
সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া দুটি আকুতি স্পর্শ করেছিল বহু মানুষকে। প্রথমটি ছিল এক মায়ের, যিনি অসুস্থ ও বিশেষ চাহিদাসম্পন্ন সন্তানের পাশে থাকার জন্য আদালতের কাছে আকুতি জানিয়েছিলেন। আর দ্বিতীয়টি ছিল সেই সন্তানের, যে তার মায়ের মুক্তি চেয়ে দেশবাসীর কাছে আর্জি জানিয়েছিল। তবে সেই আকুতি কারও বিবেক জাগাতে পারেনি। যুব মহিলা লীগের সাবেক নেত্রী শারমিন সুলতানা কারাগারে যাওয়ার ৫৫ দিনের মাথায় না ফেরার দেশে পাড়ি জমিয়েছে তার ১৫ বছর বয়সী বিশেষ চাহিদাসম্পন্ন সন্তান নিসর্গ হোসেন তূর্য। মৃত্যুর পরও মায়ের কারাগারে থাকার কারণে কারাফটকেই সন্তানকে শেষ বিদায় জানাতে হয়েছে তাকে।
পরিবারের সদস্যরা জানান, গত ৩রা অক্টোবর রাতে রাজধানীর লালবাগ থেকে সন্ত্রাসবিরোধী আইনের একটি মামলায় গ্রেপ্তার করা হন শারমিন সুলতানা। তিনি রাজধানীর লালবাগ থানার সাহেব বাজার এলাকার শাহাদাত হোসেন নিপুর স্ত্রী। জন্ম থেকেই নানা শারীরিক জটিলতায় ভুগছিল তূর্য। নিয়মিত ওষুধ খাওয়ার পাশাপাশি তার একটি অপারেশন সম্পন্ন হয়েছিল এবং আরেকটি অপারেশনের প্রয়োজন ছিল। মায়ের গ্রেপ্তারের পর তূর্যের বেশ কিছু ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে, যেখানে তাকে বলতে শোনা যায়, কীভাবে সে স্কুলে যাবে, পড়াশোনা করবে, কে তার ওষুধ খাওয়াবে এবং রান্না করবে। সংবিধানে কিছু থেকে থাকলে সে তার মায়ের মুক্তিও দাবি করেছিল।
শারমিনের গ্রেপ্তারের পর তূর্য মানসিকভাবে ভেঙে পড়ে বলে জানান তার বাবা শাহাদাত হোসেন নিপু। তিনি উল্লেখ করেন, জন্ম থেকেই মায়ের হাতেই সবকিছু করতে অভ্যস্ত ছিল তূর্য। সঠিক পরিচর্যার অভাবেই তার শারীরিক অবনতি ঘটে। স্ত্রীকে ষড়যন্ত্রমূলকভাবে আটক করে সন্ত্রাসবিরোধী মামলায় জড়ানো হয়েছে বলেও তিনি দাবি করেন। শুক্রবার রাত ১০টার পর বাথরুমে যাওয়ার দীর্ঘ সময় পরও বের না হওয়ায় স্বজনরা দরজা ভেঙে তূর্যকে নিথর অবস্থায় পান। শারমিনের মা কোহিনুর বেগম অভিযোগ করেন, মায়ের জন্য কাঁদতে কাঁদতে অসুস্থ হয়ে পড়া তূর্য ওয়াশরুমে গিয়ে স্ট্রোক করে মারা যায়।
শনিবার সকাল সাড়ে ১১টার দিকে তূর্যের মরদেহ একটি ফ্রিজিং ভ্যানে করে গাজীপুরের কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগারে নিয়ে যাওয়া হয়। কারা কর্তৃপক্ষ নিয়ম মেনে কারাফটকে শারমিনকে তার সন্তানের নিথর দেহ দেখার সুযোগ দেয়। তূর্যের বাবা জানান, শারমিনকে মাত্র পাঁচ থেকে ছয় মিনিট সময় দেওয়া হয়। সে সময় সন্তানের নিথর দেহ জড়িয়ে ধরে কান্না করতে করতে শারমিন আক্ষেপ করে বলছিলেন, তাকে ছাড়া কয়েকটা দিন তূর্যকে ধরে রাখতে পারল না পরিবার।
সন্তানের মৃত্যুর পর শারমিনের প্যারোলে মুক্তি না দেওয়া নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে নানা প্রশ্ন ওঠে। তবে পরিবারের পক্ষ থেকে জানানো হয়, প্যারোলের আবেদনের ব্যাপারে তাদের নিরুৎসাহিত করা হয়েছিল এবং বলা হয়েছিল এই পরিস্থিতিতে কারাবন্দিকে বাইরে নেওয়া নিরাপদ নয়। অন্যদিকে গাজীপুরের জেলা প্রশাসক মো. নূরুল করিম ভূঁইয়া জানান, শারমিন সুলতানার প্যারোলে মুক্তির কোনো আবেদন তার কাছে পৌঁছায়নি।
কারাগার থেকে বের হয়ে শারমিনের ছোট বোন শাম্মী বলেন, রাষ্ট্র আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ও নিরাপত্তার অজুহাতে প্যারোল দেয়নি। তিনি আরও জানান, শারমিন তার অসুস্থ সন্তানকে কখনো পাঁচ মিনিটের জন্যও দূরে রাখতেন না। সন্তানের অসুস্থতার কারণেই তিনি রাজনীতি থেকে সরে দাঁড়িয়েছিলেন এবং ২০২২ সাল থেকে রাজনীতিতে সক্রিয় নন। একজন মুক্তিযোদ্ধার সন্তান হওয়া সত্ত্বেও তার বোন জামিন পাননি বলে অভিযোগ করেন তিনি। একই সঙ্গে তাদের অন্য একটি ছোট সন্তান থাকার বিষয়টি উল্লেখ করে শারমিনের মুক্তির জন্য সরকারের কাছে আবেদন জানান।
কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগারের সিনিয়র জেল সুপার নজরুল ইসলাম জানান, মানবিক বিবেচনায় ও ঊর্ধ্বতন কর্তৃপক্ষের অনুমতিক্রমে বন্দি শারমিনকে শেষবারের মতো তার সন্তানের মুখ দেখানোর সুযোগ দেওয়া হয়। বিধি মোতাবেক কারাফটকে নিরাপত্তা নিশ্চিত করে নিয়ম মেনেই স্বজনদের আনা মরদেহ তাকে দেখানো হয়েছে।
উল্লেখ্য, শারমিন সুলতানা ইতিপূর্বে কার্যক্রম নিষিদ্ধ বাংলাদেশ ছাত্রলীগের ইডেন মহিলা কলেজ শাখার সাবেক সাংগঠনিক সম্পাদক এবং আওয়ামী লীগের উপ-কমিটির সাবেক সহ-সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছেন। এ ছাড়া ২০১৭ থেকে ২০২২ মেয়াদে তিনি যুব মহিলা লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ছিলেন।
আপনার মতামত লিখুন :