Facebook Twitter Instagram YouTube

সখীপুরে ট্যালেন্টপুলে বৃত্তি পেল যমজ তিন ভাইবোন


প্রকাশের সময় : জুলাই ১৫, ২০২৬, ১১:৩১ পূর্বাহ্ণ /
সখীপুরে ট্যালেন্টপুলে বৃত্তি পেল যমজ তিন ভাইবোন

টাঙ্গাইলের সখীপুর উপজেলায় ২০২৫ সালের প্রাথমিক বৃত্তি পরীক্ষায় বিরল সাফল্য দেখিয়েছে যমজ তিন ভাইবোন। একই সঙ্গে ট্যালেন্টপুলে বৃত্তি পাওয়ার এই ঘটনা স্থানীয় এলাকায় ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীরা হলো ফাতেমা আক্তার, আনাস আল মামুন এবং আরাফাত আল মামুন। ১২ বছর বয়সী এই তিন মেধাবী বহেড়াতৈল সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে পরীক্ষায় অংশ নিয়েছিল। বর্তমানে তারা সখীপুর পিএম পাইলট মডেল সরকারি স্কুল অ্যান্ড কলেজের ষষ্ঠ শ্রেণিতে অধ্যয়নরত।

এই তিন ভাইবোন ঘাটেশ্বরী গ্রামের প্রবাসী মো. শামীম ও সহকারী শিক্ষক আর্জিনা আক্তারের সন্তান। তাদের মা আর্জিনা আক্তার জানান, ছোটবেলা থেকেই তারা পড়াশোনায় অত্যন্ত মনোযোগী। এই সাফল্যের পেছনে শিক্ষকদের আন্তরিক সহযোগিতা এবং পরিবারের উৎসাহ বড় ভূমিকা রেখেছে। বিদেশে কর্মরত বাবা নিয়মিত সন্তানদের পড়াশোনার খোঁজখবর নিতেন এবং তাদের অনুপ্রাণিত করতেন। তিনি আশা প্রকাশ করেন, তাঁর সন্তানেরা সুশিক্ষায় শিক্ষিত হয়ে ভবিষ্যতে দেশ ও সমাজের জন্য কাজ করবে।

বহেড়াতৈল সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে এ বছর মোট চারজন শিক্ষার্থী ট্যালেন্টপুলে এবং চারজন সাধারণ গ্রেডে বৃত্তি পেয়েছে। যমজ তিন ভাইবোনের এই অর্জনে বিদ্যালয়ের প্রধান শিক্ষক ইউসুফ আলী আনন্দ প্রকাশ করেছেন। তিনি জানান, তিন ভাইবোনই অত্যন্ত মেধাবী ও পরিশ্রমী। বিদ্যালয়ের জন্য তাদের এই সাফল্য বিশেষ গর্বের বিষয় বলে তিনি মন্তব্য করেন। তাদের এই অর্জনে সহপাঠী ও স্থানীয় এলাকাবাসীর মধ্যেও ব্যাপক আনন্দ ও উচ্ছ্বাস দেখা গেছে।

কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Prothom Alo