Facebook Twitter Instagram YouTube

অক্সফোর্ডে বর্ণবাদী আচরণের শিকার ভারতীয় পিএইচডি শিক্ষার্থী কামাক্ষী


প্রকাশের সময় : নভেম্বর ২৭, ২০২৬, ৩:১৬ অপরাহ্ণ / ০
অক্সফোর্ডে বর্ণবাদী আচরণের শিকার ভারতীয় পিএইচডি শিক্ষার্থী কামাক্ষী

যুক্তরাজ্যের অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের এক ভারতীয় পিএইচডি শিক্ষার্থী বর্ণবাদী আচরণের শিকার হয়েছেন। কামাক্ষী নামের ওই শিক্ষার্থী সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রামে একটি ভিডিও পোস্ট করে তার এই তিক্ত অভিজ্ঞতার কথা তুলে ধরেছেন। তিনি জানান, একটি দোকানে কেনাকাটার সময় এক শ্বেতাঙ্গ নারী তাকে উদ্দেশ করে বলেন, ‘তোমার গায়ে খুব, খুব বাজে গন্ধ।’

ঘটনাটি বর্ণনা করতে গিয়ে কামাক্ষী জানান, ওই নারী বেশ কিছুক্ষণ ধরে তার আশপাশে ঘোরাঘুরি করছিলেন। একপর্যায়ে তিনি কাছে এসে বলেন, ‘আমি এটা করতে চাইনি, কিন্তু আমাকে করতেই হবে। তোমার গায়ে খুব, খুব বাজে গন্ধ।’ আকস্মিক এই অপমানজনক মন্তব্যে হতবাক হয়ে যান কামাক্ষী। তিনি তাৎক্ষণিকভাবে কোনো উত্তর দিতে পারেননি। তিনি বলেন, ‘আমি জমে গিয়েছিলাম। আমার মস্তিষ্ক যতক্ষণে বুঝে উঠল কী ঘটেছে, ততক্ষণে ওই নারী চলে গেছেন।’

এই ঘটনা কামাক্ষীকে মানসিকভাবে গভীরভাবে আহত করেছে। বিশেষ করে তিনি সেদিন যে পারফিউম ব্যবহার করেছিলেন, সেটি ছিল তার বাবার প্রিয় সুগন্ধি। বাবার সঙ্গে আবেগের স্মৃতি জড়িয়ে থাকা সেই সুগন্ধি নিয়ে এমন মন্তব্যের পর পুরো দিন তিনি নিজেকে আড়াল করে রাখার চেষ্টা করেছেন। তিনি জানান, যেন কেউ তাকে লক্ষ না করেন, সেজন্য সারাদিন নিজেকে ছোট করে রাখার চেষ্টা করেছেন তিনি।

কামাক্ষী এই ঘটনাকে বিচ্ছিন্ন কোনো অভিজ্ঞতা হিসেবে দেখতে নারাজ। তার মতে, অক্সফোর্ডে বর্ণের মানুষদের প্রতিদিনই বিভিন্ন ধরনের বর্ণবাদী আচরণ ও সূক্ষ্ম অবমাননার মুখোমুখি হতে হয়। তিনি বিশ্ববিদ্যালয়ের প্রাতিষ্ঠানিক বর্ণবাদের ইতিহাস নিয়েও প্রশ্ন তুলেছেন। তার অভিযোগ, এমন কোনো নামী প্রতিষ্ঠান নেই, যার শিকড়ে বর্ণবাদ, সাম্রাজ্যবাদ কিংবা কোনো সমস্যাজনক ইতিহাস নেই। এছাড়া বিশ্ববিদ্যালয়ে বর্ণবাদী ব্যক্তিদের বক্তব্য দেওয়ার সুযোগ করে দেওয়ার সিদ্ধান্ত নিয়েও তিনি ক্ষোভ প্রকাশ করেন।

এত কিছুর পরও নিজের সাংস্কৃতিক পরিচয় ধরে রাখার প্রত্যয় জানিয়েছেন এই শিক্ষার্থী। তিনি বলেন, ‘সে কারণেই আমি এখনো দেশি পোশাক পরি, ঝুমকা পরি, টিপ পরি এবং একই পারফিউম ব্যবহার করি।’ ভারতে বিক্ষোভের সময় এক বন্ধুর বলা কথা স্মরণ করে তিনি বলেন, ‘আমরা প্রতিদিন লড়ি, আর হেরে যাই। কিন্তু আমরা এই পৃথিবীকে একটু একটু করে নিজের করে নিই।’ কামাক্ষীর এই ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনার জন্ম দিয়েছে এবং যুক্তরাজ্যের উচ্চশিক্ষা প্রতিষ্ঠানে বর্ণবাদ প্রতিরোধের প্রয়োজনীয়তা নিয়ে নতুন করে প্রশ্ন তুলেছে।

কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Daily Bangladesh