Facebook Twitter Instagram YouTube

শিক্ষাপ্রতিষ্ঠানকে সব ধরনের দলাদলির ঊর্ধ্বে রাখার আহ্বান প্রধানমন্ত্রীর


প্রকাশের সময় : নভেম্বর ২৯, ২০২৬, ৭:২১ পূর্বাহ্ণ / ০ Views
শিক্ষাপ্রতিষ্ঠানকে সব ধরনের দলাদলির ঊর্ধ্বে রাখার আহ্বান প্রধানমন্ত্রীর

শিক্ষাপ্রতিষ্ঠানগুলোকে সব ধরনের দলাদলি, গোষ্ঠীদ্বন্দ্ব, ব্যক্তিগত স্বার্থের সংঘাত এবং অপ্রয়োজনীয় বিরোধের ঊর্ধ্বে রাখার ওপর গুরুত্বারোপ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। রাজধানীর মিরপুরের শহীদ সোহ্‌রাওয়ার্দী ইনডোর স্টেডিয়ামে আয়োজিত ‘জাতীয় বিশ্ববিদ্যালয় অধ্যক্ষ সম্মিলন-২০২৬’-এর প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, গণতান্ত্রিক সমাজে রাজনৈতিক মতের ভিন্নতা থাকা স্বাভাবিক, কিন্তু সেই ভিন্নতা যেন কোনোভাবেই শিক্ষার পরিবেশ, প্রশাসনিক শৃঙ্খলা এবং শিক্ষার্থীদের নিরাপত্তাকে বাধাগ্রস্ত না করে। অধ্যক্ষদের উদ্দেশে তিনি বলেন, আপনারা প্রতিষ্ঠানের প্রশাসনিক প্রধান হওয়ার পাশাপাশি নৈতিক দিকদর্শী ও একাডেমিক নেতৃত্বের কেন্দ্রবিন্দু।

তারেক রহমান বলেন, ১৯৯২ সালের ২১শে অক্টোবর সাবেক প্রধানমন্ত্রী মরহুমা বেগম খালেদা জিয়া শহর ও গ্রামের সবার জন্য উচ্চশিক্ষার সুযোগ নিশ্চিত করতে জাতীয় বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করেছিলেন। বর্তমানে প্রায় আড়াই হাজার কলেজ এই বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত। প্রতিষ্ঠার পর কলেজের সংখ্যা ও শিক্ষার্থীর সংখ্যা বাড়লেও শিক্ষার মান নিয়ে প্রশ্ন রয়ে গেছে। ফ্যাসিবাদের সময়কালে ধ্বংসপ্রাপ্ত শিক্ষা ব্যবস্থাকে ঢেলে সাজাতে এবং আধুনিক ও সময়োপযোগী করে গড়ে তুলতে বর্তমান সরকার সব ধরনের পরিকল্পনা ও পদক্ষেপ নিয়েছে, তবে এর বাস্তবায়নের নেতৃত্ব অধ্যক্ষদেরই দিতে হবে।

চতুর্থ শিল্প বিপ্লবের চ্যালেঞ্জ মোকাবিলায় গতানুগতিক শিক্ষা পদ্ধতি থেকে বেরিয়ে আসার আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, প্রযুক্তিনির্ভর ও দক্ষতাভিত্তিক শিক্ষাব্যবস্থা গড়ে তোলার বিকল্প নেই। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, রোবোটিকস, বিগ ডেটা, ব্লকচেইন ও সাইবার সিকিউরিটির মতো প্রযুক্তির কারণে কর্মজগৎ দ্রুত বদলে যাচ্ছে। তাই অর্জিত জ্ঞানকে কর্মক্ষেত্রের উপযোগী দক্ষতায় রূপান্তর করতে ইন্ডাস্ট্রি-একাডেমিয়া কোলাবোরেশন এবং শিক্ষার্থীদের ইংরেজি ও অন্যান্য আন্তর্জাতিক ভাষা শেখার সুযোগ বাড়ানোর তাগিদ দেন তিনি। একইসঙ্গে তিনি ক্যারিয়ার কাউন্সেলিং, ইন্টার্নশিপ ও ল্যাঙ্গুয়েজ ক্লাব প্রতিষ্ঠার পরামর্শ দেন।

শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন বলেন, শিক্ষকদের এনটিআরসি সংক্রান্ত বদলি ও নিয়োগের সমস্যার সমাধান করা হবে এবং তাদের যৌক্তিক দাবি প্রধানমন্ত্রীর কাছে উপস্থাপন করা হবে। তবে তিনি শিক্ষকদের রাজপথে না আসার আহ্বান জানান। তিনি আরও বলেন, বিগত ১৭ বছরে শিক্ষাব্যবস্থাকে পরিকল্পিতভাবে পিছিয়ে দেওয়া হয়েছিল। বর্তমান সরকার এখন শিক্ষার গুণগত মানোন্নয়ন ও কর্মমুখী শিক্ষাকে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে। প্রধানমন্ত্রী ইতোমধ্যে কোর্স ও কারিকুলাম আধুনিকায়ন করে দক্ষ জনবল ও পাইলট তৈরির নির্দেশ দিয়েছেন।

প্রধানমন্ত্রীর শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা মাহদী আমিন বলেন, জাতীয় বিশ্ববিদ্যালয়ের সংস্কার, বাজেট বৃদ্ধি ও বিকেন্দ্রীকরণের উদ্যোগ নেওয়া হয়েছে। তিনি জানান, প্রধানমন্ত্রী তারেক রহমান এই বিশ্ববিদ্যালয়কে পরিবর্তনের মাধ্যমে বাংলাদেশের ভাগ্য পরিবর্তনের স্বপ্ন দেখেন। অনুষ্ঠানে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভিসি অধ্যাপক ড. এ এস এম আমানুল্লাহর সভাপতিত্বে শিক্ষা মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তা, বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ভিসি এবং ২ হাজার ৩শ’র অধিক অধ্যক্ষ অংশগ্রহণ করেন।

কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Manab Zamin