Facebook Twitter Instagram YouTube

বিশ্বকাপের সেমিফাইনালে আজ মুখোমুখি স্পেন ও ফ্রান্স


প্রকাশের সময় : জুলাই ১৫, ২০২৬, ১০:৪৫ পূর্বাহ্ণ /
বিশ্বকাপের সেমিফাইনালে আজ মুখোমুখি স্পেন ও ফ্রান্স

ফাইনালের আগের এই মহারণে আজ মঙ্গলবার (১৪ জুলাই) বাংলাদেশ সময় রাত একটায় মুখোমুখি হচ্ছে ইউরোপের দুই শক্তিশালী দল স্পেন ও ফ্রান্স। যুক্তরাষ্ট্রের টেক্সাস অঙ্গরাজ্যের ডালাসে অবস্থিত এটিঅ্যান্ডটি স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে এই হাইভোল্টেজ ম্যাচটি।

গত কয়েক বছরে এটি দুই দলের তৃতীয় গুরুত্বপূর্ণ সেমিফাইনাল লড়াই। এর আগে ২০২৪ ইউরো চ্যাম্পিয়নশিপ এবং ২০২৫ নেশন্স লিগের সেমিফাইনালে ফ্রান্সকে হারিয়েছিল স্পেন। তাই আগের দুই পরাজয়ের প্রতিশোধ নিতে মরিয়া হয়ে মাঠে নামছে দিদিয়ের দেশমের শিষ্যরা। অন্যদিকে, টুর্নামেন্টে এখন পর্যন্ত ছয়টি ম্যাচেই দাপুটে ফুটবল খেলেছে ফ্রান্স। প্যারাগুয়ে ও মরক্কোর বিপক্ষে নকআউট পর্বে দারুণ জয় তুলে নিয়ে আত্মবিশ্বাসের তুঙ্গে রয়েছে কিলিয়ান এমবাপেরা।

স্পেন এবার পাঁচটি ম্যাচ জিতলেও নিজেদের সেরা ছন্দে ফেরার অপেক্ষায় রয়েছে। পুরো টুর্নামেন্টে মাত্র একটি গোল হজম করলেও তাদের আক্রমণভাগ প্রত্যাশা অনুযায়ী ধারালো ছিল না। ফলে আজ বড় পরীক্ষার মুখোমুখি হতে যাচ্ছে লা রোজারা। ফ্রান্সের প্রধান শক্তি তাদের বিধ্বংসী আক্রমণভাগ, যেখানে কিলিয়ান এমবাপে, মাইকেল অলিজে ও উসমান দেম্বেলে দুর্দান্ত পারফরম্যান্স দেখাচ্ছেন। বিপরীতে স্পেনের তরুণ তারকা লামিন ইয়ামাল, দানি ওলমো ও মিকেল ওইয়ারসাবালদের ওপর গোল করার মূল দায়িত্ব থাকবে। কোচ লুইস দে লা ফুয়েন্তে আশা করছেন, ইয়ামাল এই গুরুত্বপূর্ণ ম্যাচে নিজের সেরাটা দেবেন।

স্পেন: উনাই সিমন, পেদ্রো পোরো, পাও কুবার্সি, এমেরিক লাপোর্তে, মার্ক কুকুরেয়া, রদ্রি, ফাবিয়ান রুইজ, লামিন ইয়ামাল, দানি ওলমো, অ্যালেক্স বায়েনা ও মিকেল ওইয়ারসাবাল।

ফ্রান্স: মাইক মেইনিয়ান, জুল কুন্দে, দায়ো উপামেকানো, উইলিয়াম সালিবা, লুকা দিন, কোনোয়ে, আদ্রিয়েন রাবিও, উসমান দেম্বেলে, মাইকেল অলিজে, দেজিরে দুয়ে এবং কিলিয়ান এমবাপে।

ফুটবল বিশ্লেষকদের মতে, এটি টুর্নামেন্টে এখন পর্যন্ত দল দুটির সবচেয়ে কঠিন পরীক্ষা। সাম্প্রতিক দুই দেখায় স্পেন এগিয়ে থাকলেও, এবারের লড়াইয়ে অনেকেই ফ্রান্সকে কিছুটা এগিয়ে রাখছেন। শেষ পর্যন্ত কোন দল ফাইনালে জায়গা করে নেয়, সেটাই এখন দেখার বিষয়।

কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Dainik Ei Din