Facebook Twitter Instagram YouTube

আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে শঙ্কার কিছু নেই: স্বরাষ্ট্রমন্ত্রী


প্রকাশের সময় : নভেম্বর ২৯, ২০২৬, ৩:১৬ অপরাহ্ণ / ০ Views
আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে শঙ্কার কিছু নেই: স্বরাষ্ট্রমন্ত্রী

দেশের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে শঙ্কার কোনো কারণ নেই বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি বলেছেন, যেকোনো পরিস্থিতি মোকাবিলায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সতর্ক রয়েছে এবং প্রয়োজন অনুযায়ী দায়িত্ব পালন করছে। রোববার (২৯ নভেম্বর) অর্থ মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে কক্সবাজারের পর্যটন খাতসহ জেলার সমন্বিত উন্নয়ন কর্মপরিকল্পনা পর্যালোচনা সংক্রান্ত তৃতীয় সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সহিংসতা নিয়ে সাধারণ মানুষের মধ্যে কোনো শঙ্কা রয়েছে কি না, এমন প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘কোনো শঙ্কা নেই।’ ঢাকা শহরে নিরাপত্তা জোরদার প্রসঙ্গে তিনি বলেন, এগুলো আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নিয়মিত কার্যক্রম। এ ধরনের যেকোনো পরিস্থিতিতে বাহিনীগুলো সতর্ক থাকে এবং প্রয়োজন অনুযায়ী মোতায়েন থাকে।

এদিকে শরীয়তপুরে পদ্মা সেতুর জাজিরা প্রান্তের নাওডোবা এলাকায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও বিএনপির সমর্থকদের মধ্যে সংঘর্ষের বিষয়ে জানতে চাইলে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ফজরের নামাজের পর সেখানে একটি ঘটনা ঘটেছে। তাঁদের মধ্যে আন্তঃকলহ বা দ্বন্দ্ব থেকে সংঘর্ষের ঘটনা ঘটেছে বলে তিনি শুনেছেন। তবে বিষয়টি বিস্তারিত তদন্ত করা হয়নি। তিনি এ ঘটনায় দুজনের প্রাণহানির খবর পাওয়ার কথাও জানান।

স্বরাষ্ট্রমন্ত্রী আরও বলেন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, বিজিবিসহ অন্যান্য বাহিনী অত্যন্ত ধৈর্য ও কৌশলের সঙ্গে পরিস্থিতি মোকাবিলা করছে। বর্তমানে ওই এলাকার পরিস্থিতি শান্ত রয়েছে।

কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Daily Adin