
ফ্রান্সকে পরাজিত করে বিশ্বকাপের ফাইনালে জায়গা করে নেওয়ার পর স্পেন জুড়ে এখন আনন্দের জোয়ার। দলের এমন ঐতিহাসিক অর্জনের দিনেও কোচ লুইস দে লা ফুয়েন্তে নিজের স্বভাবসুলভ শান্ত ভঙ্গি বজায় রেখেছেন। তবে তার কণ্ঠে স্পষ্ট ছিল আবেগের ছাপ।
ফাইনালের প্রতিপক্ষ নিয়ে জানতে চাওয়া হলে দে লা ফুয়েন্তে জানান, খেলার দিক থেকে তার কোনো বিশেষ পছন্দ নেই। তিনি বলেন, ‘আমরা কোনো পছন্দ-অপছন্দের অবস্থানে নেই। আমাদের কাছে দুটোই সমান। প্রত্যেকের নিজস্ব বৈশিষ্ট্য আছে।’ তবে ব্যক্তিগত আবেগের জায়গা থেকে তিনি লিওনেল স্কালোনির সঙ্গে বন্ধুত্বের কারণে আর্জেন্টিনার মুখোমুখি হওয়ার আগ্রহের কথা গোপন করেননি।
একই সঙ্গে ইংল্যান্ড দলের প্রতিও নিজের পূর্ণ শ্রদ্ধা জানিয়েছেন এই স্প্যানিশ কোচ। তিনি বলেন, ‘ইংল্যান্ডের যে ফুটবল সামর্থ্য আছে তাকে আমি অনেক শ্রদ্ধা করি। বিশ্বকাপে আসার আগেই আমি তাদের অন্যতম প্রকৃত শিরোপাপ্রত্যাশী দল হিসেবে উল্লেখ করেছিলাম। দুই বড় দলের মধ্যে এটি হবে একটি হাড্ডাহাড্ডি লড়াই। তবে আমরা দুই দলকেই খোলা মন নিয়ে স্বাগত জানাব।’
সেমিফাইনালিস্টদের মান নিয়ে কথা বলতে গিয়ে তিনি উল্লেখ করেন, ফিফা র্যাঙ্কিংয়ের সেরা চার দলের একে অপরের মুখোমুখি হওয়াটা ফুটবলের ইতিহাসের এক অনন্য ঘটনা, যা এই বিশ্বকাপের সম্ভাবনাকেই তুলে ধরে।
ফাইনাল নিয়ে ভাবনার আগে নিজের দলের পারফরম্যান্সের ভূয়সী প্রশংসা করেন দে লা ফুয়েন্তে। তিনি বলেন, ‘আজ আমরা হয়তো বিশ্বের অন্যতম সেরা একটি দলের মুখোমুখি হয়েছিলাম, কিন্তু তাদের সামনে ছিল বিশ্বের সেরা দল।’ স্প্যানিশ ফুটবলারদের আক্রমণ ও রক্ষণভাগের দক্ষতার প্রশংসা করে তিনি বলেন, এটি কোচ, দল এবং ক্লাবগুলোর সম্মিলিত বড় অর্জন।
আপনার মতামত লিখুন :