Facebook Twitter Instagram YouTube

ম্যানইউতে ২০২৮ পর্যন্ত থাকছেন ব্রুনো ফার্নান্দেস, চুক্তির শর্ত সক্রিয়


প্রকাশের সময় : নভেম্বর ২৮, ২০২৬, ৮:৪১ পূর্বাহ্ণ / ০
ম্যানইউতে ২০২৮ পর্যন্ত থাকছেন ব্রুনো ফার্নান্দেস, চুক্তির শর্ত সক্রিয়

পর্তুগিজ মিডফিল্ডার ও ম্যানচেস্টার ইউনাইটেড অধিনায়ক ব্রুনো ফার্নান্দেসের চুক্তির বিশেষ শর্ত কার্যকর করেছে ক্লাবটি। শুক্রবার দলবদলবিষয়ক পরিচিত সাংবাদিক ফাব্রিজিও রোমানো এই খবর নিশ্চিত করেছেন। নতুন এই সিদ্ধান্তের ফলে ২০২৮ সালের মাঝামাঝি সময় পর্যন্ত ওল্ড ট্রাফোর্ডে থাকা নিশ্চিত হলো ৩২ বছর বয়সী এই ফুটবলারের। এর মাধ্যমে নিজেদের অধিনায়কের বিনা মূল্যে (ফ্রি ট্রান্সফার) ক্লাব ছেড়ে দেওয়ার পথ বন্ধ করল ইংলিশ ক্লাবটি। তবে এই পদক্ষেপের পরও ওল্ড ট্রাফোর্ডে ফার্নান্দেসের দীর্ঘমেয়াদি ভবিষ্যৎ এখনো অনিশ্চিত রয়ে গেছে।

ফার্নান্দেসের বর্তমান চুক্তির মেয়াদ ছিল ২০২৭ সালের গ্রীষ্মকাল পর্যন্ত, যার সঙ্গে আরও এক মৌসুম মেয়াদ বাড়ানোর সুযোগ যুক্ত ছিল। এই মেয়াদ বাড়ানোর শর্তটি কার্যকর করার জন্য ম্যানচেস্টার ইউনাইটেডের হাতে চলতি বছরের ডিসেম্বর পর্যন্ত সময় ছিল। তবে ক্লাব কর্তৃপক্ষ নির্ধারিত সময়ের আগেই তা সেরে ফেলেছে। রোমানোর তথ্যমতে, ইউনাইটেড মূলত আর্থিক দিক বিবেচনা করেই এই সিদ্ধান্ত নিয়েছে। সমঝোতায় পৌঁছাতে না পারলে আগামী গ্রীষ্মে পর্তুগিজ তারকা যেন কোনো ট্রান্সফার ফি ছাড়া বিনা মূল্যে ক্লাব ছাড়তে না পারেন, সেটি নিশ্চিত করাই ছিল ক্লাবের মূল লক্ষ্য।

মেয়াদ বাড়ানোর পাশাপাশি ম্যানচেস্টার ইউনাইটেড ফার্নান্দেসকে দীর্ঘমেয়াদি সম্পূর্ণ নতুন একটি চুক্তির প্রস্তাবও দিয়েছিল। তবে ইতালিয়ান সাংবাদিক রোমানো জানান, গত বছরের অক্টোবর থেকেই সেই আলোচনা স্থগিত হয়ে আছে। নিজের ইউটিউব চ্যানেলে রোমানো বলেন, ‘ম্যানচেস্টার ইউনাইটেড তাকে নতুন চুক্তির প্রস্তাব দিয়েছে। এটি আগের চুক্তির মেয়াদ বাড়ানোর বিষয় নয়, বরং ক্লাবে সম্পূর্ণ নতুন একটি চুক্তির প্রস্তাব। জবাবে ব্রুনো ফার্নান্দেস বলেছেন, অপেক্ষা করা যাক। এখনো কোনো সমঝোতা হয়নি।’

চুক্তির শর্ত বাড়িয়ে ২০২৮ পর্যন্ত নিয়ে গেলেও আগামী গ্রীষ্মকালীন দলবদলে ফার্নান্দেসের ম্যানচেস্টার ইউনাইটেড ছাড়ার সম্ভাবনা একেবারে উড়িয়ে দেওয়া যাচ্ছে না। রোমানো উল্লেখ করেছেন, ফার্নান্দেসের বর্তমান চুক্তিতে প্রায় সাড়ে ৬ কোটি ইউরোর একটি ‘রিলিজ ক্লজ’ (চুক্তি ভঙ্গের শর্ত) রয়েছে, যা আগামী গ্রীষ্মে কার্যকর হবে। পর্তুগিজ অধিনায়ককে ওল্ড ট্রাফোর্ডে আরও দীর্ঘ সময়ের জন্য রাজি করানো যাবে কি না, তা আগামী কয়েক মাসের মধ্যেই স্পষ্ট হয়ে যাবে। সে ক্ষেত্রে ক্লাব কর্তৃপক্ষ ফার্নান্দেসের সামনে ভবিষ্যতের কী ধরনের পরিকল্পনা তুলে ধরে, সেটি বড় ভূমিকা রাখবে বলে মনে করছেন রোমানো।

ইতালিয়ান এই সাংবাদিক জোর দিয়ে বলেন, আজকের এই পদক্ষেপের মাধ্যমে ম্যানচেস্টার ইউনাইটেড নিজেদের সুরক্ষিত করেছে। তবে মূল বিষয়টি হলো নতুন চুক্তি সম্পন্ন করা, কেবল বর্তমান চুক্তির মেয়াদ বাড়ানো নয়। ফার্নান্দেস যদি শেষ পর্যন্ত ওল্ড ট্রাফোর্ড ছাড়েন, তবে তা ক্লাবের দলবদল পরিকল্পনায় বড় প্রভাব ফেলবে। সে পরিস্থিতিতে ইউনাইটেড ইতালিয়ান ক্লাব কোমোর তারকা খেলোয়াড় নিকো পাজের পরিস্থিতির ওপর কড়া নজর রাখছে। আর্জেন্টাইন এই মিডফিল্ডার এবং ম্যানইউ কোচ মরিসিও পচেত্তিনো একই এজেন্সির অধীনে রয়েছেন। এ বিষয়ে রোমানো বলেন, ব্রুনো যদি চলে যান, তবে নিকো পাজ বা অন্য কোনো সৃজনশীল খেলোয়াড়ের জন্য দরজা খুলে যেতে পারে; কারণ ওই পজিশনে ম্যানচেস্টার ইউনাইটেডের একজন খেলোয়াড়ের প্রয়োজন হবে।

কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Daily Bangladesh