Facebook Twitter Instagram YouTube

শাহজালাল ইসলামী ব্যাংকে ৩ হাজার ১১ কোটি টাকার ঋণ পুনঃতফসিলে অনিয়ম


প্রকাশের সময় : নভেম্বর ২৯, ২০২৬, ৭:৩৩ পূর্বাহ্ণ / ০ Views
শাহজালাল ইসলামী ব্যাংকে ৩ হাজার ১১ কোটি টাকার ঋণ পুনঃতফসিলে অনিয়ম

শাহজালাল ইসলামী ব্যাংকে ঋণ পুনঃতফসিল ও বিনিয়োগ কার্যক্রমে ব্যাপক অনিয়ম এবং শরিয়াহ নীতি লঙ্ঘনের প্রমাণ পেয়েছে বাংলাদেশ ব্যাংক। ইসলামী ধারার ব্যাংক হিসেবে পরিচালিত হলেও প্রতিষ্ঠানটিতে পণ্য কেনাবেচা ছাড়াই ঋণ সৃষ্টি, একই পণ্যে বারবার মুনাফা ধরা, পুরোনো দায় পরিশোধে নতুন ঋণ বিতরণ এবং সুদভিত্তিক প্রতিষ্ঠানে অর্থ বিনিয়োগের ঘটনা ঘটেছে। সম্প্রতি কেন্দ্রীয় ব্যাংকের এক বিশেষ পরিদর্শন প্রতিবেদনে এসব চাঞ্চল্যকর তথ্য উঠে এসেছে। ব্যাংকের প্রধান কার্যালয় ছাড়াও ঢাকা প্রধান শাখা ও সিলেট শাখায় এসব অনিয়মের ঘটাকালীন প্রমাণ মিলেছে। এই ধরনের অনিয়মের বিরুদ্ধে আগামী তিন মাসের মধ্যে কার্যকর ব্যবস্থা নেওয়ার জন্য সুপারিশ করেছে পরিদর্শক দল।

বাংলাদেশ ব্যাংকের পরিদর্শক দল চলতি বছরের ৩০ আগস্ট থেকে সেপ্টেম্বর মাস পর্যন্ত ব্যাংকটিতে এক মাসব্যাপী বিশেষ পরিদর্শন কার্যক্রম পরিচালনা করে। প্রতিবেদনে ২০২৪ সালের ৩১ ডিসেম্বর পর্যন্ত তথ্য বিশ্লেষণ করা হয়, তবে কয়েকটি পর্যবেক্ষণে ২০২৬ সালের লেনদেনের তথ্যও অন্তর্ভুক্ত করা হয়েছে। প্রতিবেদনে ব্যাংকটির সার্বিক পরিচালনায় মোট ২০টি পর্যবেক্ষণ ও সুপারিশ তুলে ধরা হয়। পরিদর্শন প্রতিবেদনে সবচেয়ে বড় অনিয়মের চিত্র দেখা গেছে বিনিয়োগ পুনঃতফসিলের ক্ষেত্রে। হিসাব অনুযায়ী, ২০২৫ সালে ২ হাজার ২১৪ কোটি ২৫ লাখ টাকার বিনিয়োগ নীতিসহায়তার আওতায় বিশেষ পুনঃতফসিল করা হয়। একই বছর আরও ১৫২ কোটি ৬১ লাখ টাকার বিনিয়োগ পুনঃতফসিল করা হয়েছে। এর আগে ২০২৪ সাল পর্যন্ত পুনঃতফসিল করা হয়েছিল ৬৪৪ কোটি ৮২ লাখ টাকা। সব মিলিয়ে অনিয়মভিত্তিক পুনঃতফসিলের পরিমাণ দাঁড়ায় ৩ হাজার ১১ কোটি টাকা।

