
ফুটবল বিশ্বকাপের ২৩তম আসর এখন চূড়ান্ত পর্যায়ের দিকে। টুর্নামেন্টের ১০০টি ম্যাচ শেষ হওয়ার পর এখন শিরোপা নির্ধারণের লড়াইয়ে অবশিষ্ট রয়েছে মাত্র ৪টি ম্যাচ। দুর্দান্ত পারফরম্যান্স দেখিয়ে সেমিফাইনালে জায়গা করে নিয়েছে সাবেক চার চ্যাম্পিয়ন দল—আর্জেন্টিনা, ফ্রান্স, ইংল্যান্ড ও স্পেন। বিশ্বকাপের শুরু থেকেই টিকিটের দাম আকাশচুম্বী, আর সেমিফাইনাল নিয়ে দর্শকদের আগ্রহের কারণে এই চাহিদা এখন চরমে।
আজ মঙ্গলবার বাংলাদেশ সময় রাত ১টায় ডালাসে অনুষ্ঠিত হতে যাওয়া প্রথম সেমিফাইনালে মুখোমুখি হবে ফ্রান্স ও স্পেন। টিকিট ট্র্যাকিং সেবা ‘টিকিটডেটা ডটকম’-এর তথ্য অনুযায়ী, সোমবার রাত ১০টা নাগাদ এই ম্যাচের টিকিটের দাম ছিল ১ হাজার ৩২৫ ডলার।
অন্যদিকে, বুধবার আটলান্টায় ইংল্যান্ডের বিপক্ষে মাঠে নামবে আর্জেন্টিনা। এই হাইভোল্টেজ ম্যাচের টিকিটের প্রাথমিক দাম ছিল ২ হাজার ৮৪১ ডলার। তবে ডাইনামিক প্রাইসিংয়ের প্রভাবে গত তিন দিনে এর দাম ৩৪ শতাংশ পর্যন্ত বৃদ্ধি পেয়েছে। গত শনিবার এই ম্যাচের টিকিটের দাম সর্বোচ্চ ২ হাজার ৯৬৬ ডলারে পৌঁছালেও, পরদিন সকালে তা কিছুটা কমে ২ হাজার ৫৩৭ ডলারে নেমে আসে।
টুর্নামেন্টের তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচের তুলনায় দ্বিতীয় সেমিফাইনালের টিকিটের দাম প্রায় দ্বিগুণ। আগামী শনিবার মায়ামিতে অনুষ্ঠিতব্য তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচের টিকিটের বর্তমান দাম ১ হাজার ৫৪৩ ডলার।
আগামী রোববার নিউইয়র্কে অনুষ্ঠিত হতে যাওয়া ফাইনাল ম্যাচের টিকিটের দাম এখন ৬ হাজার ৭৬০ ডলার। গত ৭২ ঘণ্টায় ফাইনালের টিকিটের দাম প্রায় ৬ শতাংশ কমেছে। উল্লেখ্য যে, গত বছরের অক্টোবরে ফাইনাল ম্যাচের আগাম টিকিটের সর্বোচ্চ দাম ছিল ১৩ হাজার ৬৫০ ডলার পর্যন্ত।
আপনার মতামত লিখুন :