Facebook Twitter Instagram YouTube

মিরপুরে বাসে আগুন ও কুর্মিটোলায় ককটেল বিস্ফোরণ


প্রকাশের সময় : নভেম্বর ২৯, ২০২৬, ৬:৫১ পূর্বাহ্ণ / ০ Views
মিরপুরে বাসে আগুন ও কুর্মিটোলায় ককটেল বিস্ফোরণ

রাজধানীর মিরপুর-১০ গোলচত্বর এলাকায় একটি যাত্রীবাহী বাসে আগুন এবং কুর্মিটোলা বাসস্ট্যান্ড এলাকায় ককটেল বিস্ফোরণের পৃথক দুটি ঘটনা ঘটেছে। শনিবার (২৮ নভেম্বর) সংঘটিত এসব ঘটনায় এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

শনিবার রাত সাড়ে ৭টার দিকে মিরপুর-১০ গোলচত্বর থেকে মিরপুর-১ যাওয়ার পথে ফায়ার সার্ভিস কার্যালয়ের বিপরীত পাশে ইতিহাস পরিবহনের একটি বাসে আগুন দেওয়া হয়। ফায়ার সার্ভিস সদর দপ্তরের কন্ট্রোল রুমের ডিউটি অফিসার খালেদা ইয়াসমিন জানান, রাত ৭টা ৩৮ মিনিটে বাসে আগুন লাগার খবর পেয়ে মিরপুর ফায়ার স্টেশনের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন।

মিরপুর জোনের অতিরিক্ত উপপুলিশ কমিশনার (এডিসি) মো. জাহিদুল ইসলাম জানিয়েছেন, যাত্রীবেশে দুর্বৃত্তরা গানপাউডার ব্যবহার করে চলন্ত বাসটিতে আগুন দেয়। ঘটনার পর বাসটির চালক ও হেলপারকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে এবং জড়িতদের শনাক্ত করতে সিসিটিভি ফুটেজ সংগ্রহ করা হচ্ছে।

অন্যদিকে, রাত আনুমানিক ৮টার দিকে ক্যান্টনমেন্ট থানাধীন কুর্মিটোলা বাসস্ট্যান্ডের সামনে ককটেল বিস্ফোরণ ঘটিয়ে দুর্বৃত্তরা দ্রুত পালিয়ে যায়। ক্যান্টনমেন্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গিয়াস উদ্দিন বিস্ফোরণের বিষয়টি নিশ্চিত করে জানিয়েছেন, এ ঘটনায় কোনো ক্ষয়ক্ষতি বা হতাহতের ঘটনা ঘটেনি। বর্তমানে বিস্ফোরণের ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Daily Adin