কেন্দ্রীয় ব্যাংক জানায়, বাই-মুডে বিতরণ করা বিনিয়োগ পুনঃতফসিলের সময় রেন্ট-মুডে রূপান্তর করা হয়। এর ফলে একই পণ্যের বিপরীতে দ্বিতীয়বার মুনাফা আরোপের সুযোগ তৈরি হয়, যা শরিয়াহ নীতিমালার স্পষ্ট লঙ্ঘন। এভাবে শরিয়াহ ভেঙে ২০২৫ সালে ব্যাংকটি ৬ কোটি ৫ লাখ টাকা আয় করেছে। এই অর্থ আয় হিসেবে না দেখিয়ে ক্ষতিপূরণ খাতে স্থানান্তরের বাধ্যবাধকতা রয়েছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়। এছাড়া বাংলাদেশ ব্যাংকের নিয়ম ভেঙে ভিন্ন প্রকৃতির মেয়াদি, চলতি ও তলবি ঋণ একত্র করে একক ঋণ হিসেবে পুনঃতফসিল করেছে ব্যাংকটি।

দেশের ব্যাংকিং খাতের এই চিত্র নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন অর্থনীতিবিদরা। অর্থনীতি সমিতির সাবেক সভাপতি অধ্যাপক মইনুল ইসলাম জানান, ব্যাংকিং খাতে বর্তমানে যা ঘটছে তা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। এসব অনিয়মের কারণেই খেলাপি ঋণ ক্রমাগত বাড়ছে। তিনি অনিয়মে জড়িতদের চিহ্নিত করে আলাদা ট্রাইব্যুনালে কঠোর শাস্তির দাবি জানান। তিনি উল্লেখ করেন, বর্তমানে বাংলাদেশের ব্যাংকিং খাতে মোট ঋণের ৩৪ শতাংশই খেলাপি, যেখানে পাকিস্তানে এই হার ৫ শতাংশ এবং ভারতে মাত্র ১.৭ শতাংশ। সুশাসন প্রতিষ্ঠায় কঠোর পদক্ষেপ ছাড়া বিকল্প নেই বলে তিনি মনে করেন।

বাংলাদেশ ব্যাংকের প্রতিবেদনে বাস্তব পণ্য কেনাবেচা ছাড়াই পুরোনো ঋণ ঢাকতে নতুন ঋণ দেওয়ার তথ্য উঠে এসেছে, যাকে ‘ডিল দিয়ে ডিল সমন্বয়’ বলা হয়েছে। মহাখালী শাখায় বাংলাদেশ ট্র্যাক লিমিটেডের নামে ৬৯টি ডিলের বিপরীতে ৭৮ কোটি টাকা এবং বাংলাদেশ ট্র্যাক ইঞ্জিনিয়ারিং লিমিটেডের নামে ১৫টি ডিলের বিপরীতে ৯ কোটি ৯৯ লাখ টাকা দেওয়া হয়। অন্যদিকে মতিঝিল শাখায় বেঙ্গল কনসেপ্ট অ্যান্ড হোল্ডিংস লিমিটেডের নামে ৩টি ডিলে দেওয়া হয় ৫ কোটি টাকা। সব মিলিয়ে প্রায় ৯৩ কোটি টাকার এই বিনিয়োগ গ্রাহকের অ্যাকাউন্টে দিয়ে একই দিনে নগদে তুলে আবার জমা করার মাধ্যমে পুরোনো ঋণ সমন্বয় দেখানো হয়। পণ্য ছাড়া এই ভুয়া লেনদেন থেকে ব্যাংকটি ৯ কোটি ৭০ লাখ টাকা ও ১ কোটি ৩০ লাখ টাকা মুনাফা করেছে, যা ক্ষতিপূরণ খাতে স্থানান্তরের নির্দেশ দেওয়া হয়েছে।

