
বন্যা পরিস্থিতি, এইচএসসি ও সমমানের পরীক্ষার প্রশ্নপত্রে ভুল এবং শিক্ষার্থীদের নিয়ে করা বিভিন্ন মন্তব্যকে কেন্দ্র করে চলমান আন্দোলনের মধ্যে শিক্ষার্থীদের পড়ার টেবিলে ফিরে যাওয়ার আহ্বান জানিয়েছেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। মঙ্গলবার (১৪ জুলাই) জাতীয় সংসদের প্রশ্নোত্তর পর্বে পটুয়াখালী-২ আসনের সংসদ সদস্য ড. শফিকুল ইসলাম মাসুদের এক সম্পূরক প্রশ্নের জবাবে তিনি এ আহ্বান জানান।
শিক্ষামন্ত্রী বলেন, শিক্ষার্থীদের চেয়েও সরকার বেশি উদ্বিগ্ন কীভাবে সুষ্ঠুভাবে পরীক্ষা সম্পন্ন করা যায় এবং প্রাকৃতিক দুর্যোগের প্রভাব মোকাবিলা করা সম্ভব। শিক্ষা মন্ত্রণালয় সার্বক্ষণিক পরিস্থিতি পর্যবেক্ষণ করছে বলে তিনি উল্লেখ করেন। বর্ষা মৌসুমে পরীক্ষা আয়োজন নিয়ে সরকার শুরু থেকেই সতর্ক ছিল জানিয়ে তিনি বলেন, কোনো পরীক্ষাকেন্দ্রে পানি ওঠার খবর পাওয়া মাত্রই স্থানীয় প্রশাসনের সহায়তায় বিকল্প কেন্দ্রে পরীক্ষা নেওয়ার ব্যবস্থা করা হয়েছে, যার উদাহরণ কুমিল্লাসহ কয়েকটি এলাকা।
ড. আ ন ম এহছানুল হক মিলন আরও জানান, প্রশাসনিক গাফিলতির কারণে কোনো শিক্ষার্থী পরীক্ষা দিতে না পারলে বা ক্ষতিগ্রস্ত হলে তথ্য যাচাই করে পুনঃপরীক্ষার ব্যবস্থা করা হবে। এ ধরনের পরিস্থিতির জন্য পর্যাপ্ত বিকল্প প্রশ্নপত্র প্রস্তুত রাখা হয়েছে এবং চট্টগ্রাম শিক্ষা বোর্ডে ইতোমধ্যে বিশেষ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। তিনি স্পষ্ট করেন যে, যেসব কেন্দ্রে সমস্যা বা ভুলত্রুটি হয়েছে, সেখানে আইন অনুযায়ী পুনঃপরীক্ষা নেওয়ার সুযোগ রয়েছে।
শিক্ষার্থীদের উদ্দেশে শিক্ষামন্ত্রী বলেন, তোমরাই দেশের ভবিষ্যৎ, তাই তোমাদের পড়ার টেবিলে ফিরে যেতে হবে। কোনো শিক্ষার্থী যেন ক্ষতিগ্রস্ত না হয়, সে জন্য সরকার প্রয়োজনীয় সব ব্যবস্থা গ্রহণ করবে বলে তিনি আশ্বস্ত করেন।
আপনার মতামত লিখুন :