
শিক্ষার্থীদের নিয়ে করা একটি মন্তব্যের জন্য জাতীয় সংসদে দুঃখ প্রকাশ করেছেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। মঙ্গলবার জাতীয় সংসদের অধিবেশনে অনির্ধারিত আলোচনায় অংশ নিয়ে তিনি এ কথা বলেন। ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামালের সভাপতিত্বে এদিন প্রশ্নোত্তর পর্ব অনুষ্ঠিত হয়।
নিজের বক্তব্যের বিষয়ে শিক্ষামন্ত্রী বলেন, আমার ব্যক্তিগত মন্তব্য নিয়ে অনেকে আপত্তি তুলেছেন। এ বিষয়ে আমি বলতে চাই, আমি কাউকে উদ্দেশ্যপ্রণোদিতভাবে কিছু বলতে চাইনি। যদি আমার মন্তব্যে কেউ আহত হয়ে থাকেন, তবে আমি বিনয়ের সঙ্গে দুঃখ প্রকাশ করছি।
শিক্ষামন্ত্রী আরও জানান, পরীক্ষা পেছানোর দাবিতে শিক্ষার্থীরা সংসদ ভবনের দিকে আসছেন। তিনি বলেন, গতকাল পদার্থবিজ্ঞান দ্বিতীয় পত্রের পাশাপাশি হিসাববিজ্ঞান ও যুক্তিবিদ্যা পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। বৃষ্টির মধ্যে অনেক শিক্ষার্থী ভিজে পরীক্ষা কেন্দ্রে গিয়েছেন এবং অনেকে সঠিকভাবে পরীক্ষা দিতে পারেননি। যদিও আমরা সার্বক্ষণিক পরিস্থিতি মনিটরিং করেছি। এরই মধ্যে চট্টগ্রামের পরীক্ষা স্থগিত করা হয়েছে এবং আমাদের পুনরায় পরীক্ষা নেওয়ার বিষয়টি নিশ্চিত করতে হবে।
আপনার মতামত লিখুন :