কেন্দ্রীয় ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র আরিফ হোসেন খান এ বিষয়ে জানান, যে কোনো অনিয়মের বিরুদ্ধে বাংলাদেশ ব্যাংক অত্যন্ত কঠোর। শরিয়াহ বোর্ডগুলোকে স্বাধীনভাবে কাজ করতে বলা হয়েছে। কোনো ব্যাংক নিয়ম বা শরিয়াহ লঙ্ঘন করলে অবশ্যই আইনি ব্যবস্থা নেওয়া হবে।

ব্যাংকটির বৈদেশিক বাণিজ্য লেনদেনেও নানা দুর্বলতা দেখা গেছে। ২০২৫ সালের ৩১ ডিসেম্বর পর্যন্ত ৩৬৫টি আন্তঃশাখা ডেবিট অ্যাডভাইস (আইবিডিএ) অনিষ্পন্ন অবস্থায় পড়ে ছিল, যার আর্থিক মূল্য ৪ কোটি ৯৪ লাখ ৯৫ হাজার ২৩৬ মার্কিন ডলার বা প্রায় ৬০৪ কোটি ১১ লাখ টাকা। আমদানি দায় পরিশোধে নস্ট্রো হিসাব থেকে ডলার মেটানোর পর প্রধান কার্যালয় শাখাগুলোতে অ্যাডভাইস পাঠালেও দীর্ঘ দিন তা সমন্বয় করা হয়নি। তবে এটিকে সরাসরি আত্মসাৎ বা আর্থিক ক্ষতি হিসেবে পরিদর্শক দল চিহ্নিত করেনি।

শরিয়াহভিত্তিক ব্যাংক হওয়া সত্ত্বেও শাহজালাল ইসলামী ব্যাংক বাংলাদেশ ফাইন্যান্স, বে লিজিং অ্যান্ড ইনভেস্টমেন্ট, আইআইডিএফসি, ফিনিক্স ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্টস এবং ইউনিয়ন ক্যাপিটাল নামের পাঁচটি সুদভিত্তিক প্রতিষ্ঠানে ১০০ কোটি ৬৭ লাখ টাকা বিনিয়োগ করেছে। ২০২৫ সালে ১১টি সুদভিত্তিক প্রতিষ্ঠানের মাধ্যমে কৃষিঋণ চালিয়ে প্রাপ্ত ১ কোটি ৮৫ লাখ টাকা আয় হিসেবে দেখিয়েছে, যা ক্ষতিপূরণ খাতে স্থানান্তরের সুপারিশ করা হয়েছে। এছাড়া হাইটেক স্টিল অ্যান্ড প্লাস্টিক ইন্ডাস্ট্রিজের ইউপাস ঋণপত্রের বিপরীতে ৩৫ কোটি ৩৬ লাখ টাকার ফোর্সড বিনিয়োগ তৈরিতে মূল ঋণের সঙ্গে মুনাফা, জরিমানা ও বিলম্ব ফি যুক্ত করে তার ওপর ফের ১৪ শতাংশ মুনাফা ধরা হয়েছে, যা সম্পূর্ণ শরিয়াহবিরোধী।

২০২৫ সালে বিলম্বিত ঋণ পরিশোধ খাত থেকে ১৭ কোটি ৯০ লাখ টাকা বিলম্ব মুনাফা এবং ২৪ কোটি ১২ লাখ টাকা বিলম্ব ফি আদায় করে মোট ৪২ কোটি ২ লাখ টাকা আয় দেখিয়েছে ব্যাংকটি। নিয়ম অনুযায়ী অতিরিক্ত আয় হিসেবে এটি ব্যবহারের সুযোগ নেই। একইভাবে অফশোর ব্যাংকিংয়ের মাধ্যমে মেয়াদের অতিরিক্ত মুনাফা ধরে ৪ কোটি ৩৯ লাখ টাকা আদায় করা হয়েছে। এছাড়া ইউপাস এলসির বিল নিষ্পত্তিতে ডলারের অতিরিক্ত দর ধরে (যেমন আনোয়ার সিমেন্টের এলসিতে ১২২.৫০ টাকার জায়গায় ১২৩.৩০ টাকা ধরে) গ্রাহকদের থেকে ৩০ কোটি ৪৭ লাখ টাকা অতিরিক্ত আদায় করা হয়েছে। এর মধ্যে আনোয়ার সিমেন্টকে অতিরিক্ত আদায় করা ৬ লাখ ১০ হাজার ৪৩০ টাকা এবং জরিমানার ৪৩ হাজার ২৭৭ টাকা ফেরত দেওয়ার নির্দেশ দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক।

