
ডিসেম্বর মাস জুড়ে রাজনৈতিক কর্মসূচি নিয়ে মাঠে সক্রিয় থাকার পরিকল্পনা করেছে বিএনপি। মূলত ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশে ফেরার ঘোষণাকে ঘিরে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের নেতাকর্মীদের সম্ভাব্য তৎপরতা ও রাজনৈতিক অস্থিরতা রুখতে এই মাসব্যাপী কর্মসূচি হাতে নেয়া হয়েছে। ইতিমধ্যে দলের হাইকমান্ড কর্মসূচির বিস্তারিত রোডম্যাপ ঘোষণা করেছে।
১লা ডিসেম্বর রাজধানীর সোহ্রাওয়ার্দী উদ্যানে সমাবেশের মধ্যদিয়ে মাসব্যাপী এই কর্মসূচি শুরু হবে। এই সমাবেশে বিএনপি’র চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান উপস্থিত থাকবেন বলে নয়াপল্টনে দলীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে জানিয়েছেন ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেন, পরিস্থিতি ঠান্ডা মাথায় মোকাবিলা করবে সরকার। তবে সহ্যের সীমা অতিক্রম করলে কোনো ছাড়া দেয়া হবে না। অনৈতিক ও গুন্ডা সরকার নৈরাজ্য করে আর ক্ষমতা দখল করতে পারবে না, দেশের মানুষ তা প্রতিরোধ করবে। আইনশৃঙ্খলা বাহিনীরও পরিস্থিতি মোকাবিলায় ব্যাপক প্রস্তুতি রয়েছে বলে তিনি জানান।
দলীয় সূত্র জানায়, শেখ হাসিনার দেশে ফেরার ঘোষণাকে কেন্দ্র করে নেতাকর্মীদের সতর্ক থাকার এবং উস্কানিতে পা না দিয়ে রাজনৈতিকভাবে পরিস্থিতি মোকাবিলার নির্দেশনা দেয়া হয়েছে। সম্প্রতি বিএনপি চেয়ারম্যান তারেক রহমান দলের শীর্ষ নেতা ও সংসদীয় দলের সঙ্গে বৈঠক করে এই নির্দেশনা দিয়েছেন। সংসদ অধিবেশন শেষে এমপিদের নিজ নিজ এলাকায় গিয়ে রাজনৈতিক কর্মসূচিতে অংশ নেয়ার পরামর্শ দেয়া হয়েছে।
ডিসেম্বর মাসের কর্মসূচির মধ্যে রয়েছে ১লা ডিসেম্বর বিজয় উৎসবের উদ্বোধন, ৩রা ডিসেম্বর শ্রমিক দলের কর্মসূচি, ৫ই ডিসেম্বর ছাত্রদলের কর্মসূচি, ৬ই ডিসেম্বর গণ-অভ্যুত্থান দিবস পালন, ৭ই ডিসেম্বর যুবদলের কর্মসূচি, ৮ই ডিসেম্বর স্বেচ্ছাসেবক দলের কর্মসূচি, ৯ই ডিসেম্বর মহিলা দলের কর্মসূচি, ১০ই ডিসেম্বর আন্তর্জাতিক মানবাধিকার দিবস এবং ১২ই ডিসেম্বর কৃষক দলের কর্মসূচি। এছাড়া ১৩ই ডিসেম্বর আলোচনা সভা, ১৪ই ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবী দিবস পালন, ১৫ই ডিসেম্বর বিজয় দিবসের আলোচনা সভা, ১৬ই ডিসেম্বর রাষ্ট্রীয় কর্মসূচি, ১৭ই ডিসেম্বর বিজয় র্যালি এবং ১৮ই ডিসেম্বর মুক্তিযোদ্ধাদের সমাবেশ অনুষ্ঠিত হবে।
মাসের শেষভাগে ২০শে ডিসেম্বর স্বেচ্ছাসেবক দল, ২১শে ডিসেম্বর যুবদল, ২২শে ডিসেম্বর ছাত্রদল, ২৩শে ডিসেম্বর তাঁতী, মৎস্যজীবী, উলামা দল ও জাসাসের কর্মসূচি রয়েছে। ২৫শে ডিসেম্বর ‘প্রধানমন্ত্রী তারেক রহমান’-এর দেশে ফেরা দিবস, ২৬শে ডিসেম্বর ঢাকা মহানগর দক্ষিণ বিএনপি’র পদযাত্রা, ২৭শে ডিসেম্বর ঢাকা মহানগর উত্তরের পদযাত্রা, ২৮শে ডিসেম্বর নাগরিক শোকসভা এবং ৩০শে ডিসেম্বর বেগম খালেদা জিয়ার মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্মরণসভা পালন করবে দলটি।
আপনার মতামত লিখুন :