
পুলিশের বিশেষ শাখার (এসবি) সাবেক প্রধান মনিরুল ইসলামের স্ত্রী সায়লা ফারজানা এবং তাঁর দুই ভাইকে গ্রেপ্তার করেছে পুলিশ। ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গণমাধ্যম ও জনসংযোগ বিভাগের উপকমিশনার (ডিসি) মো. আকতার হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, রাজধানীর বিমানবন্দর থানায় দায়ের করা সন্ত্রাসবিরোধী ও বিস্ফোরক দ্রব্য আইনের একটি মামলায় এই তিনজনকে গ্রেপ্তার দেখানো হয়েছে।
রোববার সকালে রাজধানীর মিরপুর ডিওএইচএস এলাকা থেকে সায়লা ফারজানাকে এবং মিরপুরের রাকিন সিটি থেকে তাঁর দুই ভাই রেজাউল আলম শাহীন ও বুলবুল মিয়া মামুনকে গ্রেপ্তার করা হয়। ডিএমপির ডিবির প্রধান শফিকুল ইসলাম এই গ্রেপ্তারের তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন। সায়লা ফারজানা সরকারের একজন সাবেক অতিরিক্ত সচিব ছিলেন। তাঁকে ২০২৪ সালের সেপ্টেম্বরে বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) করা হয় এবং পরবর্তীকালে ২০২৫ সালের ফেব্রুয়ারিতে বাধ্যতামূলক অবসরে পাঠানো হয়। এছাড়া সাবেক এসবি প্রধান মনিরুল ইসলামকেও ২০২৪ সালের ১৩ আগস্ট অতিরিক্ত মহাপরিদর্শক পদমর্যাদার কর্মকর্তা থাকা অবস্থায় বাধ্যতামূলক অবসরে পাঠানো হয়েছিল।
এর আগে গত অক্টোবরে আদালত মনিরুল ইসলাম ও তাঁর পরিবারের সদস্যদের নামে থাকা ৮৩টি ব্যাংক হিসাব অবরুদ্ধ করার নির্দেশ দেন। দুর্নীতি দমন কমিশনের (দুদক) আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকা মহানগর জ্যেষ্ঠ বিশেষ জজ আদালত এই আদেশ দেন। দুদকের পক্ষ থেকে তখন জানানো হয়েছিল, এসব ব্যাংক হিসাবে ১৯ কোটি ৪৭ লাখ টাকা রয়েছে। ব্যাংক হিসাব জব্দের তালিকায় মনিরুলের স্ত্রী ফারজানা, শ্যালক রেজাউল এবং শ্যালকের স্ত্রী সানজিদা খানমও রয়েছেন। দুদকের প্রাথমিক অনুসন্ধানে জানা গেছে, বিভিন্ন দুর্নীতির মাধ্যমে মনিরুল ও তাঁর পরিবারের সদস্যরা ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে অবৈধ সম্পদ অর্জন করেছেন এবং বর্তমানে তা ভোগদখলে রেখেছেন। এ বিষয়ে অনুসন্ধান কার্যক্রম চলমান রয়েছে।
আপনার মতামত লিখুন :