
আসন্ন ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচন অবাধ ও সুষ্ঠু করতে নিবন্ধিত রাজনৈতিক দলগুলোর সঙ্গে আজ রোববার (২৯ নভেম্বর) থেকে সংলাপে বসছে নির্বাচন কমিশন (ইসি)। তিন দিনে মোট ৫৫টি দলকে আমন্ত্রণ জানানো হলেও প্রথম দিনের সংলাপে অংশ নেওয়া এবং জোটগত উপস্থিতি নিয়ে জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১-দলীয় ঐক্যে মতভেদ তৈরি হয়েছে।
কমিশনের ঘোষিত সূচি অনুযায়ী, নিবন্ধনের ক্রম অনুসারে পরপর তিন দিনে ৫৫টি নিবন্ধিত রাজনৈতিক দল এই আলোচনায় অংশ নেবে। প্রথম দিন রোববার প্রথম ১৮টি, দ্বিতীয় দিন সোমবার ১৯টি এবং শেষ দিন মঙ্গলবার ১৮টি দলকে আমন্ত্রণ জানানো হয়েছে। তবে আমন্ত্রিতদের তালিকায় থাকা ক্ষমতাসীন বিএনপি প্রথম দিনের পরিবর্তে আগামীকাল সোমবার সংলাপে যাওয়ার ইচ্ছার কথা ইসিকে জানিয়েছে। অন্যদিকে প্রথম দিন আমন্ত্রিত জামায়াতে ইসলামী রোববার সংলাপে যাচ্ছে না; দলটি পরবর্তীতে শরিকদের নিয়ে জোটবদ্ধভাবে উপস্থিত হতে চায়।
জোটের মধ্যে এ নিয়ে দেখা দিয়েছে ভিন্ন সুর। ১১-দলীয় ঐক্যের অন্যতম শরিক এবি পার্টি এবং এনসিপি আলাদাভাবে নির্ধারিত সূচি অনুযায়ী ইসির বৈঠকে যোগ দেওয়ার পক্ষে। এবি পার্টির চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু জানিয়েছেন, যেহেতু স্থানীয় সরকার নির্বাচনে শরিক দলগুলো স্বতন্ত্রভাবে অংশ নেবে, তাই ইসির সময়সূচি মেনে তারা আলাদাভাবেই সংলাপে বসবে। ১১ দলকে একসাথে না ডাকলে সংলাপ বয়কট করার সিদ্ধান্তের সঙ্গে তারা একমত নয়। অপরদিকে এনসিপির রাজনৈতিক পর্ষদের সদস্য আরিফুল ইসলাম আদীব জানান, বেশিরভাগ দল জোটগত বৈঠকের পক্ষে থাকলেও এনসিপির অবস্থান দলীয় শীর্ষ নেতৃত্বের আলোচনার পর চূড়ান্ত করা হবে।
জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আযাদ জানান, ১১-দলীয় ঐক্যের সমন্বিত বৈঠকের জন্য ইসির কাছে আলাদা সময় চাওয়া হয়েছে। সময় নির্ধারিত হলে তারা দলগতভাবে না গিয়ে একযোগে কমিশনের কাছে নিজেদের প্রস্তাব তুলে ধরবেন। গত বৃহস্পতিবার বিষয়টি ফোন করে জানানো হলে ইসি থেকে চিঠি দেওয়ার পরামর্শ দেওয়া হয়। তবে শনিবার সন্ধ্যা পর্যন্ত কমিশন কোনো লিখিত আবেদন পায়নি বলে জানিয়েছেন ইসি সচিব আখতার আহমেদ।
এ বিষয়ে শুক্রবার বিকেলে রাজধানীর মগবাজারে জামায়াতের কেন্দ্রীয় কার্যালয়ে লিয়াজোঁ কমিটির বৈঠক হয়। সেখানে জোটগত নাকি একক উপস্থিতি থাকবে—তা নিয়ে দীর্ঘ আলোচনা হয়, যেখানে এনসিপি ও এবি পার্টি ছাড়া বাকি দলগুলো জোটবদ্ধ যাওয়ার ওপর জোর দেয়।
ইসি সূত্রে জানা গেছে, দেশে বর্তমানে নিবন্ধিত ৫৯টি রাজনৈতিক দলের মধ্যে কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের নিবন্ধন স্থগিত রয়েছে। এ ছাড়া সাবেক সরকারি জোটের শরিক ওয়ার্কার্স পার্টি, জাসদ, তরীকত ফেডারেশন ও সাম্যবাদী দলকেও সংলাপে ডাকা হয়নি। স্থানীয় সরকার নির্বাচন নির্দলীয় হলেও একটি অবাধ ও গ্রহণযোগ্য পরিবেশ তৈরিতেই এই আলোচনার উদ্যোগ। ইসির লক্ষ্য ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের মতোই সুষ্ঠু নির্বাচন উপহার দেওয়া।
ঘোষিত সময়সূচি অনুযায়ী, পাঁচ ধাপে ইউপি নির্বাচন অনুষ্ঠিত হবে। এর মধ্যে প্রথম ধাপের ভোটগ্রহণ হবে আগামী ২১ জানুয়ারি। দ্বিতীয় ধাপে ৪ ফেব্রুয়ারি, তৃতীয় ধাপে ২৯ এপ্রিল, চতুর্থ ধাপে ১৩ মে এবং পঞ্চম ও শেষ ধাপে আগামী ২৭ মে ভোট অনুষ্ঠিত হবে।
আপনার মতামত লিখুন :