Facebook Twitter Instagram YouTube

সীতাকুণ্ডে পানিবন্দি মানুষের পাশে ত্রাণ নিয়ে ছুটছে উপজেলা প্রশাসন


প্রকাশের সময় : জুলাই ১৪, ২০২৬, ১১:৩০ অপরাহ্ণ /
সীতাকুণ্ডে পানিবন্দি মানুষের পাশে ত্রাণ নিয়ে ছুটছে উপজেলা প্রশাসন

টানা ভারী বর্ষণ এবং উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলের প্রভাবে চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার বিস্তীর্ণ এলাকা প্লাবিত হয়েছে। উপকূলীয় জেলেপল্লি থেকে শুরু করে পাহাড়ের পাদদেশের দুর্গম জনপদ—সবখানেই এখন পানিবন্দি মানুষের চরম দুর্ভোগ। অনেক বসতঘর কোমরসমান পানিতে তলিয়ে গেছে। সুপেয় পানির উৎসগুলো ক্ষতিগ্রস্ত হওয়ায় এবং রান্না করার সুযোগ না থাকায় হাজারো পরিবার শিশু, বৃদ্ধ ও অসুস্থদের নিয়ে অনিশ্চিত দিন কাটাচ্ছে।

এই দুর্যোগপূর্ণ পরিস্থিতিতে ক্ষতিগ্রস্ত মানুষের সহায়তায় শুরু থেকেই মাঠে সক্রিয় রয়েছে সীতাকুণ্ড উপজেলা প্রশাসন। উপজেলা নির্বাহী কর্মকর্তা ফখরুল ইসলামের নেতৃত্বে প্রশাসনের একাধিক টিম উপকূলীয় জেলেপল্লি, পাহাড়ঘেরা ত্রিপুরা পল্লি এবং দুর্গম জঙ্গল সলিমপুর এলাকাসহ দুর্গত প্রতিটি স্থানে ত্রাণ ও জরুরি সহায়তা নিয়ে ছুটে বেড়াচ্ছে।

প্রশাসনের পক্ষ থেকে জঙ্গল সলিমপুর আশ্রয়কেন্দ্র, ছিন্নমূল ও আলীনগর এলাকা, সলিমপুর, ভাটিয়ারী, সোনাইছড়ি, কুমিরা, বাঁশবাড়িয়া, বাড়বকুণ্ড, মুরাদপুর, সৈয়দপুর, বারৈয়াঢালা ইউনিয়ন এবং সীতাকুণ্ড পৌরসভার বিভিন্ন ওয়ার্ডে খাদ্যসামগ্রী বিতরণ করা হচ্ছে। এছাড়া বিশুদ্ধ পানি, শুকনো খাবার, শিশুখাদ্য, স্যালাইন এবং প্রয়োজনীয় ওষুধ দুর্গতদের মাঝে পৌঁছে দেওয়া হচ্ছে।

কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Daily Amar Desh