
শিক্ষামন্ত্রীর পদত্যাগ এবং এইচএসসি পরীক্ষার রুটিন পরিবর্তনের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীরা বুধবার (১৫ জুলাই) সচিবালয়ের দিকে লংমার্চ নিয়ে অগ্রসর হলে শিক্ষা ভবনের সামনে তাদের বাধা দেয় পুলিশ। দুর্যোগপূর্ণ আবহাওয়ার মধ্যে পরীক্ষা নেওয়া এবং পরীক্ষার্থীদের ‘ফার্মের মুরগি’ বলে সম্বোধন করার প্রতিবাদে দ্বিতীয় দিনের মতো রাস্তায় নেমেছেন শিক্ষার্থীরা।
আন্দোলনরত পরীক্ষার্থীরা সায়েন্সল্যাব মোড়ে প্রায় আধা ঘণ্টা অবস্থান ও সড়ক অবরোধের পর বিকেল ৩টা ৫ মিনিটের দিকে মিছিল নিয়ে সচিবালয়ের উদ্দেশ্যে রওনা হন। শিক্ষার্থীরা সায়েন্সল্যাব এলাকা ছেড়ে চলে যাওয়ার পর ওই এলাকায় যান চলাচল ধীরে ধীরে স্বাভাবিক হতে শুরু করে।
শিক্ষার্থীদের সচিবালয় অভিমুখে যাত্রার খবর পেয়ে পুলিশ আগে থেকেই শিক্ষা ভবন মোড়ে অবস্থান নেয়। সচিবালয় অভিমুখী সড়কে ব্যারিকেড বসিয়ে যান চলাচল বন্ধ করে দেওয়া হয়। বুধবার বিকেল পৌনে ৪টার দিকে বসানো এই ব্যারিকেডে শিকল পেঁচিয়ে তালা লাগিয়ে দেওয়া হয়। এ সময় ব্যারিকেডের পেছনে বিপুলসংখ্যক আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য ও জলকামান প্রস্তুত রাখা ছিল।
আপনার মতামত লিখুন :