Facebook Twitter Instagram YouTube

গোদাগাড়ীতে মশাল মিছিলের পর ১৫ জন আটক


প্রকাশের সময় : নভেম্বর ২৯, ২০২৬, ২:২১ অপরাহ্ণ / ০ Views
গোদাগাড়ীতে মশাল মিছিলের পর ১৫ জন আটক

রাজশাহীর গোদাগাড়ীতে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ব্যানারে মশাল মিছিল বের করার পর ১৫ জনকে আটক করেছে পুলিশ। শনিবার রাত সাড়ে ৯টার দিকে উপজেলার রাজাবাড়ীহাট এলাকা থেকে তাদের আটক করা হয়।

প্রত্যক্ষদর্শীদের ভাষ্যমতে, রাত সাড়ে ৮টার দিকে উপজেলার বিভিন্ন এলাকা থেকে নেতাকর্মীরা জড়ো হয়ে গোগ্রাম ইউনিয়নের হুজরাপুর গ্রামে মশাল মিছিল বের করেন। মিছিলটিতে আওয়ামী লীগ, ছাত্রলীগ ও সহযোগী সংগঠনের শতাধিক নেতাকর্মী অংশ নিয়েছিলেন।

পুলিশ কর্মকর্তারা জানিয়েছেন, মিছিল শেষে নেতাকর্মীরা যখন অটোরিকশাযোগে ফিরছিলেন, তখন তাদের আটক করা হয়। মিছিলকারীরা গোপালপুর থেকে হুজরাপুর গিয়েছিলেন এবং ফেরার পথে একই পথ ব্যবহার করবেন—এমন গোয়েন্দা তথ্যের ভিত্তিতে পুলিশ রাজাবাড়ীহাট এলাকায় আগে থেকেই অবস্থান নেয়।

আটক ১৫ জনের মধ্যে আটজনই ১৮ বছরের কম বয়সী। প্রাপ্তবয়স্ক সাতজন হলেন ইদলপুর গ্রামের শাহাবুল ইসলাম (২৭), সুলতানগঞ্জ গ্রামের আব্দুল গাফফার (২০), রঘুনাথপুর গ্রামের মো. হামিদ (২১), ফরিদপুর গ্রামের সিফাত আলী (১৮), মাধবপুর গ্রামের সজিব আলী (১৮), আবীর হাসান (২০) ও আসাদুল ইসলাম রুবেল (২০)।

গোদাগাড়ী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুজন মিয়া আটকের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, রাষ্ট্রবিরোধী ও নাশকতামূলক কর্মকাণ্ডের চেষ্টার অভিযোগে তাদের আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে মামলা দায়ের করা হয়েছে। রোববার তাদের আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হবে।

কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Daily Amar Desh