাঈদ নিজেই জবানবন্দিতে উল্লেখ করেছেন যে, জিয়াউল আহসানের অনুমতি ছাড়া তখন র‍্যাব কোনো কিছুই করত না। সবশেষে ব্যারিস্টার অনীক আর হক মন্তব্য করেন যে, হাইকোর্ট বিস্তারিত বিশ্লেষণের মাধ্যমেই আসামিদের যথাযথ শাস্তি দিয়েছেন এবং অপরাধের ভয়াবহতা বিবেচনায় এটিই কাম্য।

কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Manab Zamin