
পটুয়াখালীর কলাপাড়ায় কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত বাংলাদেশ ছাত্রলীগের নেতাকর্মীদের একটি মশাল মিছিলের পর চারজনকে আটক করে পুলিশে হস্তান্তর করা হয়েছে। শনিবার (২৮ নভেম্বর) রাত সাড়ে ৯টার দিকে মহিপুর থানা এলাকায় এই ঘটনা ঘটে। স্থানীদের সহায়তায় বিএনপি নেতাকর্মীরা মিছিলকারীদের ধাওয়া করে চারজনকে আটক করে থানা-পুলিশের সোপর্দ করেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, মহাসড়কে মহিপুর থানা ছাত্রলীগের সভাপতি তামিমের নেতৃত্বে নিষিদ্ধ সংগঠনটির সদস্যরা ওই মশাল মিছিল বের করেছিলেন। মিছিলটি শুরু হওয়ার পরপরই নাশকতার আশঙ্কায় স্থানীয় শত শত বিএনপি নেতাকর্মী রাজপথে নেমে আসেন এবং মিছিলকারীদের ধাওয়া করেন।
অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এবং আওয়ামী লীগের যেকোনো তৎপরতা প্রতিরোধে বিএনপি নেতাকর্মীরা তাৎক্ষণিকভাবে মহিপুর সদরের বিভিন্ন পয়েন্ট এবং সেতু সংলগ্ন এলাকায় শক্ত অবস্থান নেন। অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়াতে তারা পুরো এলাকায় সতর্ক টহলে থাকেন।
ঘটনার সত্যতা নিশ্চিত করে মহিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামিম হাওলাদার জানান, নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল বের করার পর চারজনকে আটক করা সম্ভব হয়েছে। এ ছাড়া মিছিলে অংশ নেওয়া অন্যান্যদের চিহ্নিত করে গ্রেপ্তার করতে পুলিশ অভিযান শুরু করেছে এবং আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে পুলিশ সর্বোচ্চ তৎপর রয়েছে।
আপনার মতামত লিখুন :