Facebook Twitter Instagram YouTube

রংপুরে পূজা উদযাপন পরিষদের সম্মেলনে সংঘর্ষ, আহত ৩০


প্রকাশের সময় : নভেম্বর ২৯, ২০২৬, ৭:২৬ পূর্বাহ্ণ / ০ Views
রংপুরে পূজা উদযাপন পরিষদের সম্মেলনে সংঘর্ষ, আহত ৩০

রংপুর মহানগর ও জেলা পূজা উদযাপন পরিষদের দ্বিবার্ষিক সম্মেলনকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে তীব্র সংঘর্ষের ঘটনা ঘটেছে। শনিবার (২৮ নভেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে রংপুর স্টেডিয়ামে আয়োজিত এই অনুষ্ঠানস্থলে চেয়ার-টেবিল ও আসবাবপত্র ভাঙচুর করা হয়। প্রায় এক ঘণ্টা স্থায়ী এই সংঘর্ষ, ধাওয়া-পাল্টাধাওয়া ও মারামারির ঘটনায় কমপক্ষে ৩০ জন আহত হয়েছেন। গুরুতর আহত অবস্থায় তিনজনকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনার পর সম্মেলনটি পণ্ড হয়ে যায়।

প্রত্যক্ষদর্শীদের বর্ণনা অনুযায়ী, সম্মেলনে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের কেন্দ্রীয় উপদেষ্টা ও আইনজীবী সুব্রত চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রংপুর মহানগর বিএনপির আহ্বায়ক ও রংপুর উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান শামসুজ্জামান শামু। এছাড়া প্রধান বক্তা ছিলেন কেন্দ্রীয় সাধারণ সম্পাদক সন্তোষ শর্মা এবং সাংগঠনিক সম্পাদক সাগর হালদার। সভাপতিত্ব করেন জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি রাজ জীবন কুন্ডু।

অভিযোগ রয়েছে, অতিথিরা আসন গ্রহণের পরপরই একদল নেতাকর্মী সম্মেলনস্থলে ঢুকে ব্যানার ছিঁড়ে ফেলে এবং চেয়ার-টেবিল ভাঙচুর শুরু করে। এ সময় পূজা উদযাপন পরিষদের সাবেক সাধারণ সম্পাদক প্রশান্ত কুমারকে মারধর করা হয়। সংঘর্ষের সময় একটি পক্ষকে ‘লীগ ধর’ স্লোগান দিতে শোনা গেছে এবং রাম জীবন কুন্ডুর পাঞ্জাবি ছিঁড়ে তাকে শারীরিকভাবে লাঞ্ছিত করার অভিযোগ উঠেছে। দুই পক্ষকে শান্ত করার চেষ্টাকালে রংপুর মহানগর বিএনপির আহ্বায়ক শামসুজ্জামান শামুও লাঞ্ছিত হওয়ার অভিযোগ করেন।

ঘটনার পর পূজা উদযাপন পরিষদের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক সন্তোষ শর্মার নেতৃত্বে একটি প্রতিনিধি দল রংপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার মাহবুব রশীদের কাছে অভিযোগ জানান। নেতাদের অভিযোগ, সংঘর্ষের সময় পুলিশ ঘটনাস্থলে উপস্থিত থাকলেও কোনো কার্যকর পদক্ষেপ নেয়নি। সন্তোষ শর্মা দাবি করেন, বিএনপি নেতা ডা. নিখিল, যুবদল নেতা নয়ন, লেলিন, মিলন ও স্বেচ্ছাসেবক দলের শীর্ষ নেতাদের নেতৃত্বে এই তাণ্ডব চালানো হয়েছে। তিনি জানান, এ বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে কথা হয়েছে এবং আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।

তবে যুবদলের মহানগর আহ্বায়ক মিলন, সিনিয়র যুগ্ম আহ্বায়ক জহির আলম নয়ন এবং সদস্যসচিব আতিকুল ইসলাম লেলিন হামলার অভিযোগ অস্বীকার করেছেন। তাদের দাবি, পূজা উদযাপন পরিষদ কমিটিতে আওয়ামী লীগের সাবেক নেতাদের পুনর্বাসনের চেষ্টার প্রতিবাদ জানাতে সাধারণ কর্মীরা সেখানে গিয়েছিলেন। হামলা বা ভাঙচুরের সঙ্গে তারা জড়িত নন বলে দাবি করেন। এদিকে, রংপুর মহানগর যুবদলের নেতা বিপ্লবও একই অভিযোগ তুলে জানান, আওয়ামী লীগের সাবেক নেতাদের পুনর্বাসনের প্রতিবাদেই কর্মীরা সেখানে জড়ো হয়েছিলেন।

পুলিশ কমিশনার মাহবুব রশীদ জানান, কমিটি গঠন নিয়ে দুই পক্ষের সংঘর্ষ হয়েছে এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। বর্তমানে পরিস্থিতি পুলিশের নিয়ন্ত্রণে থাকলেও এলাকায় উত্তেজনা বিরাজ করছে। তিনি আরও জানান, এখন পর্যন্ত কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি, তবে অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Dainik Ei Din