Facebook Twitter Instagram YouTube

গোলটেবিল নয়, রাজপথেই ঐক্যের ডাক দিল এনসিপি


প্রকাশের সময় : নভেম্বর ২৭, ২০২৬, ৯:২৬ অপরাহ্ণ / ০
গোলটেবিল নয়, রাজপথেই ঐক্যের ডাক দিল এনসিপি

রাজনৈতিক দলগুলোর মধ্যে বৃহত্তর ঐক্য গড়ে তোলার জন্য গোলটেবিল বৈঠকের পরিবর্তে রাজপথে সক্রিয় আন্দোলনের ডাক দিয়েছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। শুক্রবার বিকেলে গাজীপুরের চান্দনা চৌরাস্তায় আয়োজিত এক প্রতিবাদ সভায় দলটির সিনিয়র যুগ্ম আহ্বায়ক নাসীরুদ্দীন পাটওয়ারী এই মন্তব্য করেন। তিনি বলেন, রাজনৈতিক দলগুলোর ঐক্যের মূল ভিত্তি হওয়া উচিত আধিপত্যবাদবিরোধী অবস্থান।

তারেক রহমানের ঐক্যের আহ্বানের বিষয়ে নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, এই আহ্বানের ভিত্তি কী তা আমাদের জানা নেই। তবে তিনি জোর দিয়ে বলেন, ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে ঐক্য হতে পারে এবং সেই ঐক্য গোলটেবিলে সীমাবদ্ধ না রেখে রাজপথে গড়ে তোলা প্রয়োজন। তিনি আরও বলেন, বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ কিংবা দেশকে অস্থিতিশীল করার কোনো প্রচেষ্টা গ্রহণযোগ্য নয়। এ দেশে ভারতীয় আধিপত্যবাদ প্রতিষ্ঠার কোনো সুযোগ নেই এবং বাংলাদেশে শান্তি বজায় থাকলে ভারতেও শান্তি থাকবে বলে তিনি উল্লেখ করেন।

বিএনপির সমালোচনা করে এনসিপির এই নেতা বলেন, গত আট মাসে বিএনপির সঙ্গে আওয়ামী লীগের এক ধরনের আঁতাত বা পিরিত দেখা গেছে, যার ফলে তারা আজ বিপদে পড়েছে। তিনি আরও বলেন, আমরা আগেই সতর্ক করেছিলাম যেন আওয়ামী লীগের সঙ্গে কোনো আঁতাত করা না হয়।

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হুঁশিয়ারি দিয়ে নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, খুনি হাসিনাকে বলতে চাই, আপনি সীমান্ত দিয়ে আসার দুঃসাহস দেখাবেন না। আপনি দেশে ফিরলে আপনাকে ধরে এনে ফাঁসিতে ঝোলানো হবে।

উল্লেখ্য, আওয়ামী লীগকে ফ্যাসিবাদী ও সন্ত্রাসী সংগঠন হিসেবে বিচারের আওতায় আনা, গণহত্যার রায় বাস্তবায়ন এবং জুলাই গণহত্যার বিচার দ্রুত সম্পন্ন করার দাবিতে এই কর্মসূচি পালন করা হয়। গাজীপুরের ভোগড়া বাইপাস মোড় থেকে শুরু হওয়া বিক্ষোভ মিছিলটি ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক প্রদক্ষিণ করে চান্দনা চৌরাস্তায় গিয়ে প্রতিবাদ সভায় রূপ নেয়। সভায় এনসিপির রাজনৈতিক পর্ষদের সদস্য ও সংসদ সদস্য আব্দুল্লাহ আল আমিন, সিনিয়র যুগ্ম সদস্যসচিব সারজিস আলম, রাজনৈতিক পর্ষদের সদস্য ও সংসদ সদস্য আব্দুল হান্নান মাসউদ এবং বিভাগীয় সাংগঠনিক সম্পাদক সাইমুল্লাহ হায়দারসহ স্থানীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

শুক্রবার (২৭ নভেম্বর) বিকেলে গাজীপুরের চান্দনা চৌরাস্তায় আয়োজিত বিক্ষোভ মিছিল-পরবর্তী প্রতিবাদ সভায় বক্তব্য দিতে গিয়ে তিনি এসব কথা বলেন।

কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Daily Bangladesh