
দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী মিমি চক্রবর্তী সামাজিক যোগাযোগ মাধ্যমে নিজেই নিজের বিয়ের ছবি প্রকাশ করেছেন। ছবিগুলো প্রকাশ্যে আসার পরপরই ভক্ত ও শুভানুধ্যায়ীদের শুভেচ্ছায় ভাসছেন তিনি। প্রকাশিত ছবিতে কনেকে আংটি পরানো, বর-কনের আংটি ধরে থাকা, বিয়ের কাগজে সই করা এবং একে অপরকে আলিঙ্গনের মতো মুহূর্তগুলো উঠে এসেছে। তবে প্রতিটি ছবিতেই মিমি তার স্বামী সিদ্ধার্থের মুখ আড়াল করে রেখেছেন, যার ফলে তার পরিচয় ও চেহারা নিয়ে ভক্তদের মধ্যে কৌতূহল রয়েই গেছে।
আনন্দবাজারের তথ্য অনুযায়ী, দুই পরিবারের সদস্য, স্বজন ও ঘনিষ্ঠ বন্ধুদের উপস্থিতিতে বাগ্দান ও আইনি বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন করেছেন তারা। মিমির স্বামীর নাম সিদ্ধার্থ দত্ত, যিনি বিনোদন জগতের বাইরের মানুষ এবং পেশায় একজন মেরিন ইঞ্জিনিয়ার। সিদ্ধার্থের বড় ভাইয়ের স্ত্রী কলকাতার পরিচিত অভিনেত্রী ত্রমিলা ভট্টাচার্য। তিনি জানান, তাদের পরিবারের সবাই জাহাজের পেশার সঙ্গে যুক্ত। ত্রমিলা আরও বলেন, আমার স্বামী জাহাজের ক্যাপ্টেন আর সিদ্ধার্থ মেরিন ইঞ্জিনিয়ার। ও আমাদের থেকে অনেকটাই ছোট। ত্রমিলা আরও জানান, তিনি মিমিকে খুব কাছ থেকে চেনেন এবং সিদ্ধার্থের সঙ্গে মিমিকে বেশ মানিয়েছে।
বিয়ের অনুষ্ঠানের ছবিতে দেখা গেছে, মিমি সেজেছিলেন সোনালি জরির কাজ করা পোশাকে, যার সঙ্গে ছিল সবুজ পাথরের অলংকার। সিদ্ধার্থ পরেছিলেন সাদা পাঞ্জাবি ও পাজামা। বিয়ের আসরটি সাদা ও সোনালি রঙের সাজে ফুল দিয়ে সুসজ্জিত করা হয়েছিল। আগামী ৫ ডিসেম্বর কলকাতা শহর থেকে দূরে কালিম্পংয়ে পাহাড়ের কোলে মিমি ও সিদ্ধার্থের বিয়ের মূল অনুষ্ঠান মহা-আড়ম্বরে অনুষ্ঠিত হবে। সেখানে টানা তিন দিনব্যাপী বিয়ের বাদ্যি ও আলোর রোশনাইয়ের আয়োজন থাকবে, যেখানে সিনেমাজগৎ থেকে মিমির ঘনিষ্ঠরা উপস্থিত থাকবেন।
আপনার মতামত লিখুন :