
অধিকৃত ফিলিস্তিনি ভূখণ্ডের জন্য জাতিসংঘের বিশেষ র্যাপোর্টিয়ার ফ্রানচেসকা আলবানিজকে দেশে প্রবেশের অনুমতি দেয়নি কোস্টারিকা সরকার। সম্মানসূচক ডক্টরেট ডিগ্রি গ্রহণের উদ্দেশ্যে সান হোসে যাচ্ছিলেন এই ইতালীয় আইনজীবী। তবে কোস্টারিকার অভিবাসন কর্তৃপক্ষ ‘সন্ত্রাসী কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত থাকার’ অভিযোগ তুলে তাঁকে বিমানবন্দরেই আটকে দেয়। আলবানিজ এই অভিযোগ দৃঢ়ভাবে অস্বীকার করেছেন।
বৃহস্পতিবার রাতে কোস্টারিকার অভিবাসন কর্তৃপক্ষের প্রধান ওমর বাদিল্লা এক ভিডিও বিবৃতিতে জানান, আন্তর্জাতিক সতর্কতার আওতায় থাকায় আলবানিজকে প্রবেশের অনুমতি দেওয়া হয়নি। যদিও তিনি এ বিষয়ে বিস্তারিত কোনো তথ্য প্রকাশ করেননি। এর ফলে আলবানিজকে সান হোসের হুয়ান সান্তামারিয়া আন্তর্জাতিক বিমানবন্দরের একটি টার্মিনালের মেঝেতে ঘুমিয়ে দুই রাত কাটাতে হয়। শনিবার তিনি বিমানে করে মেক্সিকোয় চলে যান। যাওয়ার আগে সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে তিনি লেখেন, ‘আপাতত বিদায়। আমি কথা দিচ্ছি, কোস্টারিকা যখন আবার মুক্ত হবে, তখন আমি ফিরে আসব।’
প্রবেশে বাধা দেওয়া হলেও কোস্টারিকা বিশ্ববিদ্যালয় তাদের নির্ধারিত অনুষ্ঠানটি সম্পন্ন করেছে। আলবানিজ বিমানবন্দরের মেঝেতে বসেই ভিডিও লিংকের মাধ্যমে অনুষ্ঠানে যোগ দেন এবং তাঁর সম্মাননা গ্রহণের বক্তব্য দেন। অনুষ্ঠানে বড় পর্দায় আলবানিজকে দেখানোর সময় উপস্থিত দর্শকেরা দাঁড়িয়ে তাঁকে সম্মান জানান। নিজের বক্তব্যে তিনি বলেন, ‘কোস্টারিকা সরকার আমাকে সন্ত্রাসবাদের সঙ্গে জড়িয়ে যে মিথ্যা তথ্য ছড়িয়েছে, তাতে আমি ভীষণ ক্ষুব্ধ। আমি স্পষ্ট করে বলতে চাই: মানবাধিকার রক্ষা করা সন্ত্রাসবাদ নয়।’
এই ঘটনায় জাতিসংঘের মানবাধিকারবিষয়ক প্রধান ফলকার টুর্ক গভীর উদ্বেগ প্রকাশ করেছেন এবং কোস্টারিকাকে সিদ্ধান্তটি পুনর্বিবেচনার আহ্বান জানিয়েছেন। বিভিন্ন মানবাধিকার সংগঠন ও রাজনীতিবিদরাও এই সিদ্ধান্তের সমালোচনা করেছেন। ১৯৮৭ সালে শান্তিতে নোবেল জয়ী কোস্টারিকার সাবেক প্রেসিডেন্ট অস্কার আরিয়াস বিমানবন্দরে গিয়ে আলবানিজের সঙ্গে দেখা করেন এবং সরকারের এই কর্মকাণ্ডের নিন্দা জানান। এছাড়া হলিউড অভিনেতা মার্ক রাফালোও আলবানিজের প্রতি করা আচরণের সমালোচনা করেছেন। তবে ইসরায়েলের রাষ্ট্রদূত ড্যানি ড্যানন কোস্টারিকার এই সিদ্ধান্তের প্রশংসা করেছেন।
উল্লেখ্য, ২০২২ সাল থেকে আলবানিজ জাতিসংঘের বিশেষ র্যাপোর্টিয়ার হিসেবে দায়িত্ব পালন করছেন। তিনি গাজায় ইসরায়েলের সামরিক অভিযানের কড়া সমালোচক। ২০২৩ সালের ৭ অক্টোবর ইসরায়েলে হামাসের হামলার পর গাজায় শুরু হওয়া যুদ্ধে এখন পর্যন্ত ৭৪ হাজার ৭৭০ জনের বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন। আলবানিজ ফিলিস্তিনিদের দুর্দশা তুলে ধরার পাশাপাশি পশ্চিমা সরকারগুলোর ভূমিকা নিয়েও প্রশ্ন তুলেছেন। গত বছরের একটি প্রতিবেদনে তিনি বহুজাতিক কোম্পানিগুলোকে ইসরায়েলের সঙ্গে ব্যবসা বন্ধের আহ্বান জানিয়েছিলেন। বর্তমানে তাঁর ওপর ট্রাম্প প্রশাসনের নিষেধাজ্ঞা রয়েছে এবং মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও তাঁর বিরুদ্ধে ইহুদিবিদ্বেষের অভিযোগ এনেছেন, যা আলবানিজ প্রত্যাখ্যান করেছেন।
ওই হামলায় প্রায় ১ হাজার ২০০ মানুষ নিহত হন এবং আরও ২৫১ জনকে জিম্মি করা হয়।গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, এরপর থেকে সেখানে ইসরায়েলি হামলায় ৭৪ হাজার ৭৭০ জনের বেশি মানুষ নিহত হয়েছেন।আলবানিজ দীর্ঘদিন ধরে বলে আসছেন যে ফিলিস্তিনিদের অধিকার রক্ষায় পশ্চিমা সরকারগুলো যথেষ্ট কাজ করছে না।.গত বছরের একটি প্রতিবেদনে তিনি যাকে ‘গণহত্যার অর্থনীতি’ বলে উল্লেখ করেছেন, তার বর্ণনা দেন এবং বহুজাতিক কোম্পানিগুলোকে ইসরায়েলের সঙ্গে ব্যবসা বন্ধ করার আহ্বান জানান।
আপনার মতামত লিখুন :