
কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত রাজনৈতিক দল আওয়ামী লীগের নাশকতার আশঙ্কায় নিরাপত্তার স্বার্থে ঢাকার সঙ্গে খুলনা, বরিশাল ও বরগুনার দূরপাল্লার বাস চলাচল বন্ধ রাখা হয়েছে। শনিবার সন্ধ্যা ও রাত থেকে এসব জেলা থেকে রাজধানীমুখী বাস চলাচল স্থগিতের সিদ্ধান্ত নেন পরিবহন মালিক ও শ্রমিকেরা। ফলে ঢাকা ও অন্যান্য দূরবর্তী গন্তব্যে যাতায়াতকারী হাজারো যাত্রী চরম ভোগান্তি ও বিপাকে পড়েছেন।
খুলনায় শনিবার সন্ধ্যা থেকেই পদ্মা সেতু হয়ে গোপালগঞ্জ দিয়ে ঢাকাগামী প্রধান রুটে বাস চলাচল বন্ধ করে দেন অধিকাংশ পরিবহন মালিক। বিকল্প পথ হিসেবে কিছু বাস আরিচা ঘাট হয়ে রাজধানীতে যাতায়াত করছে। রোববার সকালে খুলনা কেন্দ্রীয় বাস টার্মিনাল সোনাডাঙ্গা থেকে ঢাকার উদ্দেশ্যে কোনো গাড়ি ছেড়ে যায়নি। টার্মিনালে কোনো বাস ছাড়তে চাইলেও নাশকতার ভয়ে যাত্রীরা উঠতে রাজি হচ্ছেন না। পরিস্থিতি মোকাবিলায় যশোর-মাগুরা সড়ককে বিকল্প রুট হিসেবে ব্যবহার করা হচ্ছে। খুলনা মোটরশ্রমিক ইউনিয়নের সভাপতি জাহিদ খান জানান, গোপালগঞ্জ হয়ে ঢাকার উদ্দেশ্যে যাওয়া সব গাড়ি শনিবার সন্ধ্যা থেকেই বন্ধ রাখা হয়েছে। রোববার সকাল থেকে যানবাহনগুলো বিকল্প পথ হিসেবে যশোর-মাগুরা রোড দিয়ে চলাচল করছে।
একইভাবে নাশকতার শঙ্কায় বরিশাল থেকে দূরপাল্লার সব বাস পরিষেবা বন্ধ রাখা হয়েছে। শনিবার রাত থেকেই বরিশালের রূপাতলী ও নথুল্লাবাদ টার্মিনালে সারিবদ্ধভাবে দূরপাল্লার বাস দাঁড়িয়ে থাকতে দেখা যায়। বরিশাল বাস মালিক সমিতির সাধারণ সম্পাদক মনোয়ার হোসেন জানান, নাশকতার আশঙ্কায় মালিকেরা দূরপাল্লার বাস চালাতে অনাগ্রহী। তবে অভ্যন্তরীণ রুটে যান চলাচল স্বাভাবিক রয়েছে। ঢাকাগামী কিছু বাস রূপাতলী ও নথুল্লাবাদ থেকে ছাড়লেও সেগুলোকে গোপালগঞ্জের সীমানার আগে মাদারীপুরের টেক্যেরহাট পর্যন্ত গিয়ে যাত্রী নামিয়ে ফিরে আসতে হচ্ছে। দূরপাল্লার যান বন্ধ থাকায় যাত্রীদের দুর্ভোগ চরমে পৌঁছেছে।
এদিকে বরগুনা থেকেও রোববার সকাল থেকে ঢাকার সঙ্গে সরাসরি দূরপাল্লার বাস চলাচল সম্পূর্ণ বন্ধ রয়েছে। রোববার দুপুর ২টায় বরগুনা সদরের নতুন বাস টার্মিনালে গিয়ে দেখা যায়, ঢাকা বা দূরবর্তী গন্তব্যের কোনো যাত্রীবাহী বাস ছেড়ে যাচ্ছে না। বাস না পেয়ে অনেক যাত্রী বাধ্য হয়ে টার্মিনাল থেকে ফিরে যাচ্ছেন। সম্ভাব্য অপ্রীতিকর ঘটনা এড়াতে সকাল থেকেই টার্মিনাল এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। তবে বরগুনা থেকে বরিশাল এবং বরগুনা-নিশানবাড়িয়াসহ স্থানীয় রুটগুলোতে লোকাল বাস চলাচল স্বাভাবিক রয়েছে।
বরগুনা জেলা সড়ক পরিবহন ও শ্রমিক ইউনিয়নের সিনিয়র সহসভাপতি মো. রোকনুজ্জামান সালাম জানান, বরগুনা থেকে বরিশালসহ বিভাগীয় বিভিন্ন অভ্যন্তরীণ রুটে যান চলাচল স্বাভাবিক রাখা হয়েছে। ঢাকাগামী পরিবহন শনিবার রাতে ছেড়ে গিয়েছিল এবং কিছু বাস ফিরেও এসেছে। তবে নিরাপত্তার স্বার্থে রোববার রাজধানীর সঙ্গে যোগাযোগ আপাতত স্থগিত রাখা হয়েছে। গাড়ি ভাঙচুর কিংবা অগ্নিসংযোগের আশঙ্কায় মালিকেরা যৌথভাবে এই সিদ্ধান্ত নিয়েছেন।
আপনার মতামত লিখুন :