
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক ও সংসদ সদস্য হাসনাত আব্দুল্লাহ বলেছেন, শুধু সরকার বা ‘চালক’ পরিবর্তন করলেই হবে না, রাষ্ট্রের কাঠামোগত সংস্কারও জরুরি। মঙ্গলবার (১৪ জুলাই) বিকেলে মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলার নিমতলা শিকদার মার্কেটের সামনে আয়োজিত জুলাই পদযাত্রার কর্মসূচিতে তিনি এ কথা বলেন। বাসের ব্রেক ও চাকা পরিবর্তনের সঙ্গে রাষ্ট্রকাঠামো সংস্কারের তুলনা করে তিনি জানান, জনগণের একটি বড় অংশ এমন সংস্কারের পক্ষেই মত দিয়েছেন।
হাসনাত আব্দুল্লাহ অভিযোগ করেন, নির্বাচনের পর সরকার সংস্কারের প্রতিশ্রুতি থেকে সরে এসেছে। অতীতে ভোট চুরির অভিযোগ তুলে তিনি দাবি করেন, এবারও জনগণের মতামতকে উপেক্ষা করা হয়েছে। তিনি পুলিশকে নির্দলীয় ও পেশাদার বাহিনী হিসেবে গড়ে তোলার লক্ষ্যে পুলিশ সংস্কার কমিশন গঠনের দাবি পুনর্ব্যক্ত করেন। একই সঙ্গে স্বাধীন গণমাধ্যম কমিশন ও সংবিধান সংস্কারের বিষয়েও তিনি সরকারের সমালোচনা করেন।
আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি নিয়ে উদ্বেগ প্রকাশ করে তিনি বলেন, অন্তর্বর্তী সরকারের সময়ের তুলনায় বর্তমান পরিস্থিতি আরও নাজুক হয়েছে। থানায় হামলা এবং আসামি ছিনিয়ে নেওয়ার মতো ঘটনাগুলো সরকারের ব্যর্থতার উদাহরণ হিসেবে উল্লেখ করেন তিনি। কর্মসংস্থান প্রসঙ্গে তিনি বলেন, নির্বাচনী প্রতিশ্রুতি অনুযায়ী কর্মসংস্থান সৃষ্টি হয়নি, বরং দেশে মাদক ও জুয়ার বিস্তার ঘটছে। আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি না হলে জনগণ আবারও আন্দোলনে নামবে বলে তিনি সতর্ক করেন।
আওয়ামী লীগের সমালোচনা করে হাসনাত আব্দুল্লাহ বলেন, দলটির শীর্ষ নেতৃত্ব দেশের মানুষের স্বার্থ রক্ষায় আন্তরিক নয়। সিরাজদিখানে জমি দখলের অভিযোগ তুলে তিনি দাবি করেন, ৫ আগস্টের পর আওয়ামী লীগ-সংশ্লিষ্টদের দখল করা অনেক জমি হাতবদল হলেও স্থানীয় জনপ্রতিনিধিরা কার্যকর ব্যবস্থা নেননি। সবশেষে তিনি বিএনপির দীর্ঘদিনের ত্যাগী নেতাকর্মীদের এনসিপিতে যোগ দেওয়ার আহ্বান জানিয়ে বলেন, দেশের গণতন্ত্র ও জনগণের স্বার্থ রক্ষায় এনসিপি আন্দোলন চালিয়ে যাবে।
সমাবেশে আরও বক্তব্য রাখেন জাতীয় নাগরিক পার্টির যুগ্ম আহ্বায়ক আলী হাসান জুনায়েদ, ঢাকা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক সাইফুল্লাহ হায়দার, আবু বকর মজুমদার, মুন্সীগঞ্জ জেলা আহ্বায়ক মাজেদুল ইসলাম এবং জেলা সদস্য সচিব আব্দুল আলীম। এছাড়াও দলটির জেলা ও উপজেলা পর্যায়ের নেতাকর্মীরা সমাবেশে উপস্থিত ছিলেন।
আপনার মতামত লিখুন :