পরিদর্শন শেষে পরিদর্শক দল মন্তব্য করেছে যে, ব্যাংকটি ইসলামী ব্যাংকিংয়ের মৌলিক শর্ত যেমন—পণ্য কেনাবেচা, মালিকানা হস্তান্তর ও ঝুঁকি গ্রহণের বিষয়গুলো না মেনে কেবল কাগজে-কলমে বিনিয়োগ দেখিয়েছে। অভ্যন্তরীণ শরিয়াহ নিরীক্ষায়ও ঢাকা প্রধান শাখা ও সিলেট শাখার ভুয়া ক্যাশ মেমো বা অস্তিত্বহীন সরবরাহকারীর মতো তথ্যগুলো এড়িয়ে যাওয়া হয়েছে।

এ বিষয়ে শাহজালাল ইসলামী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মোসলেহ উদ্দিন আহমেদ জানান, দেশে শরিয়াহর ওপর নির্দিষ্ট আইন না থাকায় ২৫ বছর ধরে ফতোয়ার ওপর ব্যাংক চলছে। বাংলাদেশ ব্যাংক যেসব জায়গায় শরিয়াহ লঙ্ঘনের কথা বলেছে, তা সংশোধন করা হচ্ছে। তিনি বলেন, এনবিএফআই ও এনজিওতে বিনিয়োগ আগে উৎসাহিত করা হলেও এখন শরিয়াহবিরোধী বলায় ব্যাংক আর তা করবে না। এছাড়া ইসলামী ব্যাংকিং রেগুলেশন অ্যান্ড পলিসি ডিপার্টমেন্টের (আইবিআরপিডি) নতুন নীতি ব্যাংক মেনে চলবে। আর পুনঃতফসিল কার্যক্রম কেন্দ্রীয় ব্যাংকের দেওয়া পলিসি সাপোর্ট চিঠির আলোকেই করা হয়েছে বলে দাবি করেন তিনি।

বাংলাদেশ ব্যাংক আগামী তিন মাসের মধ্যে শাহজালাল ইসলামী ব্যাংকের সব নীতিমালা, চুক্তি, সেবা ও প্রচারসামগ্রী শরিয়াহ সুপারভাইজরি কমিটির অনুমোদনের আওতায় আনার নির্দেশ দিয়েছে। পাশাপাশি অভ্যন্তরীণ নিরীক্ষা জোরদার, অসমন্বিত হিসাব সমন্বয় এবং শরিয়াহবহির্ভূত আয় ক্ষতিপূরণ খাতে স্থানান্তরের কড়া তাগিদ দেওয়া হয়েছে।

একটি ঋণপত্রের হিসাবে দেখা যায়, মূল আমদানি দায়ের সঙ্গে ৬ হাজার ৯১৯ মার্কিন ডলার মুনাফা, ৭০৬ ডলার বিলম্বজনিত মুনাফা এবং আবগারি শুল্ক যোগ করা হয়েছে। পরে ওই হিসাবে ১৪ শতাংশ হারে আরও মুনাফা হিসাব করা হয়েছে। বাংলাদেশ ব্যাংকের মতে, এভাবে মূল টাকার সঙ্গে বিভিন্ন চার্জ যোগ করে বিনিয়োগ হিসাব তৈরি করা শরিয়াহ নীতিমালার লঙ্ঘন।

কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Jugantor