
বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী অভিযোগ করেছেন, আওয়ামী লীগের নেতারা ভারতে বসে বিকাশের মাধ্যমে দেশে টাকা পাঠাচ্ছেন। তিনি দাবি করেন, এই টাকা দিয়েই স্থানীয় সন্ত্রাসীদের হাতে ককটেল তুলে দেওয়া হচ্ছে, পেট্রোল ছিটিয়ে গ্রামীণ ব্যাংকে আগুন লাগানো হচ্ছে এবং বিএনপির নেতাদের বাড়িতে অগ্নিসংযোগ করা হচ্ছে। শুক্রবার বিকেলে মুন্সীগঞ্জের লৌহজং বিশ্ববিদ্যালয় কলেজ মাঠে ‘পরিকল্পিত সন্ত্রাস ও নৈরাজ্যের’ বিরুদ্ধে আয়োজিত এক বিক্ষোভ সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
আওয়ামী লীগের তীব্র সমালোচনা করে রুহুল কবির রিজভী বলেন, ‘তারা কত বড় ঘাতক এবং হত্যাকারী। ১ হাজার ৪০০ শিশু-কিশোরকে হত্যা করেছে। বিশ্ববিদ্যালয়, কলেজ, প্রাথমিক বিদ্যালয় ও উচ্চবিদ্যালয়ের শিক্ষার্থীদের গুলি করে হত্যা করেছে। রিকশাচালক ও শ্রমিকদেরও হত্যা করেছে।’ তিনি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার উদ্দেশ্যে বলেন, ‘শেখ হাসিনা জনগণ ও ছাত্রদের ধাওয়া খেয়ে পালিয়ে গেছেন। কিন্তু হত্যার নেশা, রক্তের স্বাদ তার যায়নি। তিনি আরও রক্ত পান করতে চান। তাই এখন যারা বাংলাদেশে আছে, তাদের কাছে টাকা পাঠাচ্ছেন এবং সন্ত্রাসী কর্মকাণ্ড চালাতে বলছেন।’
রিজভী আরও বলেন, পালিয়ে যাওয়ার পরও বাংলাদেশকে রক্তাক্ত করার চেষ্টা চলছে। তবে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের যোগ্য নেতৃত্বে সেই চেষ্টা সফল হচ্ছে না। তিনি দাবি করেন, দেশে এত আগুন লাগানোর ঘটনা ঘটলেও তারেক রহমান প্রধানমন্ত্রী হওয়ার পর কাউকে গুলি করার নির্দেশ দেননি। তিনি বলেন, ‘শেখ হাসিনার এত সন্ত্রাসী কর্মকাণ্ড ও অগ্নিসন্ত্রাসের মধ্যেও তারেক রহমান পুলিশকে দিয়ে কোথাও কাউকে গুলি করে হত্যা করতে বলেননি। এটাই শেখ হাসিনার সঙ্গে তারেক রহমানের পার্থক্য। তারেক রহমান মানবতার পক্ষে, গণতন্ত্রের পক্ষে এবং শান্তির পক্ষে।’
সমাবেশটিতে মুন্সীগঞ্জ-২ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট আব্দুস সালাম আজাদ প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন। এছাড়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুন্সীগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য মো. কামরুজ্জামান রতন, সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য মমতাজ আলো, বিএনপির কেন্দ্রীয় স্বেচ্ছাসেবকবিষয়ক সম্পাদক মীর সরফত আলী সপু, স্বাস্থ্যবিষয়ক সম্পাদক অধ্যাপক ডা. রফিকূল ইসলাম, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য বীর মুক্তিযোদ্ধা বাবুল আহমেদ এবং মুন্সীগঞ্জ জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আলী আজগর রিপন মল্লিক। লৌহজং উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির জ্যেষ্ঠ সদস্য হাজী মো. রাশেদ সমাবেশের সভাপতিত্ব করেন।
আপনার মতামত লিখুন :